সেঁজুতির জ্যোতি

ছোট্ট মেয়েটি একদিন বাবার গলা জড়িয়ে বায়না ধরল, সে নাচ শিখবে। বয়স তখন সবে তিন। বাবা ভাবলেন এখনো তো স্কুলেই যায়নি। নাচ শিখবে কী? তার পরও আদুরে মেয়ের বায়নার কাছে পরাস্ত বাবা। ভর্তি করিয়ে দিলেন সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান আর্য্য সংগীত পরিষদে। ভাবলেন কী আর হবে! নাচের ক্লাসে আসা-যাওয়া করুক। একসময় হয়তো সে নিজেই আগ্রহ হারাবে। কিন্তু না, সে আগ্রহ হারায়নি। বরং বাবাকে চমকে দিয়েছে। নাচ রপ্ত করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। এরপর শুরু হলো সাংস্কৃতিক জগতে এই খুদে শিল্পীর বিচরণ। দিনে দিনে তা ডালপালা মেলেছে। নাচের পাশাপাশি আবৃত্তি আর অভিনয়ে সে এখন পোক্ত। সেই মেয়েটির নাম সেঁজুতি দে। এবারের মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় সে রানারআপ হয়েছে।
২৪ নভেম্বর বাবার হাত ধরে এই খুদে তারকা এসেছিল প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে। মুখ মলিন। হাসি যেন উবে গেছে। এমন মন খারাপের কারণ কী? প্রশ্ন করতেই এবার চাপা হাসি। বলল, ‘ভেবেছিলাম সেরা হব। কারণ, আমি কখনো ডেঞ্জার জোনে ছিলাম না। সব সময় বিচারকদের ভালো মার্কস পেয়েছি। জানি না কেন এমন হলো। তার পরও এই প্রতিযোগিতায় আমার প্রাপ্তি অনেক। দেশের বড় শিল্পীদের সামনে নাচ, আবৃত্তি ও অভিনয় করেছি। তাঁরা আমার পরিবেশনার প্রশংসা করেছেন।’
তাহলে তো সেঁজুতি এখন এগিয়েছে অনেক দূর? এবার কচি মুখে দৃঢ়তা, ‘প্রতিযোগিতায় টিকে থাকতে অনেক পরিশ্রম করেছি। যার কারণে মঞ্চে আমার আত্মবিশ্বাস বেড়েছে।’
বিচারক শমী কায়সার, রুমানা রশিদ ঈশিতা ও পার্থ বড়ুয়া বরাবরের মতোই মুগ্ধ ছিলেন সেঁজুতির পরিবেশনায়। অতিথি বিচারকদেরও উচ্ছ্বাসের কমতি ছিল না। অপি করিম তো বলেই বসলেন, ‘তুমিই অলরাউন্ডার’। অনন্ত জলিল আরও এক কাঠি সরেস, জানালেন তাঁর পরবর্তী ছবি ‘স্পাই টু’ তে বর্ষার ছোটবেলার চরিত্রের জন্য সেঁজুতি নির্বাচিত। এ রকম বেশ কিছু অর্জন সেঁজুতির ঝুলিতে।
অবশ্য সেঁজুতির অভিনয়জীবন শুরু বছর পাঁচেক আগে। এর মধ্যে সে অভিনয় করেছে সাত থেকে আটটি নাটকে। যেগুলো প্রচারিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র থেকে। এ ছাড়া মোকাম্মেল মোর্শেদের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লড়াই-এ ছোট কুসুম চরিত্রে অভিনয় করে ভালো সাড়া পেয়েছে। মঞ্চেও সে সমান সাবলীল। অভিনয় করেছে শিশুতোষ কয়েকটি নাটকে।
সেঁজুতি স্থানীয়ভাবে বিভিন্ন সময় জিতেছে শ খানেক পুরস্কার। ২০১১ সালে সে বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতায় অভিনয় ও আবৃত্তিতে রানারআপ হয়। তবে এত কিছুর মধ্যে পড়ালেখায়ও কম নয় সে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় পেয়েছে জিপিএ–৫। বৃত্তিও পেয়েছে ট্যালেন্টপুলে। বর্তমানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
ভবিষ্যতে সেঁজুতির গন্তব্য কোন পথে? প্রশ্ন করতেই বাবা শিপলু কুমার দের মুখের দিকে তাকাল। বাবা সায় দিলেন বলার। ‘প্রথমেই আমার পড়ালেখা। তারপর অভিনয়। আর অভিনয় পারফেক্ট করতে নাচ ও আবৃত্তি সমানতালে চালিয়ে যাব।’ বলল সেঁজুতি।