সেই শরীফ এবার 'ইত্যাদি'তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ নভেম্বর মাদারবাড়িতে শরীফের বাসায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং করা হয়  প্রথম আলো
২০ নভেম্বর মাদারবাড়িতে শরীফের বাসায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং করা হয় প্রথম আলো

দুই কামরার ছোট্ট ঘরটাতে খুশির রোশনাই। পরিবারের সদস্যরা বেশ উৎফুল্ল। কিছুক্ষণ পর পর লাইট, ক্যামেরা, অ্যাকশন। নিম্নবিত্ত এই পরিবারটির জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা। আশপাশের বাসার ছেলেমেয়েদেরও যেন আনন্দের শেষ নেই। ক্যামেরা যেখানে, তারাও সেখানে। ক্যামেরার পাশ ছাড়ছে না কেউ। পাড়ার লোকজনও এ নিয়ে বেশ কৌতূহলী। সবার মুখে মুখে ফিরছে ঘটনাটা। দোকানের সামনের জটলায়ও আলোচনার বিষয় এটি।
এত কিছুর উপলক্ষ ক্রিকেটার মোহাম্মদ শরীফ। চলছিল বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং। একহাতি ও পা-হীন এই ক্রিকেটারকে এবার দেখা যাবে এই ম্যাগাজিন অনুষ্ঠানে। ২০ নভেম্বর চট্টগ্রামের মাদারবাড়ির কামালগেট এলাকায় ধারণ করা হয় শরীফের নিত্যদিনের চিত্র। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ইত্যাদির এবারের পর্ব প্রচারিত হবে আগামীকাল শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে ১ ডিসেম্বর রাত সাড়ে ১০টায়।
মনে আছে পাঠক, ১৬ বছরের অদম্য কিশোর শরীফের কথা? ১১ বছর বয়সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক হাত ও দুই পা হারানো এ কিশোর সব বাধা তুচ্ছ করে গেয়েছে জীবনের জয়গান। তার মনের জোরের কাছে পরাস্ত হয়েছে শারীরিক বাধা। সে এখন পাড়ার নামী ক্রিকেটার। শুধু তা-ই নয়, তার রয়েছে আটজনের একটি ক্রিকেট দল। যে দলের অধিনায়ক সে নিজে। শর্টপিচ ক্রিকেটে তার দল ইতিমধ্যে জিতেছে চারটি টুর্নামেন্ট।

অদম্য কিশোর মোহাম্মদ শরীফ
অদম্য কিশোর মোহাম্মদ শরীফ

অথচ শরীফকে নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ ছিল না। সেই ছেলেই তাঁদের চিনিয়েছে মুদ্রার ওপিঠ, যেখানে শুধুই সাফল্যগাথার কাহিনি। শরীফের মা বেবী খাতুন দুই হাত তুলে দোয়া করছেন ছেলের জন্য। বাবা সবজি বিক্রেতা মোহাম্মদ আলমও ছেলের সাফল্যে খুশিতে আটখানা।
আর শরীফ? সেই মুচকি হাসি লেগেই আছে মুখে। তোমাকে নিয়ে এত মাতমাতি কেমন লাগছে? বলল, ‘সবাই এত ভালোবাসা দিচ্ছে, আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
‘ইত্যাদি’র সহকারী পরিচালক মোহম্মদ মামুন বলেন, ‘ব্যতিক্রমী যেকোনো কিছু দেখলেই ‘ইত্যাদি’র দল সেখানে ছুটে যায়। তাই শরীফের খবর পেয়ে আমরা এসেছি।’
উল্লেখ্য, শরীফকে নিয়ে প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ছুটির দিনে প্রতিবেদন প্রকাশিত হয় গত ২৬ অক্টোবর। মূল রচনায় উঠে আসে এই কিশোরের আদ্যোপান্ত। এরপর ইত্যাদির অনুষ্ঠানে ডাক পড়ে তার।