সেই 'লাল বোটে' আবার যাত্রী পারাপার!

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের অদূরে নৌকাডুবির ১১ দিন পর সেই ‘লাল বোটে’ আবার যাত্রী পারাপার শুরু হয়েছে। ১৪ এপ্রিল থেকে নিয়মিতই অনুমোদনহীন এসব বোটে (জাহাজের লাইফবোট) যাত্রী পারাপার চলছে। এ নিয়ে প্রশাসনের কোনো তদারকি নেই। বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীরাও বোটে চড়তে বাধ্য হচ্ছেন।
২ এপ্রিল সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের অদূরে সি-ট্রাক (ছোট জাহাজ) থেকে নেমে ‘লাল বোটে’ চড়ে তীরে যাওয়ার সময় তা উল্টে ১৮ জন নিহত হন। এই যাত্রীরা চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাচ্ছিলেন। ঘাটে সি-ট্রাক ভিড়তে না পারায় বোটে করে যাত্রীদের তীরে নেওয়া হচ্ছিল। দুর্ঘটনার সময় সর্বোচ্চ ৩০ জন ধারণক্ষমতার বোটটিতে যাত্রী ছিলেন ৫৫ জন।
দুর্ঘটনার পর সি-ট্রাক চলাচল বন্ধ ছিল ১১ দিন। তখন শুধু স্পিডবোটে যাত্রীরা আসা-যাওয়া করেন। ১৪ এপ্রিল থেকে চট্টগ্রামের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে আবার একটি যাত্রীবাহী জাহাজ চালু হয়েছে। জাহাজটিও ঘাটে ভিড়তে না পারায় তীরের অদূরে নোঙর করে রাখা হয়। এরপর সেখান থেকে ‘লাল বোটে’ যাত্রী আনা-নেওয়া চলছে। এখন প্রতিদিন এই একটি জাহাজ কুমিরা-গুপ্তছড়া নৌরুটে চলাচল করে।
১৪ এপ্রিল সন্দ্বীপের গুপ্তছড়া থেকে কুমিরা ঘাটে ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে জাহাজের যাত্রী মাহমুদুল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরও দৃশ্যপটের কোনো পরিবর্তন হয়নি। গুপ্তছড়া ঘাট থেকে লাল বোটে চড়ে জাহাজে যাত্রী ওঠানো-নামানো হয়েছে। তবে ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়া হয়নি। আবহাওয়া খারাপ থাকলে বা সমুদ্র উত্তাল হলে এসব নৌযানে যাত্রী পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
বাণিজ্যিক জাহাজে কর্মরত একজন ক্যাপ্টেন প্রথম আলোকে জানান, লাল বোট হিসেবে পরিচিত নৌযানগুলো বাণিজ্যিক জাহাজের লাইফবোট। সাধারণত বড় জাহাজ ডুবে যাওয়ার সময় এ ধরনের নৌযানে চড়ে ভেসে থাকার জন্য ব্যবহার করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে এসব নৌযানে ইঞ্জিন থাকে না। থাকলেও কম অশ্বক্ষমতার ইঞ্জিন যুক্ত থাকে, যাতে কাছাকাছি দূরত্বে যাওয়া যায়। তবে যাত্রী পারাপারে ব্যবহৃত লাল বোটে নতুন করে শক্তিশালী ইঞ্জিন যুক্ত করা হয়। এতে এসব নৌযান ভারসাম্যহীন হয়ে পড়ে।
এদিকে কুমিরা-গুপ্তছড়া নৌপথে যাত্রী পারাপারের জন্য এসব নৌযানের অনুমোদন দেওয়া হয়নি বলে প্রথম আলোকে জানান নৌ–বাণিজ্য দপ্তরের মুখ্য কর্মকর্তা শফিকুল ইসলাম।
জানা গেছে, কুমিরা ও গুপ্তছড়া ঘাটে নিযুক্ত জেলা পরিষদের ইজারাদার এস এম আনোয়ার হোসেন নতুন জাহাজটি চালু করেছেন। ‘এমভি বে ক্রুজার-১’ নামের জাহাজটি টেকনাফ-সেন্টমার্টিন রুটে শুষ্ক মৌসুমে চলাচল করত। আবহাওয়া খারাপ হওয়ায় ১ এপ্রিল থেকে ওই রুটে তা বন্ধ করে দেওয়া হয়। এরপর কুমিরা-গুপ্তছড়া নৌপথে তা যুক্ত করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত এ জাহাজটি ২৫৬ যাত্রী ধারণক্ষমতার। জাহাজ থেকে তীরে যাত্রী পারাপারের বিষয়টিও ইজারাদারের তত্ত্বাবধানে।
দুর্ঘটনার পরও ‘লাল বোটে’ যাত্রী পারাপারের বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বৈরী আবহাওয়া ও অন্ধকার থাকায় ‘লাল বোট’ উল্টে ওই দুর্ঘটনা ঘটেছে। কাঠের তৈরি নৌযানের চেয়ে ‘লাল বোট’ অনেক নিরাপদ।
এ ব্যাপারে নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নতুন যুক্ত হওয়া জাহাজটি চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। তবে জাহাজ থেকে তীরে যাত্রী পারাপারে ‘লাল বোট’ চলাচলের বিষয়টি তদারকি করবে জেলা পরিষদ।
জানতে চাইলে জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম প্রথম আলোকে বলেন, জাহাজ থেকে তীরে ঝুঁকিমুক্ত নৌযানে যাত্রী পারাপারে ইজারাদারকে বলা হয়েছে। বারবার সতর্কও করা হচ্ছে।
আমরা সন্দ্বীপবাসী সংগঠনের কর্মকর্তারা জানান, তিন বছর আগেও জাহাজ থেকে তীরে যাত্রী পারাপারের জন্য নিরাপদ বাহন হিসেবে ব্যবহৃত হতো সি-ট্রাক। এটি ভিড়ত সন্দ্বীপের হরিশপুর ঘাটে। নানা কারণে ওই ঘাটটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ‘লাল বোটে’ যাত্রী পারাপার হচ্ছে।
আমরা সন্দ্বীপবাসী সংগঠনের আহ্বায়ক রফিকুল মাওলা প্রথম আলোকে বলেন, ঘাট থেকে জাহাজে যাত্রী পারাপারে ‘লাল বোট’ সব সময়ই ঝুঁকিপূর্ণ। সরাসরি জাহাজ ভেড়ানোর মতো ‘ল্যান্ডিং স্টেশন’ করা হলে যাত্রীরা এই নৌপথে নিরাপদে আসা-যাওয়া করতে পারবে। এখন সাময়িক ব্যবস্থা হিসেবে সি-ট্রাকের মাধ্যমে যাত্রী আনা-নেওয়া করা উচিত।
প্রসঙ্গত, জেলা পরিষদের ছয়টি ঘাট দিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যাত্রী পারাপার হয়। এর মধ্যে কুমিরা-গুপ্তছড়া ঘাটেই শুধু জাহাজ চলাচল করে। অন্য পাঁচটি ঘাট দিয়ে নৌযান ও স্পিডবোটে যাত্রী পারাপার করা হয়। এদিকে চট্টগ্রামের সদরঘাট থেকে গুপ্তছড়া নৌপথে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার আরেকটি জাহাজ চালু ছিল গত বছরের ডিসেম্বর পর্যন্ত। সেটি এখন বন্ধ রয়েছে।