সেক্টর কমান্ডারের নামে চালু পাঠাগার সাত বছর ধরে বন্ধ
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুলের নামে স্থাপিত পাঠাগারটি সাত বছর ধরে বন্ধ। এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে।
২০১০ সালে জেলা পরিষদের উদ্যোগে লোহাগাড়ার উপজেলা পরিষদ চত্বরে প্রায় সাড়ে ১২ লাখ টাকা ব্যয়ে স্থাপিত হয় এই পাঠাগার। কিন্তু কদিন পরেই এটি বন্ধ হয়ে যায়। সম্প্রতি উপজেলা চত্বরে গিয়ে দেখা যায়, দরজায় তালা। তালা খুলে ভেতরে ঢুকে দেখা গেল বইগুলো ধুলোয় ভরা এবং চেয়ারগুলো অগোছালো। কিছু বই এরই মধ্যে নষ্ট হয়ে গেছে।
পাঠাগারের দুরবস্থা দেখে প্রবীণ মুক্তিযোদ্ধা আবদুর শুক্কুর রশিদি বললেন, একজন সেক্টর কমান্ডারের নামে স্থাপিত পাঠাগার বন্ধ রাখা মানে মুক্তিযোদ্ধার প্রতি অসম্মান জানানো। সাত বছর ধরে বন্ধ থাকা কিছুতেই কাম্য নয়। এটি চালু থাকলে স্থানীয় শিক্ষার্থীরা জানতে পারত মুক্তিযুদ্ধের ইতিহাস। বিভিন্ন বই পড়েও তাদের জ্ঞান বিকশিত হতো।
লোহাগাড়া মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার আখতার আহমদ সিকদার বলেন, সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের জন্ম লোহাগাড়ায়। তাই তাঁর নামে এই পাঠাগার। প্রশাসন উদ্যোগ নিলে পাঠাগারটি চালু রাখা অসম্ভব কিছু নয়। এতে এলাকার মানুষ এবং শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস হতো। লোহাগাড়া মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী কমান্ডার আবদুল হামিদ জানান, এখনো লোহাগাড়ার অনেকে সেক্টর কমান্ডার মেজর নাজমুল হক সম্পর্কে জানে না। তাঁর সম্পর্কে জানার জন্যই এই পাঠাগারটি চালু করা হয়েছে। অথচ শুরু থেকে কদিন খোলা রাখার পর তা বন্ধ হয়ে যায়।
লোহাগাড়া উপজেলার মোস্তফিজুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান বলেন, পাঠাগারের পরিবেশ সুন্দর থাকলে এবং পর্যাপ্ত বই থাকলে শিক্ষার্থীদের অবশ্যই আকর্ষণ করবে।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান প্রথম আলোকে বলেন, ‘পাঠকের অভাবে পাঠাগারটি বন্ধ। কিছু উদ্যোগ নিয়েছিলাম; কিন্তু পাঠাগারটি চালু রাখা যায়নি। জেলা পরিষদ থেকে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে তা দেখভাল
করার জন্য।’
শহীদ মেজর নাজমুলের কন্যা নওরীন সাবা বলেন, ‘একজন শহীদের নামে একটি পাঠাগার চালু করে বন্ধ করে দেওয়া অপমানজনক। বিষয়টি আমাদের জন্য কষ্টকর। পাঠাগারে যদি হাল আমলের বই, দৈনিক পত্রিকা, ম্যাগাজিন রাখা হয়, তবে অবশ্যই মানুষ আসবে।’