সেই ঢিল
বয়স তখন ১০ কিংবা ১১, পড়তাম পঞ্চম শ্রেণীতে। আমাদের গ্রামে ছিল প্রচুর পরিমাণে গাছপালা, তবে এর মধ্যে এক-তৃতীয়াংশ ছিল ফলদ গাছ। হঠাৎ একদিন আমার মামাতো ভাই জাহিদ আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমি তো তাকে দেখে মহা খুশি। ওকে নিয়ে গ্রামের এদিক-ওদিক ঘুরে বেড়াই। আমাদের পাশের বাড়ির কাকার গাছে প্রচুর পরিমাণে বরই ধরেছিল তখন। পেকে প্রায় লাল বাদামি রং লেগেছে তাতে। আর তা দেখে আমরা লোভ সামলাতে না পেরে, সঙ্গে সঙ্গে মাটি আর ইটের টুকরো দিয়ে ঢিল মারতে শুরু করি। গাছটি ছিল কাকার ঘরের পেছনে। আর কাকি বাড়ির উঠানে ধান নেড়ে দিচ্ছিলেন শুকানোর জন্য। ঠিক সেই সময় আচমকা একটি ইটের ঢিল এসে পড়ে কাকির চোখে! সঙ্গে সঙ্গে কাকি চিৎকার করে মাটিতে শুয়ে পড়েন! কাকির চিৎকার শুনে কাকা ঘর থেকে বের হয়ে দেখেন, কাকির চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। সবকিছু দেখে কাকা চিৎকার শুরু করলেন, আর আমরা ভয়ে দিলাম দৌড়! অপরাধবোধটা এখনও আছে।এস এম ইমরান হোসেন, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ।