সেই বিউটি বোর্ডিং...
শুরুর সময়ের গল্প বলছি, তখন দুই থেকে তিন টাকা ভাড়ায় এখানে থাকা যেত। সঙ্গে এক টাকায় একেবারে ঘরোয়া পরিবেশে খাওয়াদাওয়া। এখানে নিয়মিত আড্ডা চলত। সে সময় কবি শহীদ কাদরী আর এখানকার মালিক প্রহ্লাদ বাবুর পৃষ্ঠপোষকতায় জায়গাটি হয়ে ওঠে কবি-সাহিত্যিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গের আড্ডাস্থল। ইতিমধ্যে নিশ্চয় আপনারা বুঝে ফেলেছেন কোন জায়গার কথা বলা হচ্ছে! বিউটি বোর্ডিং—ঠিক ধরেছেন। ইতিবৃত্তবিউটি বোর্ডিং পুরান ঢাকার শ্রীশ দাস লেনে অবস্থিত একটি আবাসিক হোটেল। নবাবপুর পার হয়ে বাহাদুর শাহ পার্ক পেরিয়ে বাংলাবাজার। সেখান থেকে একটু এগিয়ে বাঁয়ে মোড় নিলে প্যারিদাস রোড। এই প্যারিদাস রোডের পাশেই শ্রীশ দাস লেন। এই লেনের ১ নম্বর বাড়িটি হলো বিউটি বোর্ডিং। এটি একটি পুরোনো জমিদারবাড়ি। ১৯৪৭ সালের দেশ বিভাগ-পরবর্তী সময় জমিদার পরিবারটি ভারত চলে গেলে এখানে একটি ছাপাখানা গড়ে ওঠে। সেখান থেকেই বের হতো সোনার বাংলা নামের একটি পত্রিকা। দেশ বিভাগের পরপরই বাংলাবাজার এলাকা মুদ্রণ ও প্রকাশনাশিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তখন থেকেই শিল্পী-সাহিত্যিকদের আড্ডার প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায় বিউটি বোর্ডিং। সোনার বাংলা পত্রিকা অফিসটি কলকাতা চলে গেলে পত্রিকার মালিক সুধীর চন্দ্র দাসের কাছ থেকে জায়গাটা বুঝে নেন প্রহ্লাদ চন্দ্র সাহা ও তাঁর ভাই নলিনী কান্ত সাহা। তারপর সোনার বাংলা প্রেসের জায়গায় শুরু করেন আবাসিক হোটেল ও রেস্তোরাঁর ব্যবসা। বিউটি বোর্ডিংবাইরে বিশাল সাইনবোর্ড আর ভেতরের চমৎকার ফুলবাগান ও খোলা প্রান্তর পেছনে ফেলে বিউটি বোর্ডিংয়ের মূল ভবন। প্রবেশের পর ডান দিকে পড়বে অফিসঘরটি। বাঁয়ে বিউটি বোর্ডিংয়ের খাবারঘর। একটু ভেতরে বিশাল রসুইঘরটি নজরকাড়া। আর বাকি জায়গার ওপর-নিচে রাত যাপনের ব্যবস্থা। যার ভাড়া এখন সিঙ্গেল রুম ২০০ টাকা, ডাবল ৩০০ টাকা। প্রায় নয় কাঠা জায়গার ওপর বিউটি বোর্ডিংয়ের স্থাপনা। বিউটি বোর্ডিংয়ের প্রতিষ্ঠাতা প্রহ্লাদ বাবু মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এখন এর পরিচালনার দায়িত্বে আছেন তাঁর দুই ছেলে।এখনো প্রতিদিন দুপুরে ভোজনরসিকদের ভিড় চোখে পড়ার মতো। এর একটা বিরাট অংশ পাশের বইয়ের বাজারের ক্রেতা-বিক্রেতারা। অনেক বিদেশির দেখা মেলে তাঁদের বন্ধুবান্ধবের সঙ্গে। খাবার পরিবেশনাও চমৎকার। স্টিলের গোলাকার থালার সঙ্গে স্টিলের গ্লাস। নিজ হাতে থালা ধুয়ে নিলে পরেই পাতে পড়বে সাদা ভাত। থালার এক কোনায় দেওয়া হবে লবণ আর লেবুর সঙ্গে কাঁচা মরিচ। এবার আপনার পছন্দসই খাবার বেছে নিন। কী খাবেনএখানে পাওয়া যায় দেশি রুই মাছের বড় পেটি, খল্লা মাছ, বাটা মাছ, পুঁটি, চাপিলা, বোয়াল, পাবদা, আর সরষে ইলিশ, সঙ্গে দেশি মুরগির কারি। সবজি হয় নানা রকমের। বেগুন ভাজি, করলা ভাজি, কচুশাক, লালশাক, কলাভর্তা, শিম ও মৌ-শিমভর্তা আর ধনেপাতার ভর্তা প্রতিদিনকার মেনু। সকালে একসময় আটার রুটির রেওয়াজ ছিল। এখন সকালে ভাত, আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল করা হয়। রাতে রান্না সীমিত। এক পদ মাছ, সবজি আর ডাল। তবে দই এখানে তিন বেলাই পাওয়া যায়। এখানকার মূল আকর্ষণ হচ্ছে সরষে ইলিশ। সারা বছরই এখানে সরষে ইলিশ পাওয়া যায়। দাম ১২০ থেকে ১৩০ টাকা।