আমাদের তখনো নতুন বাড়ি হয়নি। আমার বয়স এই সাত-আট হবে। দুটো মাত্র ঘর। একটা বড় ঘর, আরেকটা ছোট ঘর। মায়ের চিরকাল বেলা গড়িয়ে খাবার অভ্যেস। রোজ দুপুরে আমাকে খাইয়ে-দাইয়ে, বড় ঘরে ঢুকিয়ে, দরজায় শিকল তুলে দিতেন। মায়ের উদ্দেশ্য যতটা না আমার দিবানিদ্রা, তারচেয়েও বেশি আমার টো টো করে ঘুরে বেড়ানোর স্বাধীনতা খর্ব করা। অনুনয়-বিনয় শব্দগুলো তখন আমি তো জানতামই না। মাও জানতেন কি না সন্দেহ! অতএব আর কী—আমার কাছে ভবিষ্যৎ কেবল বিছানা এবং বিছানা। দেয়ালে একটা ওয়ালম্যাট ছিল। তাতে ‘মানুষ’ শিরোনামে কিছু বাণী লেখা। শেষ কটি লাইন ছিল এ রকম: ‘দুখের কথায় সুযোগ খোঁজে/ ভালোবাসলে আঘাত করে/ স্বার্থ ফুরালে কেটে পড়ে। এটাই কি চরিত্র হওয়া উচিত?’ আমি বালিশে মুখ গুঁজে বাণীগুলো কখনো শুরু থেকে, কখনো শেষ থেকে, কখনো বা মাঝখান থেকে বানান করে করে পড়তাম। দশবার, বিশবার—কাহাতক আর ভালো লাগে! বড় ঘরে একটাই মাত্র জানালা। এই দুই হাত বাই তিন হাত। শিকগুলো তালকাঠের। আট-নয়টা শিক তো ছিলই। জানালার ওপাশে মোটামুটি মানের ছোট্ট বাগান। দুই হাতে দুটো শিক, নাকটা দুই শিকেরমাঝখানে দিয়ে, কোন মনে আর কোথায় যে তাকিয়ে থাকতাম—জানি না। দৈবাৎ ঘাড়ে ম্যাকগাইভার এসে ভর করত। হাত দিয়ে-পা দিয়ে শিকগুলো ভাঙার চেষ্টা করতাম। হঠাৎ আমার খেয়াল হলো, একটু জোরে চাপ দিয়ে ঘোরালে দু-একটা শিক ঘোরানো যায়! ব্যস, নতুন খেলায় পেয়ে বসল।এভাবে ঘোরাতে ঘোরাতে কোনো একদিন একটা শিকই খুলে ফেললাম। খুলে আবার লাগিয়েও দেওয়া যায়। আরে বাহ্! নিজের কর্মতৎপরতায় আমি তখন ব্যাপক খুশি। একটা শিক খুলে নিলে যতটুকু ফাঁকা হয়, তা দিয়ে বড়জোর আমার মাথাটা বের করা যেত। ঠিক আছে, তাই সই। রোজ আমি জানালার গোড়ায় বালিশ ঠেকিয়ে, মাথাটা বাইরে বের করে দিতাম। হাত দুটো বুকের নিচে ভাঁজ করা থাকত।আমার পৃথিবী বলতে তখন এই ছোট্ট বাগানটাই। তাতে হরেক রকম গাছের বাস, পাখি আসে; রোদ হয়। ইশারায় প্রজাপতি আর ফুলের সঙ্গেই আমার যত খেলা। বৃষ্টি হলে আমার ভারি আনন্দ হতো। জল জমে বাগানের মধ্যেই তৈরি হতো নদী, তাতে স্রোত ছিল। আমার চোখের সামনে দিয়ে ভেসে যেত শুকনো পাতা, বিস্কুটের প্যাকেট, টুকরো কাগজ। সবচেয়ে ভালো লাগত বাঁশখোলা ভেসে যাওয়া।কেমন দুলে দুলে সিন্দাবাদের জাহাজের মতো ভেসে যেত। সেই সঙ্গে ভেসে যেত আমার অগুনতি কাগজের নৌকা। ঘাড় ঘুরিয়ে দেখতাম ওরা বাঁশতলা দিয়ে যাচ্ছে। তারপর আর দেখা যেত না। আর ফিরেও আসত না! আচ্ছা, ওরা কোথায় কোথায় যেত? কোথায় গিয়েই বা থামত? আমার চোখের সামনে বর্ষা আসে, বর্ষা যায়। অপেক্ষা ফুরোয় না। আমার বিশ্বাস ছিল নৌকাগুলো একদিন ফিরে আসবে। জীবন আমাকে শিখিয়েছে, যা একবার ভেসে যায়, তা ফিরে আসে না—কেন? তারপর সব কেমন তাড়াহুড়ো হয়ে গেল। তখন টেলিগ্রামের চল প্রায় উঠে যায় যায় অবস্থা। চিঠি বহাল তবিয়তে। শ্রদ্ধাস্পদেষু—পত্রের প্রথমে আমার সহস্র প্রণাম নেবেন। পরসমাচার, আমরা ভালো নেই-জাতীয় কেতাবি ঢং তখনো সমানে চলছে। ভারি দুঃখ হতো এই ভেবে যে বাড়িতে কেবল আমার নামেই কোনো চিঠি আসে না। কারও চিঠিতে আমাকে জড়িয়ে দু-এক লাইন লিখলেই আমি বর্তে যাই। মাকে রোজ জ্বালিয়ে মারতাম—মা, চিঠিতে আমায় নিয়ে কী লেখা আছে? কদাচ মাতার মন ঈষৎপ্রসন্ন হলে প্রহার ও গালমন্দ ব্যতিরেকে বলতেন, ‘যা, অমুক জায়গায় রাখা আছে। পড়ে নে।’ কোনো একদিন ঘুম থেকে উঠে দেখি, মোবাইল ফোন এসে গেছে! এ কী যন্তর রে বাবা! তুড়িতেই কেমন হাজার বছরের বাঙালি আবেগ-টাবেগ উড়িয়ে দিল! চিঠি পুড়ে গেল এসএমএসে। দেখতে দেখতে চলে এল কম্পিউটার—ই-মেইল-ফি-মেইল। মোবাইল তো আগেই বাঙালির বাইরেরটা দখলে রেখেছে, এবার অন্দরটাও নিল ইন্টারনেট। ফেসবুক, টুইটার, ব্লগ ইত্যাদির রই রই অবস্থা।তখন জানালার এপার থেকেই পৃথিবী দেখতাম। দরজায় শিকল ছিল। ওই তো বাগান, গাছ, পাখি, ফুল। ব্যবধান ছিল কিন্তু নিকটত্ব হারায়নি। রোজই ভাবতাম, একদিন নিশ্চয়ই ওখানে যাওয়া হবে। প্রজাপতির সঙ্গে খেলা হবে। আজ জানালার এপাশে—শিকল নেই। কিন্তু সেই কাঙ্ক্ষিত গাছেরা কই? ফুল, পাখি কই? ওরা কি ভেসে গেছে? তবে কি ওরাও আর কোনো দিন ফিরবে না!‘অনেক কাজের পরে এইখানে থেমে থাকা ভালো; রজনীগন্ধার ফুলে মৌমাছির কাছেকেউ নেই, কিছু নেই, তবু মুখোমুখি এক আশাতীত ফুল আছে।’ (জীবনানন্দ দাশ) জীবন—তোমার কথা তুমি নিজের কাছেই রাখো। আমার কাছে থাকল সেই পুরোনো বিশ্বাস। আমি, আমরা বিশ্বাস করি, সেই সব ভেসে যাওয়া নৌকা একদিন ফিরে আসে। সেই সঙ্গে ফিরে আসে গাছ-পাখি। প্রকৃত বিশ্বাস অপেক্ষা বাড়ায়। আমরা অপেক্ষা নিয়ে বাঁচি—এক আশাতীত ফুলের...সাগর জিগাতলা, ঢাকা।