সেই সাইক্লোস্টাইল যন্ত্রটি এখনো আনোয়ারা কলেজে!

১৯৭১ সালের ২৫ মার্চ। গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা িলখে যান। পরে সেটি ওয়্যারলেসের মাধ্যমে সারা দেশে প্রচারও হয়। ঘোষণাটি সে রাতেই চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাদের হাতে এসে পেঁৗছায়। সাইক্লোস্টাইল যন্ত্রে সেটি ছাপিয়ে প্রচারের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে যে সাইক্লোস্টাইল যন্ত্রে এটি ছাপা হয়েছিল সেটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। যন্ত্রটি এখনো পড়ে আছে চট্টগ্রামের আনোয়ারা কলেজে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের সাবেক সহকারী কমান্ডার রশিদ আহমদ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ওয়্যারলেস কর্মীরা সারা দেশে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করেছিলেন। চট্টগ্রামের আওয়ামী লীগের নেতাদের কাছে ঘোষণাপত্রটি আসার পর সেটি আরও ব্যাপক আকারে প্রচারের সিদ্ধান্ত নেন তাঁরা। তারই প্রেক্ষাপটে, আখতারুজ্জামান চৌধুরীর বাসভবন জুপিটার হাউসে একটি সাইক্লোস্টাইল যন্ত্রে সে রাতেই ছাপা হয় ঘোষণাপত্রটি। সারা রাত ধরে স্বাধীনতার ঘোষণাপত্রের অসংখ্য অনুলিপি ছেপে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাঠান নেতারা। এভাবে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার কথা শহরে দ্রুত ছড়িয়ে পড়েছিল।
এরপরে যন্ত্রটি পরিত্যক্ত হয়ে পড়েছিল জুপিটর হাউসে। দেশ স্বাধীন হওয়ার পর সেটি আখতারুজ্জামান চৌধুরীর বাসা থেকে আনোয়ারা কলেজের জন্য চেয়ে নেন কলেজের তৎকালীন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান। সেটি দিয়ে কয়েক বছর কলেজের প্রশ্নপত্র ছাপানোসহ নানান কাজও করা হয়েছে। তবে এখন যন্ত্রটি কেবলই ইতিহাসের অংশ। বর্তমানে কলেজের একটি কক্ষে একটি কাচের বাক্সে যন্ত্রটি রাখা হয়েছে। বিভিন্ন জাতীয় দিবসে যন্ত্রটি শিক্ষার্থী ও এলাকাবাসীর সামনে প্রদর্শনও করা হয়।
তবে কলেজের শিক্ষার্থীরা এমন একটি ঐতিহাসিক নিদর্শন নিয়ে গর্বও করেন। আনোয়ারা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী নাছিমা আকতার প্রথম আলোকে বলে, ‘আমাদের কলেজে স্বাধীনতাযুদ্ধের মূল্যবান একটি স্মারক আছে তাই এ নিয়ে আমরা গর্ব করি। তবে আরও প্রচুর মানুষকে এটি দেখানোর ব্যবস্থা করা উচিত।’
আনোয়ারা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘স্বাধীনতা ঘোষণার এমন গুরুত্বপূর্ণ নিদর্শন আমাদের কলেজে থাকায় আমরা গর্বিত। স্বাধীনতা দিবসসহ বিভিন্ন সময়ে এটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এতে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণা সম্পর্কে স্বচ্ছ ধারণা পান।’
আনোয়ারা কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন বলেন, ‘কলেজে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অমূল্য সম্পদ সাইক্লোস্টাইল মেশিন রক্ষিত আছে। এটি আমরা ভালোভাবেই সংরক্ষণ করছি। বিভিন্ন দিবস উপলক্ষে এটি প্রদর্শনও করা হয়।’ তবে আনোয়ারার স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি এটি জাদুঘরে সংরক্ষিত রাখা হোক। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের সাবেক সহকারী কমান্ডার রশিদ আহমদ বলেন, যন্ত্রটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে পাঠানো উচিত। কারণ, এটি কেবল ইতিহাস-ঐতিহ্যের স্মারক নয়, জাতীয় সম্পদও।
একই অভিমত ব্যক্ত করেন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান। তিনি বলেন, সাইক্লোস্টাইল যন্ত্রটি মুক্তিযুদ্ধের একটি মূল্যবান নিদর্শন। আনোয়ারা কলেজে পড়ে থাকলে এটির যথাযথ সংরক্ষণ হবে না। পাশাপাশি দেশের মানুষও এই নিদর্শন দেখা থেকে বঞ্চিত হবে। এ কারণে এটি মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে সংরক্ষণ করা উচিত। না হয় কালের গর্ভে এটি হারিয়ে যেতে পারে।