সেই ছেলেটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৩ সালের কথা। শিশুরোগ বিষয়ে এফসিপিএস করে এমডি করছি। থাকি মগবাজারে। একদিন সকালে পিজিতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। একজন ১৬-১৭ বছরের কিশোর রিকশা নিয়ে সামনে এসে দাঁড়াল, মনে হলো ঢাকায় নতুন। পিজি (বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল) হাসপাতালে যাবে কি না জানতে চাইলে সে বলল, ‘আমি তো চিনি না, আপনি আমাকে চিনিয়ে দেবেন, যা ভাড়া দেবেন।’

রিকশায় উঠে তার সঙ্গে কথা বললাম। জানলাম বাড়ি বরিশাল, সদ্য এসএসসি পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, আর পড়ানোর সামর্থ্য তার বাবার নেই। ঢাকায় এসেছে এক আত্মীয়ের সঙ্গে, কাজ করে কিছু টাকা জমিয়ে বাড়িতে ফিরবে, উচ্চমাধ্যমিকে ভর্তি হবে। তার স্বপ্ন সে ডাক্তার হবে।

পিজি হাসপাতালে নেমে তাকে ১০ টাকার বদলে ২০ টাকা দিতে চাইলে সে ১০ টাকাই নিল। বলল, ‘আমাকে যা ভাড়া তাই দিন, আমি কারও দান নিই না। আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন লেখাপড়া করে ডাক্তার হতে পারি’।

জানি না সেই ছেলেটি শেষ পর্যন্ত পড়ালেখা চালিয়ে যেতে পেরেছিল কি না। অনেক দিন আগের কথা, তারপরও মাঝেমধ্যেই মনের আকাশে উঁকি দেয় সেই কিশোর-কোমল মুখ আর স্বপ্নভরা তার দুটো চোখ।

তাহমীনা বেগম

ঢাকা