
চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখ থেকে উদ্ধার হওয়া সেই ৫৮ লাখ টাকার উৎস জানা গেল না। ১৪ মাস তদন্ত করেও দুর্নীতি দমন কমিশন (দুদক) টাকার উৎসই বের করতে পারেনি। ১৮ জানুয়ারি মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, তদন্তে মূল িবষয়টি অন্ধকারে থেকে গেল। ঘুষের ৫৮ লাখ টাকার উৎস বের না হওয়ায় দুর্নীতিবাজেরা উৎসাহিত হবেন। এতে সমাজে দুর্নীতি আরও বাড়বে।
২০১৪ সালের ১৪ অক্টোবর ইলিয়াছ নামের এক ব্যক্তির কাছ থেকে পুিলশি তল্লাশিকালে থলে ভর্তি এই টাকা উদ্ধার করা হয়। ভূমি অধিগ্রহণ শাখার এক কর্মকর্তার কাছে ঘুষ হিসেবে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান ইলিয়াছ। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বাদী হয়ে অর্থ পাচার আইনে ইলিয়াছকে আসামি করে মামলা করেন। পরে মামলাটির তদন্ত করেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান।
ইলিয়াছের সঙ্গে মুঠোফোনে কথার সূত্র ধরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার (বরখাস্ত) শহীদুল ইসলামের সংশ্লিষ্টতা রয়েছে বলে দুদকের তদন্তে উঠে আসে। কিন্তু তাঁকে টাকাগুলো কী জন্য দেওয়া হচ্ছে, কে ইলিয়াছের মাধ্যমে টাকাগুলো পাঠাচ্ছে তা অন্ধকারেই থেকে গেল। গ্রেপ্তার ইলিয়াছের কাছ থেকেও বের করা যায়নি টাকার উৎস।
আদালতে দাখিল করা অভিযোগপত্রে টাকা বহনকারী ইলিয়াছ ও সার্ভেয়ার শহীদুল ইসলামকে আসামি করা হয়। ঘটনার দিন ইলিয়াছ ও সার্ভেয়ার শহীদুল ইসলামের মুঠোফোনে কথোপকথনের তথ্য পায় দুদক। আর টাকাগুলো শহীদুল ইসলামকে দিতে ইলিয়াছ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় যাচ্ছিলেন। টাকাগুলো কে পাঠিয়েছে তার কোনো বর্ণনা নেই। এমনকি ইলিয়াছকে রিমান্ডে নিয়ে দুদক কী তথ্য পেয়েছে তার কোনো বিবরণও তদন্তে উঠে আসেনি।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা এইচ এম আখতারুজ্জামান জানান, সাক্ষ্য–প্রমাণে যা পাওয়া গেছে, তদন্তে তা-ই দেওয়া হয়েছে।
দুদকের কোর্ট পরিদর্শক এমরান হোসেন জানান, অভিযোগপত্রটি মহানগর হাকিম আদালত থেকে গ্রহণের শুনানির জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। তবে শুনানির তারিখ এখনো পড়েনি।
সেই ৫৮ লাখ টাকার উৎস বের না হওয়ায় অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেওয়া হবে কিনা জানতে চাইলে দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, অভিযোগপত্রটি পড়ে শুনানির সময় বলা যাবে নারাজি দেওয়া হবে কিনা। তবে তদন্তে দুদকের কোনো গাফিলতি নেই।
ইলিয়াছের পরিচয় : পুলিশ জানায়, ২০০১ সালে এইচএসসি পাস করেন ইলিয়াছ। তাঁর বাবার নাম মজিবুর রহমান মাস্টার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরখা ইউনিয়নের ভূঁইয়া বাড়ির বাসিন্দা। চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় আসা–যাওয়া করে থাকেন তিনি। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে ইলিয়াছ সবার ছোট। তাঁর বড়ভাই দক্ষিণ কোরিয়ায় থাকেন। পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ কম। তেমন কোনো ব্যবসা-বাণিজ্যও নেই। মূলত ভূমি কার্যালয়ে ঘুষের মধ্যস্থতাকারী তিনি। উদ্ধার হওয়া টাকাগুলো সম্পর্কেও কোনো তথ্য দিতে পারেননি তিনি।
গ্রেপ্তার হওয়ার পর আদালত প্রাঙ্গণে ইলিয়াছ প্রথম আলোকেজানিয়েছিলেন, জিয়াউর রহমান নামের তাঁর এক বড় ভাই টাকাগুলো তাঁকে দিয়েছেন ভূমি অধিগ্রহণ শাখায় দেওয়ার জন্য।
এদিকে টাকাসহ গ্রেপ্তার হওয়ার পর ইলিয়াছ এখন জামিনে আছেন।