সেই বিনোদন পার্কের নির্মাণকাজ এখনো চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে রামু উপজেলার চেইন্দা এলাকায় ২২০ একর ফসলি জমি, সড়কের পাশে সরকারি জমি ও খাল দখল করে বিনোদন পার্কের নির্মাণকাজ বন্ধ হয়নি। নির্মাণকাজ বন্ধে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। ১ মে প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামে ‘রামুতে ধানি জমিতে বিনোদন পার্ক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা ওই এলাকা পরিদর্শন করেন। তারপরও সেখানে নির্মাণকাজ চলছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জানান, ১১ মে দুপুর দেড়টায় তাঁদের সংগঠনের একটি দল ওই এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁরা সেখানে নির্মাণকাজ চলতে দেখেন।১২ মে দুপুরে সরেজমিনে দেখা গেছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিশাল জমি ভরাট করে তাতে একাধিক বহুতল ভবন তৈরি হচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রমিকেরা ভবনের নির্মাণকাজ করলেও তাতে কেউ বাধা দিচ্ছেন না। এ সময় লাঠি হাতে কয়েকজন যুবককে প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রায় সব মহলকে বশ করেই এই বিনোদন পার্ক তৈরি হচ্ছে। গত তিন মাসে সড়ক বিভাগের জমি ভরাট করে প্রকাশ্যে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে, ভেতরে একাধিক বহুতল ভবন তৈরি করা হয়েছে। অথচ কেউ বাধা দিচ্ছেন না। এ প্রসঙ্গে সওজ কক্সবাজার নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গির আলম জানান, ‘বিনোদন পার্ক (অ্যামিউজমেন্ট ক্লাব) নির্মাণের জন্য সওজের মালিকানাধীন খাল ও জমি দখল করে ভরাট করা হচ্ছে। সরেজমিন গিয়ে এর সত্যতাও পাওয়া গেছে। কিন্তু লোকবলসংকটের কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী জানান, ‘সড়কের পাশে জমি ভরাট করায় সম্প্রতি কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ওপর নির্মিত একটি কালভার্ট অকার্যকর হয়ে পড়েছে। বৃষ্টির পানি বাড়লে এখানে জলাবদ্ধতাসহ বন্যা হবে। তখন মানুষের দুর্ভোগ বাড়বে। তিনি আরও জানান, ‘সড়ক বিভাগের জমি ও খাল দখল করে ক্লাব নির্মাণ ও ভরাট করায় ক্লাব কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু নোটিশের জবাব না দিয়ে তারা উল্টো ক্লাবে যাতায়াতের রাস্তা তৈরির চেষ্টা করছে এবং সরকারি জমি বরাদ্দের জন্য আমাদের কাছে একটি আবেদন করেছে। কিন্তু সরকারি জমি বলে আমরা অনুমতি বা বরাদ্দ দিইনি। তারপরও কয়েক দিনের মধ্যে নোটিশের জবাব না পেলে আইনানুগ ব্যবস্থা নেব।’ পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, ‘১ মে ওই এলাকা পরিদর্শন করে তিন ফসলি জমিতে মাটি ভরাট করে ক্লাবের জন্য বহুতল ভবন নির্মাণ করতে দেখেছি। এরপর ক্লাবের বিপরীতে বৈধ কাগজপত্র সরবরাহ করতে পার্ক কর্তৃপক্ষকে বলা হয়েছে। তারা এ জন্য তিন সপ্তাহ সময় নেয়। ২১ মে এ সময় শেষ হবে। এরপরও কাগজপত্র সরবরাহ না করলে ব্যবস্থা নেওয়া হবে।’পাহাড়কাটা মাটি দিয়ে সরকারি ও ধানি জমি ভরাট এবং ভরাট করা জমিতে বহুতল ভবন ও সীমানাপ্রাচীর তৈরির পর মামলা করে কী হবে—এ প্রশ্ন করলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘একটু অপেক্ষা করুন। কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে ভালো খবর জানতে পারবেন।’ বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, বহিরাগত ভূমিদস্যুদের অপতৎপরতা বন্ধে ১৯ মে ২২টির বেশি সামাজিক সংগঠনের বৈঠক ডাকা হয়েছে। বিনোদন পার্কের পরিচালক জি এম সরওয়ার এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘লোকজনের চলাচলের সুবিধার্থে আমাদের খরচে সড়কের পাশে সওজের জমি ভরাট করে রাস্তা প্রশস্ত করা হয়েছে। বর্ষার পানি চলাচলের সুবিধার্থে বুলডোজার দিয়ে মাটি কেটে খাল বড় করা হচ্ছে। পরবর্তীকালে খালের দুই পাশে পাথর বসিয়ে আধুনিক পদ্ধতিতে সাজিয়ে তোলা হবে। এতে স্থানীয় ব্যক্তিদের কোনো সমস্যা হচ্ছে না।’ তিনি জানান, সরকারের পর্যটন মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে বিনোদন পার্ক নির্মাণের কাজ চলছে। তিনি মসজিদ ও চাষিদের জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিনোদন পার্কটি তৈরি হলে এলাকার চেহারা পাল্টে যাবে। তখন ক্লাবের দৃষ্টিনন্দন বিনোদন উপভোগ করতে সারা দেশ থেকে লোকজন ছুটে আসবেন। পার্ক নির্মাণ প্রকল্পের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন জানান, চেইন্দা এলাকায় ৪০০ বিঘা জমি কিনে তিনি ১৫০ বিঘা জমিতে আন্তর্জাতিক মানের বিনোদন পার্ক (অ্যামিউজম্যান্ট ক্লাব) ও ১৫০ বিঘা জমিতে চলচ্চিত্র শিল্পকেন্দ্র তৈরি করছেন। রাতযাপনের জন্য তৈরি করা হবে আন্তর্জাতিক মানের ২০টি কটেজ। বিনোদনের জন্য শিশুপার্ক, ন্যাচার পার্ক ও কয়েকটি আধুুনিক মানের রেস্তোরাঁ নির্মাণের পরিকল্পনা রয়েছে। জমি কেনা বাদে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান জানান, বিনোদন পার্ক তৈরির জন্য এটি কখনো উপযুক্ত স্থান হতে পারে না। সৈকত এলাকার কোনো নির্জন স্থানে বৈধভাবে পার্কটি নির্মিত হলে পর্যটনশিল্পের কিছুটা উন্নতি হতো। কক্সবাজার সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি আবদুল বারী ও কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, ‘চাষিদের ক্ষতি করে বিনোদন পার্ক নির্মাণের অধিকার কারও নেই। এ ব্যাপারে জনমত তৈরি করে অবৈধ তৎপরতা বন্ধের উদ্যোগ চলছে।’ রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, ‘আদালতের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পার্কের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য অভিযুক্তদের নোটিশ দেওয়া হয়েছে। তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে পার্কের নির্মাণকাজ চলছে কি না অনুসন্ধান করা হচ্ছে।’ তিনি জানান, ফসলি জমি ভরাট করে কোনো ধরনের স্থাপনা তৈরির জন্য এ পর্যন্ত কাউকে অনুমতি দেওয়া হয়নি।উল্লেখ্য, রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় ২২০ একর ফসলি জমিতে বিনোদন পার্ক নির্মাণের বিরুদ্ধে স্থানীয় কয়েকজন কৃষক মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রভাবশালীমহলটি নিজেদের (চাষিদের) ব্যাক্তিমালিকানাধীন আট একর জমি দখল করে তাতে ‘ফিল্ম ইন্ডাস্ট্রি’ তৈরি করছে। তা ছাড়া সওজ বিভাগের আট একর খাসজমি দখল করে নিয়েছে। দারোগারছড়া মাতব্বরডেপা এলাকার আরও ১০০ একর চাষযোগ্য জমি দখলের পাঁয়তারা করছে। এ নিয়ে যেকোনো সময় গ্রামবাসীর সঙ্গে প্রভাবশালীমহলের ভাড়াটে সন্ত্রাসীদের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গত ৬ ফেব্রুয়ারি অতিরিক্ত হাকিমের আদালত ওই এলাকায় নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।