সেই ৫৮ লাখ টাকার কিনারা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের ১৪ অক্টোবর আদালত ভবনে ইলিয়াছ ভূঁইয়া নামের এই যুবকের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৮ লাখ টাকা‍ l ফাইল ছবি
গত বছরের ১৪ অক্টোবর আদালত ভবনে ইলিয়াছ ভূঁইয়া নামের এই যুবকের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৮ লাখ টাকা‍ l ফাইল ছবি

আড়াই মাস পেরিয়ে গেলেও চট্টগ্রাম আদালত ভবনে ইলিয়াছ ভূঁইয়া নামের এক যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া ৫৮ লাখ টাকার কোনো কিনারা হয়নি। ইলিয়াছকে দুর্নীতি দমন কমিশন (দুদক) রিমান্ডে নিয়েও টাকাগুলো কী উদ্দেশ্যে, কার কাছে নেওয়া হচ্ছিল, তা বের করতে পারেনি। এদিকে উচ্চ আদালত থেকে জামিনে গত বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
রহস্য উদ্ঘাটনে চট্টগ্রাম জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও শেষ হয়নি তদন্ত। বর্তমানে এই ঘটনায় অর্থ পাচার আইনে দায়ের হওয়া মামলা তদন্ত করছে দুদক।
গত বছরের ১৪ অক্টোবর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকিতে নিরাপত্তা জোরদার করে পুলিশ। তল্লাশি চালানো হয় আদালত ভবনে আসা লোকজনকে। ওই সময় টাকাভর্তি থলেসহ ইলিয়াছকে আটক করে পুলিশ। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানার পুলিশ ৫৪ ধারায় আটক দেখায় ইলিয়াছকে। ২০ অক্টোবর অর্থপাচার আইনে তাঁকে আসামি করে মামলা দায়ের করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।
আদালত ভবনে টাকা উদ্ধারের ঘটনায় টনক নড়ে জেলা প্রশাসনের। ১৯ অক্টোবর থেকে ভূমি অধিগ্রহণ শাখায় বসানো হয় ক্লোজড সার্কিট ক্যামেরা। দুর্নীতি রোধে এই ব্যবস্থা নেওয়া বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার বিভিন্ন কর্মকর্তা ও প্রকল্পের ক্ষতিপূরণের টাকা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের ধারণা, টাকাগুলো ভূমি অধিগ্রহণ শাখার সাবেক দুই সার্ভেয়ার শহীদুল ইসলাম ও নুর চৌধুরীর কাছে নিয়ে যাচ্ছিলেন ইলিয়াছ। আটকের আগে ও পরে ইলিয়াছ সার্ভেয়ার শহীদুলের সঙ্গে মুঠোফোনে কথা বলেছিলেন। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হচ্ছেন না। আর অভিযোগ ওঠা শহীদুল ইসলাম ও নুর চৌধুরীর দাবি, তাঁরা এই ঘটনায় জড়িত নন।
জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, তদন্ত শেষ পর্যায়ে। রোববার (আজ) প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। তদন্তে কী পাওয়া গেছে, তা স্বীকার না করলেও ভূমি অধিগ্রহণ শাখায় দুর্নীতি রোধে বেশ কিছু সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।
দুদক চট্টগ্রাম বিভাগের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বলেন, আসামি ইলিয়াছকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেও টাকার উৎস ও গন্তব্য সম্পর্কে তিনি মুখ খোলেননি। দুদক বিভিন্ন সূত্রের মাধ্যমে এই ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। তাঁর দাবি, দুদক টাকার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।