সেই বদনী এবার উপজেলা নির্বাচনে
বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার সেই আলোচিত নারী আসামি মরিয়ম বেগম ওরফে বদনী মেম্বার এবার উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের গত দুই বারের নির্বাচত সদস্য। ২০০৩ সালে তিনি ওই ইউনিয়নে প্রথম সদস্য নির্বাচিত হন।
সূত্র জানায়, ২০০৪ সালে চট্টগ্রামের আনোয়ারার সিইউএফএল ঘাটে ১০ অস্ত্র আটক হয়। পরে সে ঘটনায় মামলা হলে এজাহারে নাম না থাকলেও অভিযোগপত্রে তাঁর নাম আসে। ওই মামলায় আটক হয়ে প্রায় ছয় মাস জেলও খাটেন তিনি। অবশ্য পরে জামিনে আসেন এবং মামলা মাথায় নিয়েই ২০১১ সালে পুনরায় নারী সদস্য নির্বাচিত হন। সম্প্রতি ওই মামলার রায়ে খালাস পান মরিয়ম। আর খালাস পেয়েই আগ্রহী হয়ে উঠেছেন উপজেলার নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার।
মরিয়ম বেগম প্রথম আলোকে বলেন, ‘আমাকে এলাকার মানুষ খুব ভালোবাসে। আমি রাত-বিরাতে ছুটে চলি তাঁদের বিপদ-আপদে। এবার পুরো উপজেলার মানুষের খেদমত করতে চাই। আশা করছি তাঁরা আমাকে ভোট দেবেন।’
অস্ত্র মামলায় খালাস পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই ঘটনার কারণে আনোয়ারাবাসী আমাকে ভালো করে জানেন, প্রমাণ হয়েছে আমি সৎ।’ কোন দল থেকে নির্বাচন করবেন জানতে চাইলে মরিয়ম বলেন, ‘আমি আওয়ামী লীগের কর্মী, তাই দল থেকেই প্রার্থী হতে চেষ্টা করব। তবে জনগণ আমাকে ভালোবাসে, তাই সেই দিকটাও ভাবতে হচ্ছে। ধরে নিতে পারেন আমি নির্বাচন করছিই।’
প্রসঙ্গত, ইতিমধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান রেহানা ফেরদৌস চৌধুরীকে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এখনো নির্বাচনী মাঠে আছেন আওয়ামী লীগ ঘরানার দুই নারী প্রার্থী কৃষক লীগের নেত্রী শাকিলা আহমদ ও হাইলধরের নারী ইউপির সদস্য উম্মে সাজিয়া সুলতানা। তা ছাড়া নির্বাচনী মাঠে আছেন বিএনপির একমাত্র প্রার্থী শিরিন আকতার ।