সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে না তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম
>ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা

আমি স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছি। প্রায় এক বছর তিন মাস আগে এইচএসসি পড়ুয়া একজনের সঙ্গে আমার সম্পর্ক হয়। বলে রাখা ভালো, তার প্রাক্তন ছিল, আমার ছিল না। আমরা বিয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।

সমস্যা হচ্ছে, আমাদের ভেতর এখন প্রচুর অভিযোগ ঢুকে গেছে। প্রথম দিকে এ রকম ছিল না। মনে হয়, এখন সে আমাকে সহ্য করতে পারছে না, আমার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছে। তাই মাঝেমধ্যেই ঝগড়া লেগে যাচ্ছে। পুরোটা নিজের দোষ বলে মেনে নিলেও সমস্যাটা বেড়েই চলেছে। এরই মধ্যে সে একদিন মন্তব্য করেছে, ‘আমি যদি চলে যাই, তাহলে কি খুব খারাপ হবে?’

আমার ক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি প্রায় অসম্ভব। তার পরিবার ব্যাপক রক্ষণশীল। সে বাসা থেকেও বেরোতে পারে না। আগের চেয়ে এখন আমার প্রতি তার রাগের মাত্রা আরও বেশি হচ্ছে। সব দোষ আমাকে ঘিরেই নাকি সৃষ্টি হচ্ছে, মন্তব্য তার। এমন বিষয়গুলো প্রতিনিয়ত আমাকে ভয় জাগাচ্ছে। বেশি ভয় হচ্ছে, আমাকে ছেড়ে সে চলে যাচ্ছে না তো?

নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ

চিঠিটি পড়ে স্পষ্টভাবে বোঝা গেল না, সম্পর্কের এই টানাপোড়েন কীভাবে তৈরি হয়েছে। তোমার ব্যাপারে ওর ঠিক কী কী অভিযোগ রয়েছে, তা একেবারেই উল্লেখ করোনি।

তুমি লিখেছ, প্রথম দিকে এ রকম ছিল না এবং তোমরা বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলে। সম্পর্ক শুরুর প্রথম দিকেই বিয়ের মতো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক? এখন তো বোঝা যাচ্ছে, তোমরা কেউ কাউকে বুঝতে পারছ না। যেকোনো সম্পর্কের ক্ষেত্রে খোলাখুলি আলোচনা হওয়াটা খুবই জরুরি। মেয়েটি কী কারণে তোমাকে সহ্য করতে পারছে না, তা সে তোমাকে বলেছে কি না জানি না। যদি সে সেটি উল্লেখ করে থাকে, তাহলে তুমি কি তার সত্যতা খুঁজে পাচ্ছ? যদি সে তোমার কোনো বিশেষ কিছু আচরণের ওপর আলোকপাত করে থাকে, তাহলে সেই আচরণগুলো তুমি কী কারণে করেছ বা মেয়েটি কি তোমাকে ভুল বুঝছে কি না, তা তো খুব ভালো করে ভেবে দেখা দরকার।

মনে হচ্ছে, সে তোমার কাছে যে ধরনের আচরণ প্রত্যাশা করে, তুমি হয়তো তার বিপরীত কিছু করছ। অনেক সময় দেখা যায়, আমরা এমন কিছু করে ফেলি বা মন্তব্য করে ফেলি, যেগুলো আসলে করতে চাই না, অথচ অবচেতন মনের চাপে পড়ে সেই আচরণগুলো করে থাকি। এরপর হয়তো অনেক বেশি আফসোস করি এবং অপরাধবোধে ভুগি, যা কিনা আমাদের পারস্পরিক সম্পর্কে আরও বেশি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তুমি লিখেছ, এই মনোমালিন্যের ব্যাপারে পুরোটা নিজের দোষ বলে মেনে নিচ্ছ। সেটি কি তুমি সে অভিযোগ করার পরপরই করছ, নাকি শেষে আর কোনো উপায়ান্তর না দেখে বিরক্তির সঙ্গে এবং অসহায়ভাবে রণে ভঙ্গ দিচ্ছ, তাও ভেবে দেখবে। অনেক সময় দুজন দুজনের ওপর সারাক্ষণ শর্ত আরোপ করলেও খুব তিক্ততা তৈরি হয়। এ ছাড়া তোমার এই দোষ স্বীকার করার মধ্যে সত্যিই আন্তরিকতা থাকে কি না, সেটিও হয়তো মেয়েটি যাচাই করার চেষ্টা করছে। সেও হয়তো অসহায় বোধ করছে, প্রায় প্রতিনিয়ত এই ঝগড়া-বিবাদ তৈরি হওয়ায়। যেহেতু সে খুবই রক্ষণশীল পরিবারের মেয়ে, তাকে হয়তো অনেকভাবে বাড়ির সদস্যদের অন্য কিছু বলে তোমার সঙ্গে দেখা করতে হচ্ছে। এরপর যখন তোমাদের দুজনের একসঙ্গে সময় কাটানোটা কারও জন্য সুখকর হচ্ছে না, সে তখন সম্পর্কটিকে চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে নিজেকে উৎসাহিত বোধ করতে পারছে না। একটি সম্পর্কের মধ্যে যখন আনন্দের ও স্বস্তির অনুভূতি থাকে না, তখন সেটিকে অনেকটা বোঝার মতোই মনে হতে থাকে।

আমি বুঝতে পারছি, ওকে হারানোর ভয় তোমার মধ্যে খুব বেশি নিরাপত্তাহীনতা তৈরি করছে। মেয়েটি যদি সত্যিই এখন সম্পর্ক শেষ করতে চায়, তাহলে তো এখানে জোর খাটিয়ে কোনো লাভ হবে না। তোমরা বরং আলাদাভাবে দুজনের কাছে তোমাদের কী প্রত্যাশা রয়েছে, তার একটি তালিকা তৈরি করতে পারো। তারপর তোমার তালিকাটি ওকে দাও এবং ওর প্রত্যাশাগুলো তুমি ভালো করে পড়ে দেখো। যদি মনে হয়, প্রত্যাশাগুলোর বেশির ভাগই বাস্তবসম্মত নয়, তাহলে সুন্দরভাবে নিজেরা আলোচনা করে কিছুটা সময় নিয়ে ভেবে দেখো আসলেই ওকে ছেড়ে থাকা তোমার জন্য এবং ওর জন্য কতটা অসম্ভব। এই সময়ে তোমরা কিছুদিন দেখা করা এবং কথা বলা বন্ধ রাখলে ভালো হয়। এরপর যদি মেয়েটি এই সম্পর্কের ইতি টানতে চায়, তাহলে তোমাকেও সেটি মেনে নেওয়ার মতো মনের জোর তৈরি করতে হবে। স্নাতক ডিগ্রি অর্জন করার জন্য তোমাকে এখন লেখাপড়ায় মনোনিবেশ করা খুব প্রয়োজন। আশা করি, তুমি তোমার বাবা-মাকে হতাশ করবে না।