সেই ছবিটাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে পড়ে আজ থেকে প্রায় পাঁচ-সাত বছর আগের কথা...। আমার গ্রামের বাড়ি উত্তরবঙ্গে। সীমান্তের কাছাকাছি ছোট্ট একটা গ্রাম। দূরে হিমালয় দেখা যায়। দেখা যায় সেই হিমালয়ের গা ঘেঁষে উড়ে বেড়ানো হাজার হাজার মেঘরাশি...এই সময়টা ওই অঞ্চলের মানুষের জন্য সত্যিই অসাধারণ। না থাকে হাড়কাঁপানো শীত, না থাকে অসহ্য গরম। এমনি এক ভোরে ঘুম ভাঙল পায়রার বকবকম শুনে। চোখ মেলে দেখি টিনের চালের ছোট্ট ছিদ্র দিয়ে এক সূক্ষ্ম আলোকরশ্মি এসে পড়ছে আমার চোখে-মুখে। আর তার সঙ্গে মিশে আছে শীতের আগমনী বার্তা। এরপর আর বিছানায় শুয়ে থাকা যায় না। উঠে দেখি নীল আকাশ আর সবুজ ধানখেত মিলেমিশে একাকার হয়ে আছে। প্রতিটা ঋতুর বোধ হয় আলাদা গন্ধ আছে...আমি সেই গন্ধটাকে অনুভব করছিলাম। কী অপূর্ব। ধীরে ধীরে ধানখেতের আল ধরে হাঁটতে শুরু করলাম। এমন সময় চোখ পড়ল ধানখেতের ভেতরে কিছু মাকড়সার জালের ওপর। বোধ হয় ভাবছেন মাকড়সার জালও কি আবার মানুষের মনে সৌন্দর্য বোধ সৃষ্টি করে? না ঠিক তা নয়।
সেই জালের ওপর জমে ছিল ক্ষুদ্র ক্ষুদ্র শিশির কণা। দেখে মনে হচ্ছিল ক্ষুদ্র ক্ষুদ্র হীরক খণ্ড। পুরো জালটাকে মনে হচ্ছিল যেন একটা হীরার গয়না। আর পুরো ধানখেত সেজেছে এমন হাজারো হীরার গয়না দিয়ে...কী অসাধারণ দৃশ্য। দিনটি ছিল হেমন্তের প্রথম দিন। আজ যখন হেমন্ত আসে, আমি সেই ছবিটাকে খুঁজে ফিরি...