>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
এ বছর আমি এইচএসসি পরীক্ষা দেব। নবম শ্রেণিতে পড়ার সময় আমার এক সহপাঠীর সঙ্গে প্রেম হয়। এসএসসি পরীক্ষায় পাস করে আমরা আলাদা কলেজে ভর্তি হই। এরপরই সম্পর্ক বদলে যেতে থাকল। সামান্য একটা বিষয় নিয়ে কথা–কাটাকাটি হয়। আমি অভিমান করি। ভেবেছিলাম, কয়েক দিনের মধ্যেই সব ঠিকঠাক হয়ে যাবে। সে তার ভুল বুঝবে। কিন্তু সেটা আর হয়নি। সম্পর্কটা শেষ–ই হয়ে যায়। কিন্তু মেনে নিতে পারলাম না। বারবার মনে হতে লাগল, যে কিনা আমাকে পাগলের মতো ভালোবাসত, সে এত জলদি বদলে গেল কীভাবে? পরে জেনেছি, সে নতুন এক সম্পর্কে জড়িয়েছে।
তার হাসিখুশি জীবন দেখে আমার হিংসা হয়। তবে কোনো ক্রোধ জাগে না। ভাবি, হয়তো এখনো তাকেই ভালোবাসি। আশা করেছিলাম, সময়ের সঙ্গে অনুভূতিটা কমবে। কিন্তু বিন্দুমাত্র কমেনি, বরং বেড়েছে। কিছুদিন পর এইচএসসি পরীক্ষা। কিছুতেই পড়াশোনা করতে পারছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমাদের যখন সম্পর্ক হয়েছে, তখন দুজনেই বয়ঃসন্ধির আবেগের প্রভাবে ছিলে। এ সময় যুক্তির জায়গাটি ধরে রেখে অন্যদের সঙ্গে সঠিকভাবে ভাবের আদান-প্রদান করা বেশ কঠিন হয়ে পড়ে। প্রায়ই মান-অভিমান, ভুল–বোঝাবুঝি চলতে থাকে এবং খুব তাড়াতাড়ি সম্পর্ক ছিন্ন করে ফেলার প্রবণতাও দেখা যায়। তুমিও ওর সঙ্গে হয়তোবা এমন কোনো কারণে অভিমান করেছিলে, যা মেয়েটির কাছে খুব সংগত মনে হয়নি। তোমার ধারণা ছিল, সে নিজে থেকেই তার ভুলটি কী ছিল, তা আলোচনা করবে। মেয়েটিও হয়তো আশা করেছে, তুমিই প্রথমে বিষয়টি উত্থাপন করে বিষয়টির একটি নিষ্পত্তি করবে।
এমনও হতে পারে, মেয়েটি কারও কাছে তোমার অভিমান করা থেকে সে যে কষ্ট পেয়েছে, তা শেয়ার করেছে এবং সেই মানুষটি তার প্রতি খুব সহানুভূতির মনোভাব দেখিয়েছে। সেই মানুষ যদি বিপরীত লিঙ্গের কেউ হয়ে থাকে, তাহলে সাধারণত তার সঙ্গে নতুন একটি সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। হতে পারে যে সে কারণেই মেয়েটি খুব তাড়াতাড়ি অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে। এতে তুমি একই সঙ্গে বিস্মিত ও প্রতারিত বোধ করেছ।
যখন আমাদের প্রিয় মানুষগুলোর সঙ্গে কোনো বিষয়ে মনোমালিন্য হয়, তখন যোগাযোগ বন্ধ করে বসে না থেকে বিষয়টি নিয়ে আলোচনা করলে খুব ভালো হয়। সম্পর্কের টানাপোড়েন হলে বুঝতে হবে যে কারও একার জন্য কিন্তু তা ঘটে না। দুজনেরই সমান না হলেও কিছু না কিছু ভূমিকা অবশ্যই থাকে। এই পরিস্থিতিতে নিজের নেতিবাচক ভূমিকাটি চিহ্নিত করে, যে আগে এগিয়ে গিয়ে নিজের দায়িত্বটি পরিপূর্ণভাবে স্বীকার করে নেয়, সে অন্যদের তুলনায় আবেগীয় ও সামাজিকভাবে অবশ্যই বেশি পরিপক্ব বলে ধরে নেওয়া যায়। সেটি না করে আমরা যখন অন্যদের সঙ্গে দুঃখ প্রকাশ করতে থাকি, তখন তারা আমাদের নানা উপদেশ দেয়। এগুলো বেশির ভাগ সময় কোনো সহায়তা না করে বরং অপকারই করে থাকে। তুমি যে একজন নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ মতামতের জন্য সমস্যাটি তুলে ধরেছ, তা অত্যন্ত প্রশংসার দাবিদার। এখন যে তুমি লেখাপড়া করতে পারছ না, এর কারণ হয়তোবা তুমি দিনের অনেকটা সময় মেয়েটির অন্য একটি সম্পর্কে জড়িয়ে যাওয়ার জন্য নিজেকে খুব বেশি দায়ী করছ। এতে করে তোমার মধ্যে অনেক অপরাধবোধ তৈরি হচ্ছে। আমি অনুরোধ করব, এই অপরাধবোধ থেকে নিজেকে মুক্ত করো। ওর ওপর অভিমান করাটিকে একটি সেই সময়ের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দেখার চেষ্টা করো। সেই বিশেষ পরিস্থিতিতে আবেগের কাছে নতি স্বীকার করা ছাড়া তোমার আর কোনো উপায় ছিল না।
নিজেকে তাই নিঃশর্তভাবে গ্রহণ করে নিয়ে আত্মমর্যাদাবোধটি অক্ষুণ্ন রাখো। ওর প্রতি ভালোবাসা ও দুজনের সুন্দর স্মৃতিগুলো নিয়ে ভবিষ্যতের লক্ষ্য মাথায় রেখে জীবনকেও ভালোবাসতে শুরু করো। তোমার জীবনের আশীর্বাদগুলো কী আছে, তা–ও নিজেকে প্রতিদিন মনে করাবে, কেমন?