সেই রকম সৃজনশীল শিক্ষা
গণিতপিথাগোরাসের উপপাদ্যএক দেশে ছিলেন এক পিথাগোরাস। পড়াশোনায় তাঁর কিছুতেই মন বসত না। ঠিকমতো নকল-টকলও করে উঠতে পারতেন না। তার ওপর বাড়িতে গৃহশিক্ষক ছিলেন না। টাকার অভাবে কোচিংয়ে ভর্তি হতে পারেননি। পরীক্ষা তাই কখনোই ভালো হতো না। প্রতিবার ফলাফল প্রকাশের পর তিনি তাঁর সব বন্ধুর মতো ভি (V) চিহ্ন দেখাতে পারতেন না, পত্রপত্রিকায় তাঁর ভি চিহ্ন দেখানো ছবি-টবিও আসত না। মনের দুঃখে তিনি তাই এই ভি (V) চিহ্নগুলোই এঁকে এঁকে খাতা ভরিয়ে তুলতেন। একদিন গণিত ক্লাসে বসে তিনি কলম চিবানোর বদলে ভি (V) চিহ্নগুলোকে নানাভাবে একটার সঙ্গে আরেকটা জুড়ে দিয়ে দিয়ে মনের ঝাল মেটাচ্ছিলেন। হঠাৎ স্যার এসে তাঁর কান দুটো মলে দিয়ে বললেন, ‘ওহে পিথাগোরাস গর্দভ, ক্লাস বাদ দিয়া তুমি কী সব কাকের পদ বকের পদ আঁকিতেছ? নাকি ইহা তোমার নিজেরই পদ হে?’ পুরো ক্লাসের ছেলেমেয়েরা হো হো করে হেসে উঠল। তারপর থেকেই এই অঙ্কনগুলোর নাম হয়ে গেল ‘পিথাগোরাসের পদ’। পরবর্তী সময়ে সবাই যখন দেখল পিথাগোরাসেরও অন্যদের মতো দুটো স্যান্ডেল পরা পদ আছে, তখন এই কোণ দিয়ে ভরা চিহ্নগুলোর নাম বদলে রাখা হলো ‘পিথাগোরাসের উপপদ’। পরে ধ্বনি বিকৃত হয়ে হয়ে এই ‘পিথাগোরাসের উপপদ’ই ‘পিথাগোরাসের উপপাদ্য’ নামে প্রচলিত হয়ে গেল।পদার্থবিজ্ঞানমাধ্যাকর্ষণমহামতি নিউটনের নাম শুনেছ? উনি কেন বিখ্যাত জানো? না জানলে শোনো, তিনি ছিলেন তাঁর সমকালীন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আপেল চোর। ক্লাস ফাঁকি দিয়ে অন্য ছাত্রছাত্রীরা যখন সিনেমা হলে চলে যেত, তিনি তখন ছুটতেন আপেল বাগানে। বলা হয় তিনি যত আপেল চুরি করে খেয়েছেন, সেনাপতি বুশ ততগুলো যুদ্ধও পরিচালনা করতে পারেননি।যা-ই হোক ঘটনার দিনও তিনি যথারীতি সুযোগ বুঝে অন্যের আপেল বাগানে ঢুকে পড়েন। আশপাশে নিরাপত্তারক্ষীরা আছে কি না দেখে নিয়েই একটা নাদুস-নুদুস আপেল লক্ষ্য করে ঢিল ছুড়লেন। অনেক দিনের অনুশীলন, তাই আপেলটা টুপ করে গাছ থেকে পড়ে গেল। বিধিবাম! ঠিক তখনই সেখানে নিরাপত্তারক্ষীরা র্যা বসহ হাজির। র্যা বের অফিসারটি হুংকার করে উঠলেন, ‘কী ব্যাপার গাছ থেকে আপেলটা নিচে ফেলল কে?’পদার্থবিদ্যায় শূন্য পাওয়া গোবেচারা নিউটন ক্রসফায়ারের ভয়ে অন্য কারও ঘাড়ে দোষ চাপাতে চাইলেন। কিন্তু হায়। আশপাশে কোনো কাকপক্ষীও ছিল না। শেষমেশ অপমৃত্যুর ভয়ে ভীত হয়ে কাঁপতে কাঁপতে বললেন, ‘আমি না, আমি না! মাধ্যাকর্ষণই আপেলটাকে গাছ থেকে নামিয়েছে।’যত দোষ নন্দ ঘোষ। আজও ওপর থেকে কোনো কিছু নিচে পড়ে গেলে তার দোষ দেওয়া হয় মাধ্যাকর্ষণের ঘাড়ে!ভূগোলপৃথিবী কমলার মতো গোলনাম প্রকাশে অনিচ্ছুক এক বিজ্ঞানী তখনো ছাত্র ছিলেন। অত্যন্ত প্রচারবিমুখ এই বিজ্ঞানী ছাত্রটির মেধার লেশমাত্রও ছিল না। তাঁর গুরুরা বলতেন, তোর মাথায় গোবরও ঠিকমতো আছে কি-না সন্দেহ! পুরোটাই বিষ্ঠায় ভরা। রোড অ্যাকসিডেন্টে মরে গেলেও কেউ লিখবে না, ‘মেধাবী ছাত্রের অকাল মৃত্যু’। সবাই লিখবে, ‘গতকাল বেপরোয়া ট্রাকের চাপায় ভূতের গলিতে গর্দভ ছাত্রের মৃত্যু’। সবাই এত বলত যে তিনি সেটা মেনেও নিয়েছিলেন। মেনে না নিয়ে উপায়ই বা কী, পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারতেন না যে। সেবার ফাইনাল পরীক্ষায় প্রশ্ন এল—পৃথিবী দেখতে কেমন? তিনি উত্তরে লিখলেন—পৃথিবী কমলার মতো গোল। স্যার বললেন, ‘তুই তো উত্তরটা মনে হয় পেরেই গেলি। পৃথিবীটা যে গোল, এটা কোনো বইয়ে পড়ে এসেছিলি নাকি?’ছাত্রটি বলল, ‘না স্যার, পড়িনি। ফার্স্ব টার্মে লিখলাম পৃথিবী চতুর্ভুজাকার, শূন্য পেয়েছি। পরেরবার লিখলাম ত্রিভুজাকার, সেখানেও শূন্য পেলাম। এবার দেখলাম বাকি আছে বৃত্ত। তাই চোখ বন্ধ করে লিখে দিলাম—পৃথিবী গোলাকার।—কিন্তু কমলার মতো গোলটা কি তোর আবিষ্কার?—জি স্যার, আপনার প্রিয় ফল কমলা, তাই কমলার মতো গোল লিখেছি। মাইকেল স্যার প্রশ্ন করলে লিখতাম, মুলার মতো গোল। মুলা মাইকেল স্যারের খুব প্রিয়।যাক সেদিনের পর মাইকেল স্যার ওই নামহীন বিজ্ঞানী ছাত্রের পরীক্ষা নেননি। ফলে ‘পৃথিবী কমলার মতো গোল’ হয়েই থাকল। মুলার মতো গোল হয়ে যায়নি।রসায়নপানির সংকেত H2Oরসায়নের রসের ইতিহাস বড়ই পুরোনো। সে কলি যুগের অনেক আগে সত্য যুগের কথা। তখন একবার এক ওস্তাদ তাঁর শিক্ষালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বললেন, ‘তোমরা জানো, বিজ্ঞানী ল্যাভয়শিয়ে ১৯৪৬ সালে বাতাসে অক্সিজেনের অস্তিত্ব আবিষ্কার করবেন?’ ফাজিল টাইপের এক ছাত্র তৎক্ষণাৎ বলে উঠল,‘বলেন কী উস্তাদ? বাতাসে অক্সিজেনের অস্তিত্ব আবিষ্কারের আগে কি অক্সিজেন মাস্ক ছাড়াই বেঁচে আছি আমরা! সারাক্ষণই কি আমাদের পিঠে অক্সিজেন সিলিন্ডার ঝুলিয়ে রাখতে হয়?’যা-ই হোক, এই ছেলেটা রসায়ন ক্লাসে ফাজলামো করলেও ইংরেজি ক্লাসে খুবই সিরিয়াস ছিল। সে জন্যই ইচ্ছা ছিল তার কিছুদিনের মধ্যেই IELTS বা GRE কমপ্লিট করে ইউরোপের কোনো দেশে চলে যাবে। সুতরাং ইংরেজি ক্লাসে সে কোনো রকম ফাজলামো করে না। ইংরেজির স্যার জনাব রিমোট একদিন ক্লাস টেস্টে বললেন, ‘এইচ টু ও (H to O) লিখে আনো।’ সব শিক্ষার্থীই ঠিকঠাক H থেকে O পর্যন্ত লিখল—H I J K L M N O, ছেলেটি বলল, ‘এইচ টু ও লেখা তো পানির মতো সোজা!’ সে লিখল— H2O। সে কি তখন জানত ইংরেজি ক্লাসে পানির মতো সোজা বলে ‘H2O’ লিখে শূন্য পেলেও রসায়ন বিজ্ঞানে এটিই অমর এক সংকেত হয়ে থাকবে! সেই ঘটনার স্মরণে আজও পানির সংকেত হিসেবে H2O লেখা হয়।