সেই পদ্মা নদীর পাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার আব্বু ছিলেন কাজপাগল মানুষ। আমাদের সময় দিতে পারতেন খুব কম। তিন ভাইবোনের মধ্যে তাঁর সঙ্গে সবচেয়ে বেশি বেড়িয়েছি আমি।

সেটা রাজশাহীর পদ্মা নদীর ধারে। আব্বু প্রতিদিন ভোরে হাঁটতে যেতেন।

আব্বুর হাত ধরে হাঁটতে বের হতাম। একপর্যায়ে তাঁর সঙ্গে আর হাঁটতে পারতাম না। আব্বু হাঁটতেন আর আমি দৌড়াতাম।

প্রতিদিন রাজশাহী শহরের অলোকার মোড় থেকে কুমারপাড়া হয়ে বাবলা বন, পদ্মা নদীর ধার, শাহমুখদম মাজারের পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরতাম।

নদীর ধারে কয়েকটি জায়গায় বসার জন্য সিমেন্টের স্লাব ছিল।

সেখানে কিছু সময় বসে আমার সঙ্গে করতেন নানা রকম গল্প। একবার প্রচণ্ড গরমে পদ্মা নদীতে চর পড়ল।

আব্বু সেই চরের দিকে তাকিয়ে বললেন, ‘সোনিয়া, এই চরের ওপর দিয়ে মুক্তিযুদ্ধের সময় দল বেঁধে মানুষ ভারতে গেছে, হাজার হাজার মানুষ এই পথে হেঁটে প্রাণের ভয়ে পালিয়েছিল, কী ভয়ংকর সে দৃশ্য।

মাথায় বিশাল বড় বোঝা নিয়ে যাওয়ার সময় ক্লান্তি আর ক্ষুধায় কত মানষ যে চোখের সামনে মারা গেল, তাদের মৃতদেহটা নিয়ে যাওয়ার সুযোগ হলো না, ছিঁড়ে ছিঁড়ে মৃতদেহগুলোকে খেত পদ্মাপাড়ের শকুন।’

কথাগুলো বলার পরে কিছুক্ষণ চুপ করে থাকতেন। উদাস দৃষ্টিতে তাকিয়ে বললেন, ‘মা রে, আমি মরে গেলে তোদের অনেক কষ্ট হবে। তোদের অনেক পড়ালেখা করতে হবে।’

এমন কথা আমাকে কেন বললেন? যেকোনো নদীর চর দেখলেই আমার সেই দিনের স্মৃতির কথা খুব মনে হয়। আব্বু চেয়েছিলেন আমি যেন চিকিৎসক হই।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া সমাবর্তনের দিনে বিশেষ পোশাক পরে ছবি তুলছিলাম শহীদ মিনারের সামনে।

হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়লাম। আমার জীবনের এত বড় একটা দিনে ক্যামেরায় ছবি তোলার সময় মনটা চলে গেল পুরোনো একটা দৃশ্যে। সেই পদ্মা নদীর পাড়। যেখানে আব্বুর সঙ্গে মিশে আছে জীবনের সবচেয়ে বেশি স্মৃতি।

পদ্মা নদীটা এখনো আছে, বয়ে চলছে প্রতিনিয়ত, এখনো উড়ে মেঠোপথের ধূলিকণা, শুধু নেই আব্বু।

আমি চিকিৎসক হয়েছি। এটা আমার আব্বু চেয়েছিলেন। তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। তাঁর আশা পূরণ করতে পেরেছি। আমাকে অ্যাপ্রোন পরা দেখলে আব্বু কতই না খুশি হতেন।