
সকালবেলা কিছুক্ষণ হাঁটা আমার অনেক দিনের অভ্যাস। প্রতিদিনের মতো সেদিনও সকালে হেঁটে বাসায় ফিরছিলাম। হঠাৎ দেখি, একটা রিকশার নিচে একটা ছোট বিড়ালের বাচ্চা বসে আছে। স্বভাবতই, দেখামাত্র আমি ব্যাগ থেকে খাবার বের করে ওকে খেতে দিলাম। কিন্তু আশ্চর্যজনকভাবে বাচ্চাটা খাবার না খেয়ে মুখ ঘুরিয়ে অন্য দিকে হেঁটে যেতে শুরু করল। প্রচণ্ড রোদ ছিল সেদিন এবং এ রকম প্রখর রোদের মধ্যে একটা বিড়ালের বাচ্চার বসে থাকা প্রথম থেকেই আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না।
আমার সন্দেহ সত্যি প্রমাণিত হলো, যখন দেখা গেল বাচ্চাটির হাঁটা অবস্থায় ওর বাঁ পায়ে একটা জায়গায় ঘা এবং প্রচুর পরিমাণে পুঁজ পড়ছে ক্ষতস্থান থেকে। আমি নায়লা নাঈম, এ পর্যন্ত যতগুলো পশুপাখি নিয়ে কাজ করেছি, তাতে আমার পশুপাখির কোনো রোগ বা ক্ষত দেখে কোনো অরুচি বা অভক্তি হয় না। কিন্তু সেখানে বাচ্চাটির অবস্থা দেখে, যেখানে ওর পা গলে পড়ছে, সেটা দেখে আমার বমি পেয়ে যায়। ওর অবস্থা দেখে কী করব বুঝতে পারছিলাম না। বাসায় আমার পালিত বিড়ালের সংখ্যা অনেক বেশি। সুতরাং, অন্য বিড়ালগুলোর জন্য হলেও; ওকে এ রকম অসুস্থ অবস্থায় বাসায় নিয়ে গিয়ে পালা আমার কাছে সম্ভব মনে হচ্ছিল না। সে কারণে ওকে আমি রাস্তার পাশের রিকশার গ্যারেজটির ভেতর রেখে এলাম। এর পরের ছয় দিন প্রতিদিন সকাল নয়টায় এবং রাত নয়টায় সময় করে অ্যান্টিবায়োটিক ওষুধ, অ্যান্টিবায়োটিক মলম, অ্যান্টিবায়োটিক পাউডার দিই। এ ছাড়া অ্যান্টিবায়োটিক ওয়াশ, অ্যান্টিবায়োটিক মুখে খাইয়ে ওকে ট্রিটমেন্ট করি। ওকে আমি যেভাবে পেয়েছি, দেখেই বোঝা যাচ্ছিল, ও প্রায় পাঁচ দিনের অভুক্ত ছিল এবং ইনজুরির কারণে ও নিজে থেকে খাবার খুঁজে নিয়ে কিছু খেতে পারেনি।

আমার যতদূর সম্ভব ধারণা, পার্শ্ববর্তী একটি বাসার তিনতলার ছাদ থেকে ও দুই বিল্ডিংয়ের মাঝের কাঁটাতারের মধ্যে পড়ে যায়। যার কারণে ওর ঊরু এবং পায়ের বড় একটি অংশ আলাদা হয়ে যায়। ওই জায়গায় ইনফেকশন হয়ে পুঁজের সৃষ্টি হয় এবং প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ছয় দিন ট্রিটমেন্টের পরে, চেম্বার করে বাসায় ফিরে বা (ফটো) শুট করে বাসায় ফিরে ওকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে ভুল করিনি একটা দিনের জন্যও। রিকশাওয়ালাদের গ্যারেজ হওয়াতে সেখানে প্রচুর লোকজনের আনাগোনা ছিল। সেখানে বক্স বানিয়ে একটা কোনায় তার মধ্যে রেখে ওকে খাইয়েছি। তার পরও তাদের প্রতি কৃতজ্ঞতা যে তারা বিড়ালটিকে থাকার মতো একটা স্থান দিয়েছিল। কিন্তু ওর অবস্থা দেখে আমার মনে হয়, ওর যে অবস্থা তাতে আমাকে পরবর্তী দুই মাস এইভাবে এসে ওর যত্ন ও খেয়াল নিতে হবে। এর মধ্যেই ওর শরীরের আস্তে আস্তে উন্নতি হতে শুরু করল। ও নিজে থেকেই মাছ বা মাংস খেতে পারছিল। কিন্তু প্রচণ্ড ব্যস্ততার কারণে আমি শুধু ওকে খাইয়ে কাজে বেরিয়ে যেতাম; ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ও সুযোগও হয়ে উঠছিল না।
এত ব্যস্ততার মধ্যেও রাতে ফিরে ওকে খাওয়ানোর কথাটা সবকিছুর আগে মনে আসত। অ্যান্টিবায়োটিক খাইয়ে যখন ওকে দেখে একটু সুস্থ মনে হলো, তখন আমি ওকে পশু হাসপাতালে নিয়ে যাই এবং ফাইনাল ড্রেসিং ও হাইপার অ্যান্টিবায়োটিক দিয়ে পরে ওকে আগের জায়গায় না রেখে বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত নিই। ড্রেসিং দেওয়ার সময় ওর ক্ষতস্থানের ও আশপাশের লোমগুলো চেঁছে ফেলে দিল, যাতে চামড়াছাড়া ক্ষতস্থানে লেগে জায়গাটা শুকাতে সমস্যা না হয়। এর পর থেকে আজ প্রায় ২০ দিন সে আমার বাসায়। সে মোটামুটি সুস্থ এখন এবং আরও দুই মাস লাগবে পুরোপুরি সুস্থ হতে। সবাই ওর জন্য দোয়া করবেন।
৩ অক্টোবর, ২০১৪