সেই সাজে সাজি
তারকাদের বিখ্যাত সাজ বা বিখ্যাত চরিত্রের মতো নিজেকে সাজাতে পছন্দ করেন অনেক ভক্তই। করোনা সংক্রমণের সময়ে বাড়িতে বসে সে সুযোগ মিলেছে ঢের। কখনো অড্রে হেপবার্ন, কখনোবা ফ্রিদা কাহ্লো, সুচিত্রা সেন কিংবা ববিতার সাজে সাজিয়েছেন নিজেকে। প্রকাশ করেছেন নিজের সৃজনশীলতা। ঘরে বসে এমন চেষ্টা করাই যায়। লিখেছেন রয়া মুনতাসীর।
চার দেওয়ালের ভেতরেই চলছে ভক্তদের প্রতিযোগিতা। পছন্দের তারকার সাজে নিজেদের সাজাচ্ছেন মন ভরে। করোনার সময় বাড়ির ভেতর সুন্দর সময় কাটানোর এ যেন আরেক প্রচেষ্টা। যে পোশাক ও সাজের পেছনে তারকাদের খরচ হয় লাখ লাখ টাকা, বাড়িতে হাতের কাছে থাকা সাজের নানা অনুষঙ্গ, পোশাক দিয়ে ভক্তরা একই সাজ সাজছেন অনেকটা বিনে পয়সাতেই। শুধু মেটগালা চ্যালেঞ্জে বা লাল গালিচায় তারকাদের সাজ নয়, বিখ্যাত চিত্রকর্মের চরিত্র, গানের অ্যালবামের প্রচ্ছদের ছবি, চলচ্চিত্রের চরিত্রগুলো আবার ফুটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও দিচ্ছেন। যেন তারকাদের পেছনে ফেলে ভক্তরাই যেন এখন প্রশংসিত হচ্ছেন। প্রকাশ পাচ্ছে সৃজনশীলতা।
বিশ্বে করোনার ভয়াবহ সংক্রমণের সময়ে কষ্টে ভুগেছেন বিভিন্ন বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ-বৃদ্ধারা। একাকিত্ব আরও জোরালোভাবে জেঁকে বসেছিল তাঁদের আস্তানায়। এ সময় বেশ কিছু বৃদ্ধাশ্রমের সেবকেরা বুদ্ধি বের করে ব্যস্ত রাখার চেষ্টা করেন বয়োজ্যেষ্ঠদের। ৮০ বা ৯০ বছরের ওপরের ব্যক্তিরাও বিভিন্ন অঙ্গনের তারকাদের পুনর্রূপ তুলে ধরেন নিজেদের মধ্যে। যুক্তরাজ্যের এজওয়েরের বৃদ্ধাশ্রম সিডমার লজকেয়ার হোমের কার্যক্রম সমন্বয়কারী রর্বাট স্পিকার গানের অ্যালবামের প্রচ্ছদে থাকা বিখ্যাত সংগীতশিল্পীদের ছবি আদলে সাজিয়ে দেন বয়োজ্যেষ্ঠদের। এলভিস প্রিসলি, অ্যাডেল, ম্যাডোনা, মাইকেল জ্যাকসন, টেইলর সুইফট, বিভিন্ন বয়স ও সময়ের তারকারা ছিলেন সেই তালিকায় (সূত্র: মাই মর্ডান মেট)।
আরেকটি উদাহরণ ঘেটি মিউজিয়াম চ্যালেঞ্জ। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে আমেনিদা সিনিয়রস কমিউনিটির প্রবীণ নাগরিকরা ক্যানভাসের ওপরে আঁকা মানুষদের তুলে ধরেছেন। ১৮৯৮ সালে জার্মান চিত্রশিল্পী লভিস করিন্থের (১৮৫৮–১৯২৫) আঁকা ‘স্ট্র হ্যাটে লুইস হাল্বি’র প্রতিকৃতি কিংবা ১৮৮৩ সালে আঁকা মার্কিন চিত্রশিল্পী মেরি ক্যাসেটের (১৮৪৪–১৯২৬) ‘লেডি অ্যাট দ্যা টি টেবিলের’ ছবিসহ ইত্যাদি মুহূর্ত বেশ মজা করেই তুলে ধরা হয়েছে।
পিছিয়ে নেই তরুণেরাও। গায়িকা লেডি গাগার ফোলানো হট পিংক পোশাকটি বিছানার চাদর আর লন্ড্রি বাস্কেট দিয়ে বানিয়ে ফেলেছেন এক ভক্ত। কিম কারডাশিয়ানের লাখ টাকার রূপালি পোশাকটি চকচকে অ্যালুমিনিয়াম দিয়েও যে বানিয়ে ফেলা যায় তার প্রমাণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওহিয়োর অবস্থিত কেন্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক স্টার সলোমন। অভিনেত্রী রায়ান রেনল্ডের মেটগালা লুক তৈরিতে ভ্লাদা রুজেরিও চুল সাজিয়েছেন স্প্যাগেটি দিয়ে। গত বছরের বড়দিনে বেঁচে যাওয়া কাগজ দিয়ে মডেল জিজি হাদিদের মেটগালার পোশাক বানিয়েছেন তাঁর এক ভক্ত অলিভিয়া। কাগজের পাশাপাশি কুশন কভারের কাপড় কেটে বানিয়েছেন পোশাকের হাতা। আরেক ভক্ত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সাজের ছাঁচে নিজেকে ঢেলেছেন। সামাজিক মাধ্যমে ঢুকলে বোঝা যায় ঘরবন্দী মানুষেরা সেই সাজে নিজেকে সাজিয়ে বেশ ভালোই ব্যস্ত ছিলেন। বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী প্রিয়াম অর্চিও দেশ–বিদেশের বেশ কিছু তারকার সাজে পুনরায় সেজেছেন। ছবিগুলো সামাজিকমাধ্যমে দিয়ে নজরও কেড়েছেন।
প্রিয়াম অর্চি জানালেন, বাড়িতে থাকার এ সময়টায় ইন্টারনেটে বেশির ভাগ সময় কেটেছে। হঠাৎ করে নেমসেক–এর অভিনেত্রী টাবুর সাজের পুনর্রূপ দেখলাম সামাজিক যোগাযোগমাধ্যমে। অর্চি বলেন, ‘আমিও ভাবলাম এই সাজে সাজি। প্রথম যখন করলাম, মনে হলো বাড়িতে বসে থাকার এ সময়টায় সুন্দর কিছু একটাকরতে পারলাম। এই বিষয়টিই আমাকে উদ্বুদ্ধ করেছে বাকি চরিত্রগুলো করার পেছনে। বড় মাপের অভিনয়শিল্পীদের প্রতি আমার সম্মান প্রদর্শনের একটি মাধ্যম এটি।
প্রিয়ামের সাজের মূল অনুপ্রেরণা অভিনেত্রীরাই ছিলেন। পরে মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর সাজে সাজলেন তিনি। ফ্রিদার রঙিন ও বৈচিত্র্যপূর্ণ জীবনধারাই আকর্ষণ করেছে। কোনো একটা ছবির মুহূর্তকে বেছে নিয়েছেন অর্চি। তাঁর মতে মুহূর্তগুলো তুলে ধরতে গেলে সেই চরিত্রেও ঢুকে যেতে হয়। ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবির সাজ সাজতে গিয়ে যেটা পারেননি বলে মনে করছেন। নকশার আয়োজনে নতুনভাবে সেজেছেন সুচিত্রা সেন, অড্রে হেপর্বাণ আর জেনিফার লোপেজের চরিত্রে।
এর আগে পাঁচটি তাবু, ডিম্পল কাপাডিয়া, ঐশ্বরিয়া রাই বচ্চন, ববিতা ও ফ্রিদা কাহলোর সাজ সাজার সময় তাঁর মা শুক্লা রক্ষিত সহায়তা করেছেন। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী মূল্যায়ন কর্মকর্তা। ছবিগুলো তুলে দেওয়ার পাশাপাশি প্রিয়ামের সাজসজ্জা ঠিক হচ্ছে কিনা সে বিষয়টিও খেয়াল রেখেছেন।
অড্রে হপবার্ণ
কালজয়ী ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্নের মিষ্টি চেহারা আজও অমলিন। প্যারিস হোয়েন ইট সিজেলস চলচ্চিত্রটি থেকে নেওয়া এই মুহূর্তটি। এই সাজটিতে হাতের গ্লাভস আর মাথার টুপিটি গুরুত্বপূর্ন। হুবহু টুপি না থাকলেও একটু গোল ধাঁচের টুপি হলেই হবে। চুল যেহেতু ঢাকা, ঝামেলা কম এই লুকটি তৈরির ক্ষেত্রে।