সেই বন্যাতেই পুড়ল কপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার ভয়ে এবার দেরিতে চারা রোপণ করেছিলেন দীঘিনালার কবাখালী এলাকার এই দুই কৃষক। তবে সেই বন্যাতেই শেষ পর্যন্ত নষ্ট হ​ে​য়ছে খেতের ফসল
বন্যার ভয়ে এবার দেরিতে চারা রোপণ করেছিলেন দীঘিনালার কবাখালী এলাকার এই দুই কৃষক। তবে সেই বন্যাতেই শেষ পর্যন্ত নষ্ট হ​ে​য়ছে খেতের ফসল

বন্যার আশঙ্কায় দেরিতে আমনের বীজ রোপণ করেছিলেন। কিন্তু সেই বন্যায় তাঁর কপাল পুড়ল। দুই একর আমনের খেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এখন আর নতুন করে বীজতলা তৈরি করে আমন রোপণ করা সম্ভব নয়। খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের কৃষক মো. মোরশেদ মিয়ার মতো অনেক চাষিরই এভাবে কপাল পুড়েছে।
এবার দীঘিনালার বহু কৃষক বর্ষার শুরুতে আমনের চাষ করেননি বন্যার ভয়ে। বর্ষার শেষ দিকে বীজ রোপণ করে ভেবেছিলেন এবার আর বন্যা হবে না। কিন্তু ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ঠিকই ভাসিয়ে নিল বীজতলা ও ফসলের খেত।
উপজেলার কবাখালী ইউনিয়নের কবাখালী বাজার এলাকায় গিয়ে দেখা যায়, মাত্র কয়েক দিন আগে রোপণ করা আমনের চারার ওপর পলির স্তর। পলি সরিয়ে মরে যাওয়া চারা খেত থেকে তুলে ফেলে দিচ্ছিলেন কয়েকজন চাষি।
চাষি মো. ফজল মিয়া বলেন, ‘বন্যা হবে এ আশঙ্কায় আমরা সবাই দেরিতে আমনের বীজ রোপণ করেছিলাম। আমি দেড় একর জমিতে আমন চাষ করেছি। খরচ জোগাতে মানুষের কাছ থেকে ঋণ করেছি। এখন বন্যায় আমনের চারা শেষ। ঋণও আর শোধ করতে পারব না।’
মেরুং ইউনিয়নের সোবাহানপুর এলাকার কৃষক মো. আব্দুল শুক্কুর চার একর জমিতে আমন বীজ রোপণ করেছিলেন বন্যার কিছুদিন আগে। তাঁর জমি এখনো পানির নিচে।
এক নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘আমার ইউনিয়নে বন্যায় ক্ষতি হয়েছে বেশি। ৩৭০ হেক্টর জমির আমনের চারা, আট হেক্টর জমির আমনের বীজতলা, ২৫ হেক্টর জমির পাকা আউশ ধান এবং ২০ হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে। এ ছাড়া বন্যায় ৮০০ পরিবারের বাড়ির ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত চাষি ও জমির পরিমাণ নিরূপণের জন্য মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে। তবে সব মিলিয়ে বন্যায় ৫৭০ হেক্টর আমন, ৪৮ হেক্টর আউশ ও ১৮ হেক্টর সবজি খেত পানিতে নিমজ্জিত হয়েছিল।