সেই হতভাগ্য নারীর পরিচয় মেলেনি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজীতে গত ১২ নভেম্বর ক্ষতবিক্ষত এক নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের চেহারা এমনভাবে বিকৃত করা হয় যে তাতে চেনার কোনো উপায় ছিল না। অবশেষে এক মাস ১০ দিন পর তাঁর ছবি উদ্ধার করেছে পুলিশ। সোনাগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মির্জা মোহাম্মদ হাছান জানান, আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর লাশ সোনাগাজীর বগাদানা ইউনিয়নের খোদাইনগর গ্রামের একটি ধানি জমি থেকে উদ্ধার করা হয়। ওই সময় তাঁর পরনে ছিল কালো বোরকা, জর্জেট শাড়ি, গোলাপি ব্লাউজ। তাঁর গলা ও মুখমণ্ডলের মাংস কেটে ফেলা হয়। ফলে চেহারা বিকৃত হয়ে যায়। কয়েক দিন আগে ঘটনাস্থলের কাছে পাওয়া একটি ভ্যানিটি ব্যাগে তাঁর একটি ছবি পাওয়া গেছে। তিনি আরও জানান, ছবির সঙ্গে লাশের মিল পাওয়া গেছে। এ ব্যাপারে উপপরিদর্শক এনামুল হক বাদী হয়ে গত ১২ নভেম্বর সোনাগাজী থানায় মামলা করেছিলেন। তাঁকে পরিকল্পিতভাবে এখানে এনে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। উদ্ধারের কয়েক দিন পর ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফন করে।