সেই লাজুক ছেলেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইস! এইটুকুন ছেলে বিশ্বকাপে খেলবে! তাও আবার ফাস্ট বোলার! কত বড় ব্যাটসম্যানদের বিপক্ষে কত জোরে বল করতে হবে! কত শক্তির দরকার! ছেলেটাকে একদিন বাসায় দাওয়াত করে এনে ভালো-মন্দ রান্না করে মন ভরে খাওয়াতে পারতাম!’ রুবেল হোসেনকে বিশ্বকাপের দলে দেখে স্নেহার্দ্র হয়ে এমনটাই বলছিলেন ঢাকার গেন্ডারিয়ায় বসবাসরত অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা সৈয়দা মারজিয়া হোসেন। ‘আমার ছেলেটার পছন্দ হলো মাছ-মাংস। কাঁটা ছাড়া মাছ খেতেই ও বেশি পছন্দ করে। বিশেষ করে রুই মাছ।’ ছেলের পছন্দের খাবার সম্পর্কে এই হলো রুবেলের মায়ের বক্তব্য। মারজিয়া হোসেন চাইলে টুকে নিতে পারেন!বাগেরহাটের নাগেরবাজারের ছোট্ট ছেলে রুবেল হোসেনকে এখন আর চাইলেই বাসায় দাওয়াত করে খাওয়ানো সহজ নয়। মা, বাবা, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের চিরচেনা রুবেল যে এখন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, খেলছেন বিশ্বকাপেও! এতটা পথ পাড়ি দিয়ে কি একটুও বদলাননি রুবেল? পরিবারের লোকজন জোর গলায় বলেন, ‘নাহ! এখনো আগের মতোই আছে ও। শান্ত, লাজুক।’ শান্ত? লাজুক? আমরা মেনে নিলেও নিউজিল্যান্ডের কাইল মিলসসহ আরও অনেকেই বোধহয় কথাটা মানতে পারবেন না। বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের পঞ্চম ম্যাচের শেষ চার বলে চার রান দরকার। ব্যাট হাতে কাইল মিলস ৩৩ রান নিয়ে মোটামুটি সেট ব্যাটসম্যান। বোলার রুবেল হোসেন বল ছুড়লেন, মিলসও ব্যাট চালিয়েছিলেন সজোরে, কিন্তু কোন ফাঁকে উড়ে গেছে স্ট্যাম্প! রুবেল তর্জনী আকাশের দিকে তাক করে মাঠময় ছুটে বেড়ালেন। যেন তেড়ে-ফুঁড়ে আকাশ ভেদ করে পাড়ি দেবেন অন্য কোনো জগতে। এত অল্প সময়ে নিজের মেধা আর পরিশ্রম দিয়ে যাঁর এত দূর উঠে আসাটা রীতিমতো গল্পের চেয়েও বেশি কিছু, তাঁকে বোধহয় অন্য জগতেই মানায়!পেসার হান্টের আবিষ্কার রুবেলের আজকের রুবেল হোসেন হয়ে ওঠার গল্পটা কম-বেশি সবারই জানা, তবু সংক্ষেপে আরও একবার শোনা হলো রুবেল হোসেনের বড় ভাই রেজাউলের কাছে। ‘রুবেল সাতক্ষীরা গিয়ে পেসার হান্টে অংশ নেয়। যাওয়ার আগে সে শুধু মাকে জানিয়ে গিয়েছিল। সেখানেই সে কোচ সারওয়ার ইমরানের নজর কাড়ে। তখন থেকেই ও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতে শুরু করে।’ এরপর আর রুবেল হোসেনকে পেছনে ফিরে তাকাতে হয়নি।ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি রুবেলের ছিল অদম্য আগ্রহ। মাঝেমধ্যেই স্কুলের কথা বলে ঘর থেকে বেরিয়ে ছুট লাগাতেন খেলার মাঠে। কখনো কখনো টিফিন পিরিয়ডের পরের ক্লাসগুলোতে রুবেল হোসেনের হদিস মিলত না। খোঁজ নিলে জানা যেত, স্কুল পালিয়ে রুবেল তখন ক্রিকেট খেলায় মগ্ন। একদিন রুবেলের মা স্কুলে গিয়ে শিক্ষকদের অনুরোধ করেন, ‘ও তো ছোট মানুষ, বোঝে না। আপনারা ওকে একটু বোঝান, ও যেন পড়ালেখায় একটু মনোযোগ দেয়।’ শিক্ষকেরাও চেষ্টা করে করে হাল ছাড়েন, ‘আপনার ছেলের পড়ালেখার চেয়ে খেলাধুলায়ই বেশি আগ্রহ। ওকে বরং খেলাধুলাটাই ভালো করে শেখান।’ মাছ ব্যবসায়ী বাবা আবু বকর সিদ্দিক পড়ালেখায় অবহেলা একেবারেই পছন্দ করতেন না, বকাঝকাও করতেন খুব। মায়ের প্রশ্রয়েই রুবেলের এত দূর আসা। ‘রুবেল বিভিন্ন জেলায় খেলতে যেত। যাওয়ার আগে সব সময় আমার দোয়া নিয়ে যেত। ক্লাস নাইনে থাকতে একবার ডিসি সাহেবের কাছ থেকে একটা মেডেল পেল। ঘরে এসেই মেডেলটা আমার হাতে তুলে দিয়েছিল।’মা-বাবার স্বপ্ন ছিল, পড়ালেখা শেষ করে রুবেল বড় চাকরি করবে। সেই রুবেল এখন পুরোদস্তুর ক্রিকেটার। মায়ের মনে কি কোনো আক্ষেপ কাজ করে? প্রশ্ন করতেই রীতিমতো প্রতিবাদ করে বসেন রুবেলের মা। ‘না না। ছেলেকে নিয়ে আমার অনেক গর্ব। ছেলে তো এখন আর আমার একার সন্তান না। সারা দেশের সন্তান।’ খেলা দেখা নিয়ে দেশ জুড়ে মানুষজনের মধ্যে চলছে হাজারো পরিকল্পনা। ছেলের খেলা দেখতে মায়ের কী আয়োজন, জানতে চাই। রুবেল হোসেনের মা বলেন, ‘মাঠে গিয়ে খেলা দেখা হবে না। দেশের মানুষ মাঠে গিয়ে খেলা দেখবে, আনন্দ করবে, তাতেই আমাদের ভালো লাগা। আমরা ঘরে বসে টিভিতে খেলা দেখব। এলাকার মানুষ আমাদের বাড়িতে এসে খেলা দেখতে চায়। আমিও মানা করি না। আত্মীয়-স্বজনেরা আসছে, সবাই মিলে খেলা দেখব।’ আর বাবা আবু বকর? ছেলের খেলা দেখতে তাঁর কী আয়োজন? প্রশ্ন করতেই জানা গেল চমকপ্রদ তথ্য। ছেলে রুবেল হোসেন বিশ্বকাপে খেলবে, সারা দেশের মানুষ সে খেলা দেখতে অধীর হয়ে আছে আর বাবা আবু বকর খেলা দেখবেন না! আবু বকর সিদ্দিক তাবলিগ জামাতের সঙ্গে চার মাসের জন্য বেরিয়েছেন। সেখান থেকে ফোনে কথা বলেছেন রুবেলের মায়ের সঙ্গে, ‘আমার খেলা দেখা লাগবে না। আমি ছেলের জন্য দোয়া করতেছি। তোমরাও দোয়া করো।’‘পাঁচ ভাইবোনের মধ্যে রুবেল সবচেয়ে ছোট। ছোটবেলা থেকেই ও খুব চুপচাপ, কথা খুব কম বলে। আমরা ভাইবোনেরা ওকে খুব আদর করতাম।’ বললেন রুবেলের বড় বোন বিউটি। ফাস্ট বোলারদের অন্যতম বড় শত্রু ইনজুরি। প্রসঙ্গ তুলতেই রুবেলের মা বলেন, ‘ওসব নিয়ে আমি ভাবি না। খেলাধুলা করতে গেলে অমন একটুআধটু ব্যথা তো পাবেই। ছেলেকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। দেশের জন্য খেলতে গিয়ে ভয় পেলে চলবে না।’ রুবেল হোসেনজন্মস্থান নাগেরবাজার, বাগেরহাটজন্ম১ জানুয়ারি, ১৯৯০মারবেজান বিবিবাবাআবু বকর সিদ্দিকব্যাটিংডানহাতি ব্যাটসম্যান।বোলিংডানহাতি মিডিয়াম ফাস্ট