>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। স্নাতক পড়ার সময় পরিবারের পছন্দে আমার বিয়ে হয়। বিয়ের সপ্তাহ খানেক পর বুঝতে পারি সে শারীরিকভাবে অক্ষম। সমাজ-সংসারের কথা চিন্তা করে সবকিছু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করি। এভাবে বছর পাঁচেক চলে। তারপর আধুনিক চিকিৎসার সহায়তায় সন্তান নিতে গিয়ে জানতে পারি, সে বাবা হতে পারবে না। তখন মানসিকভাবে ভেঙে পড়ি। পরিচিত একজনের সঙ্গে আমার ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করি। তার পরামর্শেই দ্বিতীয়বারের মতো সবকিছু সামলে নিই। সন্দেহপ্রবণ, আবেগহীন সে মানুষটার অসহযোগিতা সত্ত্বেও আমি এক কন্যাসন্তান দত্তক নিই। নারীত্ব, মাতৃত্ব সবকিছু বিসর্জন দেওয়ার পরও আমার সে মেয়ের প্রতি তার দায়িত্বহীনতায় নিজেকে খুব অসহায় লাগে। একধরনের অপরাধবোধও কাজ করে। কষ্ট ঘোচাতে পরিচিত সেই লোকের সঙ্গে আমি কথা বলি। একসময় বুঝতে পারি, তার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি। সে বিবাহিত এবং সন্তানের বাবা জেনেও। আমার দুর্বলতার কথা তাকে জানালে সে আমার ও আমার মেয়ের দায়িত্ব নিতে রাজি হয়।
বলে রাখা ভালো, সে সচ্ছল বাবার বেকার সন্তান। অনেক চিন্তা করে স্বামীর সংসার ছেড়ে দিই। কিন্তু ভেতরে-ভেতরে অদ্ভুত অস্বস্তি লাগতে থাকে। চাকরি করি বলেই তার সাক্ষাৎ ও আর্থিক সহায়তা কমই পাই। তাই তার শত প্রতিশ্রুতির মধ্যেও আমার আর মেয়ের ভবিষ্যৎ নিয়ে দোটানায় থাকি। আমার সিদ্ধান্তে পরিবারের কেউ রাজি নয়। আর এতটা এগিয়ে এসে পিছিয়ে যাওয়াও সম্ভব নয়। প্রিয় মানুষকে অন্য কারও সঙ্গে ভাগাভাগি করা, আর্থিক অনিশ্চয়তা, পরিবারের সঙ্গে সম্পর্ক ছেদ-সবকিছু মিলে আমি খুবই অসহায় হয়ে পড়েছি। আমার এই মেয়েকেই বা কী জবাব দেব। এত জটিল সম্পর্কের মধ্যে ওকে কতটা ভালো রাখতে পারব! এত সব উত্তর খুঁজতে গিয়ে আমি দিশেহারা।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার সমস্যাগুলো বেশ জটিল আকার ধারণ করেছে। আমি বুঝতে পারছি যে তুমি মেয়ে বলে হয়তো বিয়ের পর এই ব্যাপারটি সম্পর্কে সচেতন হয়ে এটি নিয়ে কোনো উদ্যোগ নাওনি। বঞ্চিত অবস্থায় থেকেও তুমি ভিন্ন পন্থায় মা হতে চেষ্টা করেছ। তবে যে ভুলটি তুমি করেছ তা হচ্ছে, স্বামীর সহযোগিতা ছাড়াই একটি অসহায় শিশুকে ভালোবাসাহীন ও অসুখী দাম্পত্য জীবনের মাঝে নিয়ে আসা।
তোমার জীবনের অপ্রাপ্তি, যন্ত্রণা একটি ছোট্ট নিষ্পাপ শিশুর আগমন দিয়ে কমাতে চাওয়াটা একেবারেই সুচিন্তিত সিদ্ধান্ত নয়। কারণ, শিশুটির শরীর ও মনের সুষ্ঠু বিকাশের জন্য যে সুস্থ ও আনন্দময় পরিবেশের প্রয়োজন, সেটি নিশ্চিত করা তোমার পক্ষে প্রায় অসম্ভব ছিল। তার কিন্তু কোনোভাবেই বাবা-মা দুজনের কাছ থেকেই উষ্ণতা ও নিরাপত্তাবোধ পাওয়ার কথা নয়। এরপর তোমার জীবন একটি ভিন্ন ধারায় প্রবাহিত হয়েছে। তোমার বর্তমান সঙ্গীর আরও একটি পরিবার রয়েছে। তা জানার পরও তুমি হয়তো কিছুটা মানসিক শান্তি পাওয়ার আশায় তার সহায়তা নিয়েছ। সে তার প্রথম স্ত্রী ও সন্তানের প্রতি কতটা দায়িত্ব পালন করছে, তা তোমার জানার সুযোগ হয়েছে কি না জানি না। যদি সে তোমাকে বিয়ে করে থাকে তাহলে আগের স্ত্রীর মতামত না নিলে তোমাদের বিয়েটা বৈধতা পায় না।
এ ছাড়া নিজের পরিবারের বৈরী মনোভাবও তোমাকে খুব একাকী করে দিয়েছে। আরও একটি সন্তানের মা হওয়ার আগে প্রথমে তোমাকে নিজের হাত দুটো ভালো করে ধরতে হবে। নিজের প্রতি ক্ষমাশীল ও স্নেহপ্রবণ অনুভূতির চর্চা করে শরীর ও মনের যত্ন করো।
তুমি যা-ই উপার্জন করছ, তা দিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে মেয়েটিকে বড় করার চেষ্টা করো। তোমার পরিবারে যার প্রতি কিছুটা হলেও আস্থা রাখা যায়, তার কাছে খুলে বলো তুমি কতটা কষ্ট ও বিপর্যস্ত অবস্থায় এ ধরনের সিদ্ধান্ত নিয়েছ। যে পরিবারে তোমার জন্ম হয়েছে, তাদের কিন্তু দায়িত্ব রয়েছে তোমার দুঃখের সঙ্গী হওয়ার। তুমি যতই ভুল করো না কেন, তারা তোমাকে এড়িয়ে যেতে পারে না। কাজেই তোমাকে নিজের অধিকার নিয়েও ভদ্রভাবে ও দৃঢ়তার সঙ্গে তাদের সঙ্গে কথা বলতে হবে। যে মানুষটি তোমার সঙ্গী হয়েছে, তার কাছ থেকে খুব বেশি প্রত্যাশা না রেখে নিজেকে সম্মান করে পথ চলো। দত্তক নেওয়া সন্তানটিকেও প্রাপ্য ভালোবাসাটুকু পুরোপুরি দেওয়ার চেষ্টা করো।