সেই বর্ষা, এই বর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার জন্ম বর্ষাকালে। সে কারণেই কিনা জানি না, ছোটবেলা থেকে বৃষ্টির রিমঝিম শব্দ আমাকে খুব টানে। স্কুলে না যাওয়া ছাড়াও দল বেঁধে মাছ ধরা, তাল কুড়ানো, নদী-পুকুরে লাফ-ঝাঁপ ছাড়া কম বৃষ্টির দিনই কেটেছে। বৃষ্টির দিনে টিনের চালার তলে বসে লুডু খেলা, খিচুড়ি খাওয়ার মতো আনন্দের তুলনা হয় না। ঝুম বৃষ্টিতে ফুটবল খেলা সব আনন্দকে ছাপিয়ে যেত। ছোটবেলায় মা-বাবার চোখ ফাঁকি দিয়ে নেমে পড়তাম বৃষ্টিস্নাত কর্দমাক্ত রাস্তায়। আর তাতে ব্যর্থ হলে দুঃখমোচন করার অপপ্রয়াস হিসেবে দাদু কাছে ডেকে গল্পগুজব শোনাতেন। চাচাতো ভাইয়েরা সবাই মিলে সেই আড্ডায় হাজির হতো। গ্রাম থেকে শহরে আসার পরও আমার বৃষ্টিবিলাস কমেনি। ছাতা হাতে নিয়ন বাতির মৃদু আলোয় প্রকৃতির কান্নার দৃশ্য অবলোকন করা থেকে রক্ষা পায়নি গভীর রাতও। গত বর্ষাকাল। আমি তখন শহরে। গ্রামে দাদু খুব অসুস্থ। পরীক্ষা চলতে থাকায় অসুস্থ দাদুকে দেখতে যাওয়ার সুযোগ হয়নি তখন। তা ছাড়া দাদু মাঝেমধ্যেই এ রকম অসুস্থ হতেন। ভেবেছিলাম, আবার সুস্থ হয়ে যাবেন। সেদিন রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মোবাইল ফোনটা রুমে রেখে বরাবরের মতো ছাতাটা নিয়ে সেদিনও বেরিয়েছিলাম পিচঢালা রাস্তায়। মনে পড়ছিল গ্রামীণ বর্ষকালের সেই শৈশবস্মৃতি। অসুস্থ দাদুর স্মৃতি। স্মৃতিবিজড়িত সেই বৃষ্টির সৃষ্টি উপভোগ শেষে রুমে ফিরে দেখি, বাবা বেশ কয়েকবার ফোন করে পাননি। শেষ পর্যন্ত এসএমএস করেছে চাচাতো ভাই। পরের দিনও খুব বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে আমি শিখেছি, বৃষ্টি শুধু আনন্দই দেয় না বরং চোখের পানিও ধুয়ে দেয়। এই বৃষ্টির সঙ্গে আছে কালো মৃত্যুর সম্পর্কও। বর্ষায় কবরে পানি উঠতে থাকলে ভেলা দেওয়ার জ্ঞানও আবিষ্কার করেছি সেদিন। দাদুর সঙ্গে আমার আর সাক্ষাৎ হয়নি, চাওয়া হয়নি দাদুর ব্যবহূত আমার পছন্দের কালো রঙের ছাতাটি। আমার বৃষ্টিপ্রেম দাদু জানতেন বলেই ছাতাটি আমার জন্য রেখে গেছেন। দাদুর দেওয়া উপহারটি এখনো আছে, তবে সেই ছাতা মাথায় দিয়ে এখন আর নিয়ন বাতি দর্শন হয় না। হয় না মাছ ধরা, ফুটবল খেলা। এখন কালো মেঘ দেখলে রাস্তায় নামি না। এখনকার বৃষ্টির সময় ছোটবেলার বৃষ্টির দিনের কথা মনে পড়লেও তাঁর ওপর প্রলেপ দেয় গত বর্ষাকাল। এখনকার বৃষ্টির শব্দের সঙ্গে শ্রীকান্ত আর রবীন্দ্রসংগীত ছাড়া কিছুই মানায় না। ইলিয়াস মুন্সীস্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।