>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
গত বছর আমার স্নাতক সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই একজনের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়। সে তার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা আমার সঙ্গে শেয়ার করত। তাই বন্ধু হিসেবে আমি সাধ্যমতো তাকে সাহায্য করতে চেষ্টা করি। জেনেছি, ছোটবেলা থেকে সে অনেকটা অবহেলায় বড় হয়েছে। তাই হয়তো অল্প যত্নেই সে আমার প্রতি দুর্বল হয়ে পড়ে। আমি যখন সেটা বুঝতে পারি, তখন থেকেই বিষয়টাকে এড়িয়ে চলতাম। দীর্ঘ সময় একসঙ্গে চলার কারণে তাকেও আমার ভালো লেগে যায়। তার সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। এখন আমরা দুজন দুজনকে ভালোবাসি। মেয়েটি যখন আমাকে প্রথম ভালোবাসার কথা বলে, তখনই আমি তাকে বলেছিলাম, মা-বাবার পছন্দ ছাড়া বিয়ে করতে পারব না।
নানা জায়গা থেকে এখন তার বিয়ের প্রস্তাব আসে। কিন্তু সে আমার ভরসায় মত দেয় না। পারিবারিকভাবে বিয়ে করতে আমার আরও পাঁচ-সাত বছর লাগবে। এই সময়ের পরে তো আমি তার কথা বাবা-মাকে জানাতেও পারব না। কারণ, তার বয়স তখন অনেক বেশি হয়ে যাবে। আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু মা-বাবার সম্মতিতে। আমি বিষয়টা মা-বাবার কাছে কীভাবে উপস্থাপন করতে পারি, কী করলে বিষয়টার একটা ভালো সমাধান পাওয়া যাবে?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তুমি যে মেয়েটিকে মানসিক সহায়তা দিতে চেয়েছ, সেটি সহমর্মী হয়ে করেছ ঠিকই, তবে কারও সমস্যা শোনার সময় নিজেকে খুব বেশি জড়িয়ে না ফেলা বা আবেগগুলোকে সামলে রাখার কৌশলগুলো তোমার জানা ছিল না। মেয়েটি পরিবারের সদস্যদের কাছ থেকে যেহেতু ভালোবাসা, গ্রহণযোগ্যতা, উৎসাহ ও আদর কম পেয়েছে, সেহেতু তোমার ওপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়েছে। সেই ব্যাপারটি বুঝতে পেরেও বিষয়টি এড়িয়ে গিয়ে হয়তোবা একটি আপাত সমাধানের পথ খুঁজেছ। ও যে তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে, সেটি স্পষ্টভাবে বুঝতে পেরেও ওর সঙ্গে একইভাবে সম্পর্কটি চালিয়ে গেছ এবং সহায়তাটুকুও অব্যাহত রেখেছ। এর ফলে তোমার প্রতি মেয়েটির ভালোবাসা আরও বেড়েছে। যদি সেই সময়ে তোমার মনে হয়ে থাকে, তার সঙ্গে এই বিশেষ সম্পর্কটি তৈরি করতে চাইছ না, তাকে সেই সময়েই অত্যন্ত সৎভাবে সেটি প্রকাশ করে এই নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করতে পারতে। আমরা যারা মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছি, তাদের একই সঙ্গে একজন সহমর্মী বন্ধু হতে এবং নিজেকে পুরোপুরি সম্পৃক্ত না হওয়ার কৌশলগুলো শেখানো হয়। ক্লায়েন্টরা যদি আমাদের ওপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে তাকে পেশাগত সহায়তা দেওয়া সম্ভব হয় না। মেয়েটির সমস্যাগুলো শুনতে গিয়ে তুমি নিজেও যখন জড়িয়ে পড়লে, তখন মনে হলো, ওর সঙ্গে একটি স্থায়ী সম্পর্কে যেতে হলে অভিভাবকদের সম্মতি একটি পূর্বশর্ত হবে। ভবিষ্যতে সে তোমার জীবনসঙ্গী হবে কি না, সেটি একটি ‘যদি’র ওপরে দাঁড়িয়ে রইল। তুমি কিন্তু দায়িত্ব নিয়ে ওকে কোনো প্রতিশ্রুতি দিলে না। তোমার পথ চেয়ে বসে সে কি আগামী পাঁচ-সাত বছর ধরে বিয়ের প্রস্তাব নাকচ করতে থাকবে কি না, সেটি নিয়ে ওর সঙ্গে খোলাখুলি আলোচনা করা প্রয়োজন। পরবর্তী সময়ে তোমার অভিভাবকেরা যদি কিছুতেই রাজি না হন, তাহলে সেই সময় ওর অন্য কারও সঙ্গে বিয়ে হওয়াটাও অনিশ্চিত হয়ে পড়বে। দুঃখজনকভাবে আমাদের সমাজে মেয়েদের বিয়ের বয়স নিয়ে যত বেশি আলোচনা হয়, ছেলেদের ক্ষেত্রে সেটি করা হয় না। বাবা-মাকে তুমি কীভাবে বলবে, সেটির চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সব ধরনের প্রতিকূলতাকে মোকাবিলা করে ওকেই জীবনসঙ্গী করতে চাও কি না, নিশ্চিতভাবে সেই সিদ্ধান্তটি গ্রহণ করা। দুজনেই যদি নিজেদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হও, তাহলে লেখাপড়া শেষ করে তোমরা আগে উপার্জনক্ষম হও। এর ফলে প্রতিকূলতাগুলো হয়তোবা সুন্দরভাবে নিরসন করে তোমরা সুখী দম্পতি হতে পারবে। বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা রেখে তোমার ইচ্ছের কথাটি আবদার করে বলতে পারবে, এই প্রত্যাশা নিজের ওপর রেখে, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে সেটি তখন বাস্তবায়ন করো।