সেই শিশুদের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুই আগের কথা। ঢাকার বিমানবন্দর রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী ট্রেনে উঠেছি। উদ্দেশ্য—রাঙামাটি, বান্দরবান ভ্রমণ। রাত ১২টায় ট্রেন ছাড়বে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বেশ কিছু ছোট ছোট ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরা এত রাতে এখানে কী করছে। শুনলাম—ওরা এখানেই থাকে, এখানেই ঘুমায়। বুঝলাম এরা ‘রেল-শিশু’। ট্রেনে খুব একটা চড়া হয় না। মনটা বিষণ্ন হয়ে গেল। আহা! এই শিশুদের কি কেউ নেই?
রাঙামাটি-বান্দরবানের নয়ন মনোহর সব দৃশ্যের সঙ্গে ওদের মুখও ছায়ার মতো ভাসতে লাগল। ঢাকায় ফিরে অনেককেই ওদের কথা বললাম। সবাই সমব্যথী হলেন। ওদের জন্য কি কিছু করা যায়? পথ খুঁজে পেলাম না। কিন্তু বিষয়টি পোকার মতো চিন্তার ভেতর আসন গেড়ে রইল।
ভাবলাম স্টেশনে গিয়ে খাবার দিয়ে আসি। সেটা কত দিন করতে পারব? লেখাপড়া শেখাব। ওরা কাজ পেলে পড়তে আসবে কেন? আর একা একা এই কাজ করা সম্ভব নয়। অনেকের সঙ্গে আলাপ করলাম। কিন্তু পথ খুঁজে পেলাম না।
এবার ২০১৫ সালে আমার এক ছাত্র শরিফ এগিয়ে এল। একদিন গেলাম স্টেশনে। একটি দোকান থেকে কিছু লজেন্স নিলাম। এয়ারপোর্টের সামনের বিখ্যাত যানজটকে হিসেবে রাখিনি। তাই পৌঁছাতে ২০ মিনিট দেরি হলো। স্টেশনের ভেতরে একটি বিস্কুটের দোকানের সামনে শরিফ দাঁড়িয়ে ছিল। সঙ্গে দু-তিনজন ছোট ছেলে।
কিন্তু কোথায় বসে ওদের সঙ্গে কথা বলব। ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে। বর্ষার জন্য অনেক লোক ভেতরে আশ্রয়ও নিয়েছে। বৃষ্টির সঙ্গে ধুলাবালি মিশে স্টেশনের ভেতরটা কর্দমাক্ত।
ওদের একজন বলল, ‘চলেন ওপরে সিঁড়ির ওপর খাই।’
ওভারব্রিজের শুরুতে সিঁড়ির মাঝখানটা টানা রাস্তা। তারপর নিচে নামার সিঁড়ি। উঠলাম ওখানে। ওখানেও প্রচুর লোক চলাচল করছে। এক পাশে ওদের নিয়ে দাঁড়ালাম। কল্পনা আর বাস্তবে এত তফাত। ভেবেছিলাম স্টেশনের এক কোণে বেঞ্চিতে বসে ওদের সঙ্গে কথা বলব। কেন পড়াশোনা করা উচিত বোঝাব।
তবু ধীরে ধীরে ১০-১১টি ছেলে জুটে গেল। পড়তে চায় ওরা। কেউ কেউ অ-আ জানে। আমার কেনা উপহারগুলো ওদের দিলাম। ওরা কাজ বন্ধ করে আমাদের সঙ্গে ছিল। শরিফ বলল, নিচের দোকানে কাপ কেক আছে। বললাম ‘চলো নিচে গিয়ে কাপ কেক খাবে।’
নিচে নামতে গিয়ে বাধা এল। মোটা লাঠি নিয়ে এক লোক তেড়ে এল। ‘খবরদার নিচে নামবিনে।’ ওরা নেমে গেল, কেউ চিৎকার করে উঠল। কারও গায়ে লাঠির আঘাত লেগেছে। চেঁচিয়ে উঠলাম—‘ওদের মারছেন কেন। ওদের খাওয়াব বলে নিচে নিয়ে যাচ্ছি।’
‘ঠিক আছে নিয়ে যান। ওরা লাইন বেঁধে নামুক।’
—গম্ভীরভাবে লোকটি বলল।
ছেলেগুলো আমার পেছনে পেছনে নামতে লাগল। নিচে ভীষণ ভিড়। এগোনো যাচ্ছে না। আমরা একটু ছত্রভঙ্গ হলাম। শরিফ আগেই পৌঁছে গেল কেক-বিস্কুটের দোকানে। কেক নেই। রুটি আছে। কী খুশি হয়েই না খেতে লাগল সেই শুকনো রুটি!
ফিরে আসার আগে ওরা বলল, ‘আবার কবে আইবেন?’