কামরুন্নাহার বেগম। ইচ্ছে ছিল শিক্ষক হবেন—হয়েছিলেনও। একপর্যায়ে অসহায় নির্যাতিত নারীদের দুরবস্থা দেখে তাঁদের সহায়তার লক্ষ্যেবেছে নেন আইন পেশা। পেশা এবং ব্যক্তিগত জীবনে মুখোমুখি হয়েছেন নানা সমস্যার। তবু থেমে থাকেননি। তাঁর নানা রঙের দিনগুলোর কথা বলেছেন মুহাম্মদ শামসুল হককেইচ্ছে ছিল পড়ালেখা শেষে শিক্ষক হব। বিশেষ করে বিএড কলেজের অধ্যাপক হব—এমন ভাবনা ছিল। রাঙ্গুনিয়া কলেজে বছর তিনেক অধ্যাপনা করেছিও। কিন্তু শেষ পর্যন্ত আইনজীবী স্বামীর চেম্বারে গিয়ে নির্যাতিত নারীদের কষ্টের কাহিনি শুনে মত পরিবর্তন করে আইনপেশায় আসার সিদ্ধান্ত নিই। একজন নারী হিসেবে নারীদের সাহায্যে আসতে পারাটা আমার কাছে মুখ্য হয়ে দাঁড়ায়। আইন পেশা থেকে মানবাধিকার বিশেষত নারীদের স্বার্থ রক্ষায় সাধ্যমতো চেষ্টা করেছি। অর্থ উপার্জন নয়, সেবাকে মূল ব্রত হিসেবে নিয়েছি। পটিয়ার খানমোহনা গ্রামে আমার জন্ম। বাবা আবদুল মালেক চৌধুরী ছিলেন চট্টগ্রাম বন্দরের জ্যেষ্ঠ কল্যাণ কর্মকর্তা। শিশুকালে প্রথমদিকে বাবা-মার সঙ্গে বন্দর কলোনির বাসায় থেকেছি। পরে বাবা গ্রামে বাড়ি করলে বাবা-মার সঙ্গে গ্রামে চলে যাই। সেখানেই দক্ষিণ ভূর্ষি প্রাথমিক ও উচ্চবিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করি। এইচএসসি ও স্নাতক পাস করি মহসিন কলেজ ও রাউজান কলেজ থেকে। উচ্চমাধ্যমিকে পড়ার সময় বাবার ইচ্ছায় বিয়ে হওয়া, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সেই অস্বাভাবিক পরিস্থিতিতে মা হওয়াসহ নানা দুঃখ-কষ্টের কারণে পড়ালেখায় কয়েকবছর পিছিয়ে পড়ি। ১৯৮০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ৮১ সালে বিএড ডিগ্রি লাভ করি। শৈশব ও কৈশোরে শিক্ষাজীবনের আনন্দময় স্মৃতিগুলো মনে পড়লে আমি যেন অতীতেই হারিয়ে যাই। আমি ছিলাম খুবই শান্ত প্রকৃতির, ঝগড়া-বিভেদ পছন্দ করতাম না। সারাক্ষণ ব্যস্ত থাকতাম পড়ালেখা নিয়ে। প্রত্যেক শ্রেণীতেই দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করতাম। তবে বিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিতাম। বান্ধবীদের সঙ্গে দলবেঁধে যাত্রাপালা অনুষ্ঠান উপভোগ করা এবং আড্ডা দেওয়ার আনন্দটাই ছিল আলাদা। মনে পড়ে বিদ্যালয়ের মাঠে সিরাজুদ্দৌলা নাটকে অভিনয় এবং বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে বান্ধবীদের সঙ্গে গান করার পর দর্শকদের হাততালি পাওয়ার মজার মুহূর্তগুলোর কথা। গ্রামে তখনো মুসলমান মেয়েদের পড়ালেখার ব্যাপারে তেমন সচেতনতা ছিল না। আমাদের শ্রেণীতে ১৪-১৫ জন মেয়ের মধ্যে আমি ছিলাম একমাত্র মুসলমান। গ্রামের অন্য ছেলে-মেয়েরা স্পঞ্জ স্যান্ডেল ও সাধারণ পোশাক পরে বিদ্যালয়ে গেলেও আমি একমাত্র জুতা-মোজাসহ ভালো জামা-কাপড় পরতাম। অনেক সময় আধুনিক ডিজাইনের পোশাক পরে বিভিন্ন অনুষ্ঠান কিংবা গ্রামের এ বাড়ি-ও বাড়ি বেড়ানোর সময় সাধারণ ছেলে-মেয়েরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকত। কেউ কেউ মুখ টিপে হাসতও। মূলত শৈশবের প্রথম কয়েক বছর শহরে থাকায় আমি ছিলাম অনেকটা গ্রামীণ সংস্কৃতির গণ্ডিমুক্ত। বিশেষ করে বাবা শিক্ষানুরাগী, সমাজকর্মী ও সংস্কারমুক্ত হওয়ায় আমার আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে তেমন অসুবিধা হয়নি। আমাদের দেখাদেখি অনেকেই ধীরে ধীরে ছেলে-মেয়েদের লেখাপড়া এবং পোশাক-আশাকে পরিবর্তন আনতে শুরু করে। এসব আমার ভালো লাগত। তবে উচ্চশিক্ষা নেওয়ার সময় থেকে বেশকিছু দুঃখজনক পরিস্থিতির স্মৃতিও আমাকে তাড়া করে বেড়ায়। উচ্চমাধ্যমিকে পড়ার সময় সমাজ-সংসার সম্পর্কে কিছু বুঝে ওঠার আগেই অনিচ্ছাসত্ত্বেও আমাকে বিয়ে করতে হয়। ওই দিনের মানসিক কষ্টের বোঝা এখনো বয়ে বেড়াতে হচ্ছে মনে মনে। এদিকে পড়ালেখা বা সংসার কোনোটা গোছানোর আগেই শুরু হয় একাত্তরের মুক্তিযুদ্ধ। চলে যাই স্বামীর বাড়ি রাঙ্গুনিয়া থানার সুখবিলাস গ্রামে। স্বামী আইনজীবী নুরুচ্ছাফা তালুকদার ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও থানা আওয়ামী লীগের সহসভাপতি। স্বামীর বাড়ি থেকে প্রায় এক মাইল পশ্চিমে খুরুশিয়া পাহাড় ছিল মুক্তিযোদ্ধাদের ট্রানজিট ক্যাম্প। প্রতিদিন প্রায় ৬০-৭০ জন লোকের খাবার রান্না করে সেখানে পাঠানোর দায়িত্ব ছিল আমার ওপর। এ ছাড়া বিভিন্ন এলাকার বেশ কিছু হিন্দু পরিবারের নারী-পুরুষ সদস্য ভারতে যাওয়ার পথে দুষ্কৃতকারীর কবলে পড়লে কিংবা পথে অসুস্থ হলে আশ্রয় নিত আমাদের বাড়িতে। চার-পাঁচ দিন পর এক পরিবার যেত তো আরেক পরিবার আসত। সবার খাওয়া-দাওয়া থাকার ব্যবস্থা করতাম আমি। মুক্তিযোদ্ধাদের খাওয়া-দাওয়া ও আশ্রয়দানের ব্যাপারে শিলক ইউনিয়নের চেয়ারম্যান নজির আহমদও বিশেষভাবে সাহায্য করেন। আশপাশের লোকজনও কাপড়-চোপড় তরিতরকারি দিয়ে সাহায্য করতেন। জুলাইয়ের প্রথম দিকে পাকিস্তানিরা এলাকায় হানা দিয়ে কয়েকজন নিরীহ মানুষ খুন করে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। আমি ছিলাম অন্তঃসত্ত্বা। এ সময় আমার পেটে ব্যথা ওঠে। উপায়ান্তর না দেখে পালিয়ে পাহাড়ের পাদদেশে ফলাহাদিয়া গ্রামের একটি খামার বাড়িতে মাজনির মার কুঁড়েঘরে আশ্রয় নিই। ৩ জুলাই রাতে সেই ঘরে শাসরুদ্ধকর পরিস্থিতিতে আমার মেয়ে (বর্তমানে চিকিত্সক) আইরিন সুলতানা জন্ম নেয়। ওষুধ নেই, চিকিত্সা নেই। স্বামী বনজঙ্গলে মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যস্ত। এ অবস্থায় বুঝতেই পারেন আমার শারীরিক-মানসিক অবস্থা কী হতে পারে। কিছুদিন পরে সেখানে পাকিস্তানি সেনারা আসছে জেনে এক মাসের মেয়েটিকে নিয়ে নৌকা ও বাসে করে পটিয়ায় বাবার বাড়ি চলে আসি। কিন্তু সেখানেও পাকিস্তানিরা আমাদের বাড়ির দিকে এসে বাবার ছয়টি দোকান জ্বালিয়ে দেয়। মায়ের অনুনয়-অনুরোধে বাড়িটি কোনো রকমে রক্ষা পায়। একপর্যায়ে সেখানেও নিরাপদ নয় দেখে আবার রাঙ্গুনিয়ায় ফিরে এসে আনাখাতুন নামে এক মহিলার কাঁচাঘরে আশ্রয় নিই। সেই মাজনির মা ও আনাখাতুনের কাছে আজীবন আমি কৃতজ্ঞ থাকবো। যুদ্ধ শেষে আমরা আবার শহরের জামালখান এলাকার বাসায় ফিরে এলেও বাচ্চার দেখাশোনা ও শারীরিক-মানসিক অবস্থার কারণে পড়ালেখা শুরু করতে বেশ দেরি হয়ে যায়। কর্মজীবন শুরু হয় ১৯৮১ সালে পলোগ্রাউন্ড উচ্চবিদ্যালয়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে। ১৯৮৫ সালে প্রভাষক হিসেবে যোগ দিই দক্ষিণ রাঙ্গুনিয়া কলেজে। স্বামী নুরুচ্ছাফা তালুকদারের চেম্বারে প্রায় সময় যেতাম কৌতূহলবশত। সেখানে এবং বাসায় আসা বিভিন্ন দুস্থ, অসহায়, নির্যাতিত নারীদের করুণ কাহিনি শুনে আমার মনটা অস্থির হয়ে ওঠে। তাঁদের অসহায়ত্বের সুযোগে একশ্রেণীর আইনজীবী ও সহকারী এবং দালালের যেনতেন প্রকারে অর্থ উপার্জনের প্রয়াস দেখে আমার খুব কষ্ট হয়। এ ছাড়া বিভিন্ন সংবাদপত্রে মেয়েদের হত্যা, আত্মহত্যা, ধর্ষণ, পাচার ইত্যাদি সংবাদ পড়ে আমি স্থির থাকতে পারি নি। সিদ্ধান্ত নিলাম সমাজের অবহেলিত-অসহায় নারীর পাশে দাঁড়াব এবং এটা করতে হলে আমাকে আইনপেশায় আসতে হবে। তাই শিক্ষকতার পাশাপাশি আইন কলেজে ভর্তি হয়ে এলএলবি ডিগ্রি নিয়ে ৮৮ সালের এপ্রিলে চট্টগ্রাম জজ আদালতে যোগ দিই। ৯১ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হই। আইনজীবী হিসেবে চট্টগ্রাম জজ আদালতে প্রথম দিনটি আমার কাছে এখনো স্মরণীয়। ওই সময় নারী আইনজীবী ছিলেন দুজন হিন্দু—সন্ধ্যা রানী ও বেবী রানী। এর আগে একমাত্র মুসলিম নারী আইনজীবী ছিলেন রেবেকা সুলতানা। আমি যোগ দেওয়ার আগেই তিনি ঢাকায় চলে যান। কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী আমাকে স্বাগত জানিয়ে খুবই উত্সাহ দেন এবং শুভেচ্ছাস্বরূপ ৫০-১০০ টাকা করে সম্মানী দেন। প্রথম দিনই ৫০০ টাকা সম্মানী পাই যা নতুন আইনজীবী হিসেবে খুবই আনন্দের ব্যাপার ছিল। পরবর্তীকালে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে বিশেষ করে কোনো মামলায় ধারা নিয়ে জটিলতা দেখা দিলে ফোন করলেই তাঁরা আমাকে সহযোগিতা করতেন। এ প্রসঙ্গে জহুরুল হক, বদিউল আলম, আমিনুল ইসলাম, আহমদ হোসেন প্রমুখ আইনজীবীর কথা এ মুহূর্তে বেশি মনে পড়ছে। তাঁদের অনুপ্রেরণা পরবর্তীকালে স্বচ্ছন্দে সাধারণ মানুষের পক্ষে কাজ করতে সহায়ক হয়েছে।আইনজীবী হিসেবে নানা তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হই বিভিন্ন সময়। আমি আর্থিক সহায়-সম্বলহীন, স্বামী পরিত্যক্ত নির্যাতিতা নারীদের অনেক মামলা মানবিক কারণে বছরের পর বছর বিনা ফিতে পরিচালনা করেছি। কিন্তু কোনো কোনো আইনজীবী তা পছন্দ করতেন না। অনেক নির্যাতিত নারী বিচারিক ও পুলিশি হেফাজতে যেতে চাইতেন না ভয়ে। আবার কেউ কেউ নিজবাড়িতেও যেতে চাইতেন না সামাজিক নিরাপত্তার অভাব বা প্রতিপক্ষের হামলার আশঙ্কায়। এরকম মেয়েদের আমি নিজ জিম্মায় বাসায় এনে থাকা-খাওয়ার ব্যবস্থা করি। দু-একটি ঘটনার কথা মনে পড়ছে। ২০০১ সালের ঘটনা। একদিন নারী ও শিশু নির্যাতন দমন আদালত খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙা থানার এক মামলার ছয় আসামির জামিন আবেদন নাকচ করে তাদের জেল হাজতে পাঠান এবং নির্যাতিত মেয়েটিকে বিচারিক হেফাজতে রাখার আদেশ দেন। মেয়েটির বয়স ১৪-১৫। বিচারিক হেফাজতে দেওয়ার কথা শুনে তার চোখে পানি এসে যায়। ভীতিবিহ্বল অবস্থা দেখে আমার মনও ভীষণভাবে পীড়িত হয়। একজন মানবাধিকারকর্মী হিসেবে মেয়েটিকে আমার জিম্মায় দেওয়ার জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করে মেয়েটিকে নারী নির্যাতন প্রতিরোধ সেলে রাখার আদেশ দেন। বাসায় আনার পর তার আচার-আচরণ ও কথাবার্তায় জানা যায়, সে রুচিসম্পন্ন পরিবারের মেয়ে। পাশের বাড়ির এক ছেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ঘরছাড়া করেছে। নারী নির্যাতন প্রতিরোধ সেলে নেওয়ার কথা শুনে সে এতই বির্মষ হয়ে পড়ে যে তাকে সেখানে পাঠাতে মন চাইল না। এক মাসেরও বেশি সময় নিজের বাসায় রাখার পর তার এক বড় ভাই এসে তাঁর জিম্মায় নিয়ে যান। মিরসরাইয়ের এক হত্যা মামলার আসামি। বয়স প্রায় ৯০ বছর। সাত-আট বছর মামলা চলার পর মামলাটি পরিচালনার দায়িত্ব আমি নিয়ে আসামির জামিন করাই। কিন্তু লোকটির জন্য জামিননামা দেওয়া বা তাঁকে নেওয়ার মতো কোনো লোক পাওয়া গেল না। বয়স এবং অসুস্থতার কারণে হাঁটার শক্তিও হারিয়েছিলেন তিনি। আমি নিজ উদ্যোগে টাকা দিয়ে লোক মারফত বৃদ্ধকে তাঁর বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি মানবিক কারণে। (মামলা নম্বর এসটি-৫০/৯৭)।এরকম কার্যক্রম বিশেষ করে নারী নির্যাতন মামলা পরিচালনা থেকে বিরত থাকার জন্য কোনো কোনো সময় আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে উড়ো চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু আমি আমার কর্তব্যে অবিচল থেকেছি।নারী নির্যাতন প্রতিরোধ, আদালতের ভূমিকা, সরকারের করণীয় এবং নারীদের উচ্চশিক্ষা ও স্বাবলম্বী হওয়ার গুরুত্ব সম্পর্কে পত্রপত্রিকায় লেখালেখি, বেতার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের আলোচনায় বহুবার অংশ নিয়ে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করেছি। ১৯৯২-২০০০ সাল পর্যন্ত সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও ২০০৯ সালে বিভাগীয় ট্রাইব্যুনাল সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পাই। বিভিন্ন সময়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পরবর্তীকালে মানবাধিকার কমিশন চট্টগ্রামের সভাপতি, বিভাগীয় সমন্বয়ক, হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন, চট্টগ্রাম জেলা মহিলা আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক এবং মানবাধিকার কমিশনের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করি। এ ছাড়া দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম লেডিস ক্লাব, বাংলাদেশ মহিলা সমিতি, লেখিকা সংঘ, মা ও শিশু হাসপাতাল, চাটগাঁ ভাষা পরিষদসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত থেকে উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। ইতিমধ্যে রাঙ্গুনিয়ার সুখবিলাস মসজিদের জন্য নিজ অর্থে ২০ শতক জায়গা কিনে দিয়েছি। বর্তমানেও একটি মসজিদ গড়ার কাজ চলছে।বিভিন্ন সময় মানবাধিকারবিষয়ক সম্মেলন সেমিনারে অংশ নেওয়া এবং শখের বশে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ব্রিটেন ও ভারতের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোতে সফর করে সে সব দেশের আইনজীবী ও মানবাধিকারকর্মীর সঙ্গে মতবিনিময় মাধ্যমে নারী অধিকার ও সামাজিক নিরাপত্তার বিষয়ে ধারণা অর্জন করি। দুস্থ নির্যাতিত মেয়েদের আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে অবদান রাখায় যুক্তরাষ্ট্রের বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট আমাকে ২০০৩ সালে ওম্যান অব দ্য ইয়ার মনোনীত করে। সফল মানবাধিকারকর্মী হিসেবে ২০০০ সালে মানবাধিকার কমিশনের জাতীয় সম্মেলনে ন্যাশনাল হিউম্যান রাইটস পদক দেওয়া হয়।বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ। ডান হাত প্রায় অচল। হাঁটাচলাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই চেম্বারে নিয়মিত যেতে পারছি না। তারপরও নারী নির্যাতন ও মানবাধিকার বিষয়ে কেউ বাসায় এলে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিই। স্বামীও খুবই অসুস্থ। আমাদের সন্তান প্রতিমন্ত্রী হাছান মাহমুদ আমাদের দুজনের নিয়মিত খোঁজ নিচ্ছে। আমার শেষ ইচ্ছা যতদিন বেঁচে থাকি ততদিন মানবাধিকার রক্ষায় ভূমিকা রেখে যাব।