অবশেষে কক্সবাজারের চকরিয়ার সেই অসুস্থ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ আলীকে দেখতে গেলেন এবং তাঁর প্রতি সাহায্যের হাত বাড়ালেন স্থানীয় আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিরা। ইতিমধ্যে সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী ও কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সম্পাদক চকরিয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম অসহায় এই মুক্তিযোদ্ধার উন্নত চিকিৎসার জন্য সব রকমের সাহায্যের আশ্বাস দেন। ২৬ জুলাই বিকেলে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে মোহাম্মদ আলীর বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন নেতারা। এ ছাড়া মোহাম্মদ আলীকে আরও যাঁরা দেখতে যান তাঁদের মধ্যে রয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম জিয়া উদ্দিন, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, চকরিয়া পৌরসভা যুবলীগের আহ্বায়ক জাহেদুল ইসলাম প্রমুখ।বৃহত্তর চকরিয়া থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক হারবাং (বরইতলী ইউনিয়নসহ) ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৮২) পাঁচ মাস ধরে অসুস্থতায় ভুগছেন। অর্থের অভাবে তিনি চিকিৎসা নিতে পারছেন না। ২৫ জুলাই প্রথম আলোর ক্রোড়পত্র ‘আলোকিত চট্টগ্রামে’ ‘মৃত্যুপথযাত্রী এক মুক্তিযোদ্ধা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা তাঁকে দেখতে ছুটে যান।