সেই সময়
আমার সবচেয়ে প্রিয় বইটির কথা জিজ্ঞেস করা হলে আমি যে বইটির নাম বলব, সেটি হলো জহির রায়হানের আরেক ফাল্গুন।
আমার প্রিয় লেখকদের একজন জহির রায়হান, তাঁর প্রতিটি লেখাই বাস্তবধর্মী।
আরেক ফাল্গুন-এ লেখক সহজ-সরল ভাষার মাধ্যমে মহান ভাষা আন্দোলনের সময়কার কিছু উত্তেজনাপূর্ণ ঘটনার, দুর্বার তারুণ্যের অসীম সাহসিকতার, রাজনৈতিক পরিস্থিতি, তরুণ হৃদয়ের টানাপোড়েন, প্রশাসনের অন্যায় ও নির্বিচারে হত্যা, বাকস্বাধীনতার জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার স্পৃহা ইত্যাদি বিষয়ের সুনিপুণ চিত্রকর্ম ফুটিয়ে তুলেছেন।
বাকস্বাধীনতার জন্য সংগ্রামে লিপ্ত একদল তরুণ-তরুণীর নির্ভীক একেকটা পদক্ষেপ মনে করিয়ে দেয় সেই গা ছমছম করা ইতিহাস।
আমি নিজে কখনো দেখিনি ১৯৫২ সালের প্রেক্ষাপট, কিন্তু বইটি আমাকে অনুধাবন করতে শিখিয়েছে মাতৃভাষা কী, মাতৃভাষার পেছনের রক্তক্ষয়ী ইতিহাস, কীভাবে বাংলার বীর সন্তানেরা মাতৃভাষার জন্য নিজের সাধ-আহ্লাদ ত্যাগ করেছে, পরিবারের মায়া ছেড়েছে, রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। আমাকে অনুধাবন করতে শিখিয়েছে আমরা কেন বীর বাঙালি।
লেখক জহির রায়হান বইটিতে সব ঘটনা এমন অসাধারণভাবে চিত্রায়িত করেছেন যে, যতবারই বইটি পড়ি, মনে হয় যেন ঘটনাগুলো সমসাময়িক ঘটা।
বইয়ে মৃত্যুর-শোকের-ত্যাগের ঘটনা আমার মনে একপ্রকার চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বই তো অনেকই আছে, তবে যেগুলো আমাদের মনকে আন্দোলিত করতে পারে, যেই বই আমাদের মনে দাগ কাটতে পারে, মনে বিচিত্র উদ্দীপনা সৃষ্টি করতে পারে, সেগুলোই আমার প্রিয় বই।