>কেবল ভারতের সাবেক রাষ্ট্রপতি নন।পরমাণুবিজ্ঞানী আবুল পাকির জয়নাল আবেদিন আবদুল কালাম অমর হয়ে থাকবেন তাঁর অসাধারণ অনুপ্রেরণাদায়ী শক্তির জন্যও।২৭ জুলাই চিরবিদায় নেওয়া এই অসামান্য ব্যক্তিত্ব এসেছিলেন বাংলাদেশেও। কেমন ছিল তাঁর বাংলাদেশ সফর? লিখেছেন রোকিয়া আফজাল রহমান

অসাধারণ সেই মানুষটি চলে গেছেন। আজ মনে পড়ে যাচ্ছে তাঁর সেই সব স্মৃতি।
যখন তিনি বাংলাদেশে এসেছিলেন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি সামনে। ঠিক হলো, হাজার হাজার মানুষের অনুপ্রেরণা চিরতরুণ এই মানুষটিকে আমরা বাংলাদেশে আমন্ত্রণ জানাব। ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকে চিঠি পাঠানো হলো। কিছুদিন পর সিআইআই থেকে
চিঠি এল।
ঠিক হলো এমসিসিআই থেকে তিনজন যাবেন ভারতের সাবেক রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাতে তাই আমি, এমসিসিআইয়ের সাবেক সহসভাপতি কামরান রহমান আর মহাসচিব ফারুক রহমান উড়াল দিলাম দিল্লির উদ্দেশে।

দিল্লিতে সেই দিন
দিল্লিতে হোটেলে উঠেছিলাম। সেখান থেকে রওনা। মনে দারুণ উত্তেজনা! তাঁর দেখা মিলবে তো! যা-ই হোক, আধঘণ্টার মধ্যে পৌঁছে গেলাম এ পি জে আবদুল কালামের সরকারি বাসভবনে।
দুপুর ১২টায় সময় দিয়েছিলেন তিনি। গাছপালাঘেরা উঠোন পেরিয়ে দোতলা একটি বাসা। বসার ঘরে আসবাব বলতে কয়েকটি সোফা। ছিমছাম, ছোট্ট একটা ঘর। মনে মনে ভাবছিলাম, নিশ্চয়ই মন্ত্রীদের মতো একটু পর নিশ্চয়ই বড় ঘরে ডাক পড়বে। ব্যক্তিগত সহকারীর পিছু পিছু আমরা পৌঁছে যাব অসাধারণ সেই মানুষটির আরেকটু কাছে। কিন্তু আমাদের অবাক করে দিয়ে ওই ঘরেই হাসিমুখে স্বাগত জানালেন এ পি জে আবদুল কালাম। বিনয়ের সঙ্গে জানালেন, এই ঘরটি তাঁর অতিথিদের জন্য।
জানালেন, একটি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বক্তব্য দিতে। সে বক্তব্য অসমাপ্ত রেখেই চলে এসেছেন তড়িঘড়ি।
টুকটাক কথাবার্তার শুরুতেই জানতে চাইলেন, অনুষ্ঠানের অতিথি কারা। মন্ত্রী ও ব্যবসায়ীরা—আমি জানালাম। তিনি তখন বললেন, ‘ওরা তো থাকবেই। কিন্তু আমি তো ছোট ছোট ছেলেমেয়েদের চাই।’
আমাদের পরিকল্পনায় শিক্ষার্থীদের নিয়ে আয়োজনের বিষয়টি ছিল না। ওনার আগ্রহে আমরা ঠিক করলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা আমন্ত্রণ জানাব।
কথা বলার এক ফাঁকে হঠাৎ উঠে গেলেন তিনি। কিছুক্ষণ পর এলেন। হাতে তাঁর লেখা বই মাই জার্নি। উপহার পেয়ে আমি অভিভূত! এত বড় একজন মানুষ নিজের হাতে বই এনে দিচ্ছেন! আমি বিস্মিত!
‘বইটিতে আমাকে একটা সই করে দেবেন?’—অনুরোধ করতেই স্মিত হেসে দেখিয়ে দিলেন, আগে থেকেই পাতায় তিনি নিজের শুভেচ্ছা স্বাক্ষর দিয়ে রেখেছেন।
বাংলাদেশ সফর
১৭ অক্টোবর ২০১৪। সন্ধ্যায় এ পি জে আবদুল কালাম শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাবেন। আমরা ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য বাইরে দাঁড়িয়ে আছি। উনি গাড়ি থেকে নেমেই বলে উঠলেন, ‘আপনারা আমার জন্য দাঁড়িয়ে আছেন কেন?’
সরকারি-বেসরকারি মিলিয়ে ১০টি বিশ্ববিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
অনুষ্ঠানের শুরুতে ছিল প্রশ্নোত্তর পর্ব। এর মধ্যে এক শিক্ষার্থী হাত তুলে ফেলেছেন। ইশারায় অনুমতি দিতেই মেয়েটি গেয়ে উঠল, ‘হ্যাপি বার্থ ডে টু ইউ...’ সঙ্গে সঙ্গে বাকিরাও তার সঙ্গে তাল মিলিয়ে গেয়ে উঠল জন্মদিন সংগীত। উনি লজ্জা পেয়ে চুপচাপ মুচকি মুচকি হাসছিলেন! বলে রাখি, দুদিন আগেই ছিল তাঁর জন্মদিন।
শিক্ষার্থীদের জানার আগ্রহের কারণেই নিজেকে তিনি মেলে দিয়েছিলেন। ক্লান্তিহীনভাবে সবার প্রশ্নের উত্তর দিয়েছেন। দীর্ঘ ৪০ মিনিট ধরে জীবন-দর্শন, বিশ্বাস, চিন্তা, মেধা, পরিশ্রম, দেশ নিয়ে আলোচনা করেছেন। তিনি বারবার বলছিলেন, ‘স্বপ্ন দেখো। স্বপ্ন দেখলেই স্বপ্ন ধরা দেবে।’
শিক্ষার্থীদের বললেন, পাঁচ বছর পর কে নিজেকে কোথায় দেখতে চায়, সেটি লিখে রাখতে।
টানা দেড় ঘণ্টা দাঁড়িয়ে তিনি কথা বললেন। এরপর যখন বসলেন, ক্লান্তির একটু ছাপও তাঁর মুখে নেই। বরং আরও কিছুক্ষণ সময় কাটাতে পারলে যে খুশি হতেন, তা বেশ বোঝা যাচ্ছিল। ততক্ষণে বহু স্বপ্নের বীজ তিনি বুনে দিয়েছেন তাঁকে দেখতে আসা তরুণ-তরুণীদের মাঝে। শৈশবে যিনি কোনোরকমে দুবেলা খেয়েছেন। ১২ বছর বয়সে জীবিকার জন্য যিনি পত্রিকা বিক্রি করতেন। নিজের মেধা, পরিশ্রম ও যোগ্যতার গুণে যিনি অসংখ্য মানুষের অনুপ্রেরণা, তিনি স্বপ্ন দেখাবেন না তো কে দেখাবেন!

খাবার টেবিলে
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর আমরা ২০০ জনের মতো মানুষ তাঁর সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলাম। লক্ষ করলাম, এ পি জে আবদুল কালাম ঢ্যাঁড়স ভাজি আর অন্যান্য সবজি দিয়ে খাচ্ছেন। খেতে খেতেই চলল কথাবার্তা। উনি সবার কথা জানতে চাইছিলেন। কে, কী করছেন আর কী করবেন—সেসব জানার তাঁর আগ্রহ ছিল খুব।
পরের দিন অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আনিস-উদ-দৌল্লাহর কাছে শুনলাম, তিনি বাসায় ফিরে কাগজে লিখেছেন, তিনি পাঁচ বছর পর নিজে কোন কাজটি করতে চান। বিস্মিত হয়ে মানুষটির দিকে তাকিয়ে রইলাম। আবদুল কালাম শুধু তরুণ কেন, আমাদের মতো মানুষদের জন্যও দারুণ এক অনুপ্রেরণা। একই কথা বললেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এ পি জে আবদুল কালামের বক্তব্য শোনার পর ওনার নাকি রাতে উত্তেজনায় ঘুমই হয়নি ঠিকমতো!
১৮ অক্টোবর শুরু হলো এমসিসিআইয়ের সঙ্গে অনুষ্ঠান। তিনি অনুষ্ঠানে চমত্কার কিছু কথা বললেন। নিজস্ব কিছু ধারণা তুলে ধরলেন। যেকোনো বিষয়ে কথা বলার আগে তিনি ওই বিষয়টি নিয়ে যে রীতিমতো গবেষণা করেন, সেটি বেশ ভালোই বোঝা যাচ্ছিল। সবকিছু শেষে বারবার মনে হচ্ছিল, ওনার সেরা আলোচনাটি ছিল শিক্ষার্থীদের সঙ্গেই!
নক্ষত্রের বিদায়
বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের সবচেয়ে বড় গুণ তাঁর সরলতা। তাঁর বুদ্ধিমত্তা। এত সম্মান পেয়েও তিনি সাধারণের মতোই ছিলেন। খুব ভোরে ঘুম থেকে উঠে তিনি বাগানময় পায়চারি করতেন। পাখিদের সঙ্গে কথা বলতেন। নিজের জ্ঞানকে কখনো তিনি নিজের মধ্যে আবদ্ধ করতে চাননি। সব সময় চেয়েছেন অন্যের মধ্যে তা ছড়িয়ে দিতে। এ জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়িয়েছেন তিনি। মৃত্যুর আগেও তিনি শিলংয়ে ছুটেছেন আলো ছড়াতে। একজন যোদ্ধা যেমন যুদ্ধক্ষেত্রে বীরের মতো মারা যান, ঠিক সেভাবেই তাঁর মৃত্যু হয়েছে। এমন সুন্দর মৃত্যু কজনার হয়!
(অনুলিখিত)
লেখক: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি