সেই ২০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে প্রায় ১৫ বছর আগের কথা। সকালবেলা ঘুম থেকে উঠেই হাত-মুখ ধুয়ে মাদ্রাসায় যেতে হতো। তারপর নাশতা খাওয়া, তারপর আবার প্রস্তুতি স্কুলে যাওয়ার জন্য। পড়াশোনায় কিছুতেই মন বসতে চাইত না। তবু বাবা-মার কড়া শাসন। স্কুলে যেতেই হবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও স্কুলে যেতাম। ভালো লাগত, যখন মা স্কুলে যাওয়ার আগে ৫০ পয়সা কিংবা এক টাকার একটা নোট হাতে ধরিয়ে দিতেন। সেই টাকা দিয়ে কখনো আইসক্রিম, কখনো বা ঝালমুড়ি কিংবা বাদাম। ইচ্ছেমতো উদরপূর্তি। কী মজাই না ছিল খাবারগুলো। ভাবলে এখনো জিভে পানি আসে। সেই খাবারের লোভটাই কাল হলো। যথারীতি একদিন স্কুলে যাবার আগে লুকিয়ে মার টাকা রাখার ব্যাগ থেকে ২০ টাকা নিয়ে গেলাম। বেশি করে আইসক্রিম আর ঝালমুড়ি খাব বলে। কারণ মা যে টাকা দিতেন সেই টাকায় খাবার খেয়ে আরও খেতে ইচ্ছে করত। কিন্তু পয়সা থাকত না বলে খেতে পারতাম না। কিন্তু আজ টাকা নিয়ে আসছি। আজ অনেক খাব। কিন্তু তখন জানতাম না ২০ টাকা খরচ করার মতো আমার সামর্থ্য নেই। ছয় কিংবা সাত টাকা পর্যন্ত খরচ করতে পেরেছিলাম সেই দিন। বাকি টাকা নিয়ে তো তখন মহাবিপদে পড়লাম। কী করা যায়! উপায় না পেয়ে শেষে বাকি টাকাগুলো আবার মায়ের ব্যাগে রেখেছিলাম। মা যখন বুঝতে পারলেন, তখন প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন। আমি যথারীতি অস্বীকার করলাম। কিন্তু যখন দুই গালে জোরসে দুই চড় খেলাম তখন ভয়ের চোটে সব বলতে শুরু করলাম। ওই দিনই আমি সর্বপ্রথম মায়ের হাতে মার খেয়েছিলাম। এখন ওই দিনের কথা মনে হলে খুব হাসি পায় এই ভেবে যে ২০ টাকা আমি খরচ করতে পারলাম না। এখন কলেজে বন্ধুবান্ধব নিয়ে অনেক ঝালমুড়ি আইসক্রিম খাওয়া হয় কিন্তু তখনকার ওই দিনের মতো আর মজা পাই না। পুলকজঙ্গলবাড়ী, কিশোরগঞ্জ।