‘এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি?’লোকটি কোনো কথা শুনতে পেল বলে মনে হলো না। ‘আমি অর্ণব, আপনি?’এবার ফিরে তাকায় লোকটি। পরিচয় দেয় নিজের, ‘রায়ান চৌধুরী।’‘আসলে আমার মনটা খুব খারাপ। গত সপ্তাহে আমার ব্রেকআপ হয়েছে। এরপর কাউকে কিছু না বলে একা এখানে চলে এসেছি। কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। কারও সাথে ব্যাপারটা শেয়ার করতে চেয়েছিলাম, তাই আপনাকে বললাম। আপনি নিশ্চয়ই ফ্যামিলির সাথে এসেছেন।’ওপাশ থেকে কোনো উত্তর এল না। ভূতের সঙ্গে কথা বলছি না তো? ‘এই যে মিস্টার! আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?’এবার লোকটি নড়েচড়ে উঠল। ‘ও আচ্ছা, আপনি কি যেন বলছিলেন?’ আমার দিকে তাকিয়ে জানতে চাইল লোকটি।‘বলছি, এখানে কি আপনি ফ্যামিলির সাথে এসেছেন? নাকি একা?‘ঠিক একা না। আমরা দুজন, আমি আর মেঘ।’‘মেঘ? ওনাকে তো দেখছি না।’‘এটা জানার আগে তোমাকে একটা গল্প বলি, শোনো, তুমি করে বলে ফেলাম, কিছু মনে করোনি তো?’‘না না, আংকেল, আপনি তো বয়সে আমার অনেক বড়। তুমি করেই বলবেন।’‘চলো, ওখানটায় গিয়ে বসি।’‘মেঘ আর আমি একসঙ্গে ভার্সিটিতে পড়তাম। দুজনেই খুব ভালো বন্ধু ছিলাম। মুখ ফুটে কাউকে কিছু বলতে হতো না আমাদের। দুজন দুজনের মুখ দেখেই বুঝে যেতাম। যদি কখনো বিন্দুমাত্র আমার মন খারাপ হতো, মেঘ প্রাণপণ চেষ্টা করত আমার মন ভালো করার জন্য। শুধু দুজন দুজনকে ভালোবাসি—এ কথাটা কখনো মুখ ফুটে বলা হয়নি। একদিন ঠিক করলাম, মনের কথাটা ওকে সরাসরি বলব। মেঘ বেলিফুল অনেক ভালোবাসত। অনেক বেলিফুল কিনলাম সেদিন। আর একটা নীল শাড়ি। ভয়, শঙ্কা, দ্বিধা—সবকিছুই কাজ করছিল নিজের মধ্যে। যদি সে ফিরিয়ে দেয়! আমি রাস্তার এপাশে অপেক্ষা করছি। এই তো, মেঘ চলে এসেছে। আর মাত্র কিছুক্ষণ, এরপর অপেক্ষার পালা শেষ হবে। মেঘকে সেদিন অসম্ভব সুন্দর লাগছিল। মেঘ রাস্তা পার হচ্ছিল। হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি—তারপর সব শেষ। চূর্ণবিচূর্ণ স্বপ্ন, ছড়ানো-ছিটানো বেলিফুল। আমি কয়েক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেলাম। দেখলাম, আমার প্রিয়তমার সুন্দর স্নিগ্ধ মুখটাতে কেউ যেন লাল রঙের প্রলেপ দিয়ে দিয়েছে। যখন সংবিৎ ফিরে পেলাম, দৌড়ে গেলাম ওর কাছে। ওকে কোলে তুলে উদ্ভ্রান্তের মতো সাহায্যের জন্য চিৎকার করতে থাকি। অস্ফুট কণ্ঠে মেঘ কিছু বলতে চায়, সেই কণ্ঠ আমার কান পর্যন্ত পৌঁছায় না। তার আগেই মেঘ চলে যায় অচেনা মেঘের দেশে, অধরার দেশে। আমি মেঘকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। কিন্তু এ ছোট্ট কথাটি ওকে বলার সময় আমি পাইনি। জানি না, ও বুঝতে পেরেছিল কি না। কী বা বলতে চেয়েছিল সেই অস্ফুট কণ্ঠে? এ প্রশ্ন আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে।’‘মেঘ চলে যাওয়ার পর হোস্টেল থেকে ওর একটা ডায়েরি পাওয়া যায়। ডায়েরি পড়ে জানতে পারি সেও আমাকে আমার মতোই ভালোবাসত। শুধু বলার অপেক্ষায় ছিল। মেঘ সমুদ্র খুব ভালোবাসত। বলত, সমুদ্রের কাছে গেলে নাকি নিজেকে অনেক হালকা মনে হয়। মানুষ নাকি নিজের সব কষ্ট উৎসর্গ করে দেয় ওই সমুদ্রের কাছে। সমুদ্র তার বিশাল নীল জলরাশির একাংশ হিসেবে সহন করে সেই কষ্টগুলোকে। তাই আমি প্রতিবছর এই ফেব্রুয়ারি মাসে সমুদ্রের কাছে নিজেকে হালকা করতে আসি। কারণ, এ মাসটা এলেই আমি সম্পূর্ণ এলোমেলো হয়ে যাই। এই মাসেই মেঘ আমাকে ছেড়ে চলে গেছে চিরদিনের মতো আর না ফেরার দেশে।‘আজ মেঘের ১৫তম মৃত্যুবার্ষিকী। তাই হয়তো আমি আজ একটু বেশি এলোমেলো।’‘তবে যে বললেন, আপনি আর মেঘ এসেছেন?’‘হ্যাঁ, ও তো সব সময়ই আমার সাথে থাকে। বাস্তব জগতে হয়তো মেঘের কোনো অস্তিত্ব নেই, কিন্তু মেঘ আছে, থাকবে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার অস্তিত্বে, আমার সত্তায়, আমার ভালোবাসায়। আমি এখনো ওর পায়ের আওয়াজ পাই, চুলের গন্ধ পাই...আমার চারপাশে ওর উপস্থিতি অনুভব করি।’‘আংকেল, আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি।’ ‘একটা কথা সব সময় মনে রেখো, ভালোবাসার হিসাব-নিকাশ যেন সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার ক্ষেত্রে বেশি হয়। কতটুকু পেয়েছি, সেটা বড় কথা নয়। কতটুকু দিতে পেরেছি, সেটাই বড় কথা।’‘থ্যাংক ইউ, আংকেল! রাতের শেষ বাসটা কি এখন আমি পাব? আমার যে ঢাকা যাওয়ার খুব দরকার।’ ‘পাবে, মনে হয় এখনো বেশি দেরি হয়নি। বেস্ট অব লাক।’ পান্না লাল সাহা