সে বলে, সে ভুল করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা

আমি একজন পেশাজীবী পদস্থ সরকারি কর্মকর্তা। বয়স ৫০ বছর। আমার স্ত্রী আর্থিক প্রতিষ্ঠানের একজন পদস্থ কর্মকর্তা (৪৫)। আমাদের দুই সন্তান ১৪ ও ১০ বছর বয়সী। আমরা ১৮ বছর ধরে মোটামুটি সুখেই দিন কাটাচ্ছিলাম। আমাদের কোনো অভাব ছিল না। আমাদের মধ্যে বড় ধরনের ঝগড়া–বিবাদ ছিল না। একজনের বিরুদ্ধে অন্যের কোনো গুরুতর অভিযোগও ছিল না।

সম্প্রতি জানতে পেরেছি, আমার স্ত্রী বছর দেড়েক ধরে পর্যায়ক্রমে একাধিক ব্যক্তির সঙ্গে সাইবার যৌন সম্পর্কে জড়িত। কিছু তথ্যপ্রমাণসহ তার কাছে জানতে চাওয়ায় সে বলে, সে ভুল করেছে, ভবিষ্যতে আর এ রকম করবে না। তার এই কাজের জন্য সে ক্ষমাপ্রার্থী। আমাদের দুই সন্তানকে ছাড়া আমার অস্তিত্ব কল্পনাও করতে পারি না। আবার স্ত্রীর সঙ্গে থাকতেও আর মন সায় দিচ্ছে না। এখন আমি কী করব?

নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ

আপনি লিখেছেন, আপনাদের দাম্পত্য জীবন ভালো ছিল, বড় ধরনের ঝগড়া-বিবাদ ছিল না। স্ত্রী কোনো কিছু নিয়ে কখনো অভিযোগ করেননি। এমন কী হতে পারে যে স্ত্রীর মনে কোনো দুঃখ বা অভিমান ছিল, যা তিনি কখনো প্রকাশ করেননি?

আপনাদের মানসিক ও শারীরিক নৈকট্য কতটা ছিল, তা ভেবে দেখলে ভালো হয়। আমার পেশাগত অভিজ্ঞতায় শুনেছি, এ দেশের মেয়েরা তাঁদের দাম্পত্য সম্পর্কে অসন্তুষ্টির দিকগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সমাজও মেয়েদের উৎসাহিত করে না তাঁর অস্বস্তিগুলো প্রকাশ করতে।

আপনার স্ত্রী ক্ষমা প্রার্থনা করেছেন। কারণ, ঘটনার প্রমাণ থাকায় তাঁর পক্ষে এটি অস্বীকার করার কোনো উপায় ছিল না। তাঁর কাছ থেকে এটি কি জানা সম্ভব হয়েছে, তিনি কী কারণে এতে জড়িয়ে পড়লেন? যেহেতু একাধিক ব্যক্তির সঙ্গে এমন হয়েছে, তাতে মনে হচ্ছে, এখানে কোনো মানসিক বা আবেগীয় আদান-প্রদানের ব্যাপার ছিল না। কেবল জৈবিক চাহিদার কারণেই উভয় পক্ষের অংশগ্রহণ ছিল। এই দীর্ঘ দেড় বছরে এটির কোনো প্রভাব আপনাদের শারীরিক সম্পর্কের ওপর পড়েছে কি না, তাও ভেবে দেখতে পারেন।

আপনারা দুজনেই অত্যন্ত প্রতিষ্ঠিত ও কর্মব্যস্ত মানুষ, তা বোঝা যাচ্ছে। সেই সঙ্গে দুটি সন্তানকে সুন্দরভাবে বড় করার দায়িত্বও আপনাদের পালন করতে হচ্ছে। অনেক সময় দেখা যায়, জীবনের বিভিন্ন চাহিদা মেটাতে গিয়ে দম্পতিরা কখন যে পরস্পরের কাছ থেকে দূরে সরে গেছেন, সেটি তাঁরা বুঝতে পারেন না। শুধু দুজনে মিলে আলাদা বেড়াতে যাওয়া, গল্প করা, পরস্পরের যা ভালো লাগা—এমন কিছু বিষয় একসঙ্গে উপভোগ করা, সেটি হয়তো মনে করে করা হয় না। এ ধরনের জীবনযাত্রায় আমরা অনেক সময় নতুন কিছু খুঁজতে থাকি। আপনি স্ত্রীর সঙ্গে বসে বিবাহিত জীবনে দুজনের পথচলাটা কার জন্য কেমন ছিল, তা আলোচনা করতে পারেন। তিনি যদি আন্তরিকভাবে বুঝতে পারেন, আপনি কতটা কষ্ট পেয়েছেন, তাহলে হয়তো আপনার যন্ত্রণা কিছুটা হলেও কমতে পারে। যদি এভাবে আলোচনা করেও আপনার কষ্টের মাত্রা একই রকম থাকে, তাহলে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানীর পরামর্শ নিলে ভালো হয়।