সেই আব্দুল জব্বার সেই স্মৃতিময় গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালজয়ী কিছু গান গেয়ে চট্টগ্রাম মাতিয়ে গেলেন চিরসবুজ শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার। দরাজ কণ্ঠের এ শিল্পী কখনো গভীর আবেগে আপ্লুত হয়েছেন, দ্বিধাহীনভাবে প্রকাশ করেছেন মনে জমিয়ে রাখা কথামালা। নিবেদন করেছেন প্রাণের আকুতি, হারিয়ে যাওয়া সংগীতজ্ঞদের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা। তিনি বন্দরনগর চট্টগ্রামে এসেছিলেন আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের আহ্বানে। ২১ জুলাই সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বসেছিল তাঁর জমকালো গানের আসর।ঘড়ির কাঁটা যখন সোয়া সাতটার ঘর ছুঁই ছুঁই করছে তখনি মঞ্চের পর্দা ওঠে। ‘হাজার বছর পরে আবার এসেছি ফিরে’ গেয়ে শিল্পী যেন জানিয়ে দিলেন তিনি ফিরে ফিরে আসবেন গানের ডালি নিয়ে। গান শেষ করেই খুললেন কথার ঝাঁপি। ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মুরিদ। আমি তাঁর গায়ক। তিনি খালি গলায় আমার গান শুনতেন। তিনি বেঁচে থাকলে দেশের সংগীতের অঙ্গন অন্য রকম হতো। মুক্তিযুদ্ধের সময় অনেক গেয়েছি। ধন্য আমার জীবন।’ ‘আমার মরণ নেই। মরেও বেঁচে থাকব বাংলা গানে। বেহেশতে আমি একা যেতে চাই না। অন্য ভাষাভাষীর সঙ্গে সেখানে আমি কী করব? আমি বাংলার মানুষ, বাংলা গানের সঙ্গেই ওপারেও থাকতে চাই।’ যোগ করেন তিনি।দ্বিতীয় গান ‘তোমার দুয়ারে এসেছি আমি বসন্ত হয়ে এসেছি।’ এরপর স্মরণ করলেন অসুস্থ লায়লা চৌধুরীকে। বললেন, ‘তিনি মূল্যবান গীতিকার।’‘তুমি কী দেখেছ কভু জীবনের পরাজয়।’ এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয় গানটি গাওয়ার পর কি আর আসর জমার বাকি থাকে! তিনি বললেন, ‘‘হেমন্ত মুখোপাধ্যায় অপূর্ব প্রশংসা করেছিলেন গানটির। বিশেষ করে সঞ্চারীর কথাগুলোর ‘প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে...।’’ এবার আব্দুল জব্বার স্মরণ করলেন আরেক কীর্তিমান সংগীতজ্ঞ চট্টগ্রামেরই কৃতী সন্তান সত্য সাহাকে। বললেন, ‘চট্টগ্রামে আসার পথে মনে পড়ল মানুষটির কথা। এমন মানুষ আর হবে না। তাঁর সঙ্গে আমার হূদ্যতা ছিল। তাঁর গান, সুর আর স্মৃতি আমাকে তাড়া করে ফেরে।’ এরপর গাইলেন ‘নিঠুর পৃথিবী দিয়েছ আমায় আঁখিজল উপহার।’আবার শানেনজুল। ‘গাজী সাত্তার। একটি মিলের ম্যানেজার ছিলেন। অনেক দিন সাক্ষাৎ নেই। কিছু দিন আগে ফোন করেছিলেন। একদিন বলেছিলেন—আমার জীবন সার্থক হবে যদি আপনি গানটি গেয়ে দেন। দিয়েছিলাম। আপনারা শুনবেন সেই গানটি—‘তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায়।’আবার কথামালা। ‘বাসের পেছনে লেখা থাকে—দেশ ও দেশের মানুষকে ভালোবাস। মনে মনে ভাবি, তেমনটি যদি হতে পারতাম। এই তো সেদিন আমার একটি হাত ভেঙে গেল! প্রবাল চৌধুরী, যে আমার শোবারঘরে ঢুকে যেতে পারত। বাংলার দেবদাস, বুলবুল চলে গেল। রাষ্ট্র শিল্প-সংস্কৃতির মূল স্রোতধারার উন্নয়নে কী করছে! জীবদ্দশায় শিল্পীরা কেমন থাকেন, কীভাবে ধুঁকে ধুঁকে মরেন তার খবর কেউ নেন না। সরকারকে চিন্তা করতে হবে। এভাবে অকালে একেকটি প্রতিভা কেন হারিয়ে যাচ্ছে। বেঁচে থেকে যদি স্বাধীনতা ভোগ করতে না পারি তবে স্বাধীনতার কী দরকার। এখন একশ্রেণীর মানুষ ফণা তুলে আছে। জঙ্গিবাদ, হানাহানি আর সন্ত্রাস বাড়ছে। সাবধান, একবিন্দু রক্ত থাকতেও তাদের সুযোগ দেব না। আর ভুল করব না।’কথায় কথায় রাত বাড়ে, তাই আবার সুরের সাগরে ডুব দেন শিল্পী। গাইলেন ‘কিছু জ্বালা আমায় দাও, একবুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও’ এবং মাস্তান চলচ্চিত্রের সেই গান ‘প্রাসাদের মায়া ছেড়ে নেমে এসো মানুষের কাছাকাছি।’এ পর্যায়ে সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য দিলেন সংগঠনের পরিচালক লিটন মিত্র। প্রধান অতিথি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীতিশচন্দ্র দেবনাথ শিল্পীর হাতে তুলে দেন সংবর্ধনা স্মারক ও সম্মাননাপত্র। প্রধান অতিথি বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের সময় আব্দুল জব্বারের গান শুনে অঝোরে কেঁদেছিলাম। সেই স্মৃতি নিয়ে আজও তাঁর গান শোনার সৌভাগ্য হলো।’এরপর আব্দুল জব্বার একে একে শোনালেন আরও তিনটি গান—‘বন্ধু তুমি শত্রু তুমি, তুমি আমার সাধনা’, ‘আমার দিকে তাকিয়ে দেখো তো আমাকে যায় কি চেনা/একাত্তরে যুদ্ধ করেছি আমি যে মুক্তিসেনা’ এবং বিখ্যাত গান ‘ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া।’ এ সময় মুহুর্মুহু করতালি দিয়ে শিল্পীকে অভিনন্দন জানান দর্শক-শ্রোতারা। এবার যেন তাঁকে একটু ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক তা-ই। অকপটে বললেন, ‘আমার ক্লান্তি লাগছে। একটু চা পান করব। এ ফাঁকে আমার শিষ্য রুবি আপনাদের গান শোনাবে।’রুবি গাইলেন ‘এত সুর আর এত গান’, ‘এ কি সোনার আলোয়’ এবং ‘মিলন হবে কত দিনে।’আবার মঞ্চে এলেন আব্দুল জব্বার। দর্শকের অনুরোধ ছড়িয়ে পড়ল মিলনায়তনে ‘সালাম সালাম’ গাইতে হবে। অনুরোধ রক্ষা করলেন, গাইলেন কালজয়ী সেই গানটি। দর্শক ফিরে গেলেন সেই বেতার আর মাইকের যুগে। শব্দতরঙ্গ ভেঙে আসছে সুরের ধারা। ‘সকল শহীদ স্মরণে’ বিনম্রচিত্ত হলেন তাঁরা।পুরো অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছিল সদ্যপ্রয়াত চলচ্চিত্রের তারকা বুলবুল আহমেদকে। তাঁর সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। আব্দুল জব্বার বার বার প্রশংসা করছিলেন যন্ত্রীদের। বলেন, ‘আগামী দিনে আমার হ্যান্ডস চট্টগ্রামে না আনলে চলবে। এ তরুণেরা তো দেখছি দারুণ বাজায়। প্রশংসিত এ দলের কিবোর্ডে ছিলেন সৃজন রায়, অক্টোপ্যাডে প্রবীর সাহা, বেজ গিটারে সজল সরকার, লিড গিটারে রাজিব ঘোষ, তবলায় লিটন মিত্র ও পিপলু দাশ। ‘কাশি দেখি মথুরা দেখি’—ভাবের গান গেয়ে শেষ করলেন আব্দুল জব্বার। গানে গানে যেন গভীর ভাব জমিয়ে গেলেন চট্টগ্রামের সঙ্গে।