কাল প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন মহামায়া মহাপ্রকল্প
সেচ, বিদ্যুৎ উৎপাদন ও পর্যটনসুবিধা একসঙ্গে
একই সঙ্গে সেচ প্রকল্প বাস্তবায়ন, পর্যটনসুবিধা সৃষ্টি এবং বিদ্যুৎ উৎপাদন—এই তিনের সমন্বয় ঘটিয়ে মিরসরাইয়ের পাহাড়ি এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে ‘মহামায়া মহাপ্রকল্প’ প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বুধবার এই প্রকল্প উদ্বোধন করবেন। এ জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ওই এলাকায় প্রধানমন্ত্রীর একটি জনসভা অনুষ্ঠানের প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানা যায়। যেখানে হচ্ছে প্রকল্প: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন মিরসরাইয়ের ঠাকুরদীঘি থেকে এক কিলোমিটার পূর্বে পাহাড়ি ঝরনার (স্থানীয়দের ভাষায় ঝরঝরি) কাছে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। আগে এই ঝরঝরির পানি গড়িয়ে সাগরে যেত মহামায়া নামের সুদীর্ঘ একটি পাহাড়ি ছড়া (খাল) দিয়ে। এই ছড়া ছিল মৃতপ্রায়। বর্ষায় পাহাড়ি ঢলে পানি গড়িয়ে যাওয়ার কারণে এটি স্রোতস্বিনী হয়ে উঠত। বছরের অন্য সময়ে তেমন পানি থাকত না। এখন এই ছড়াতে বাঁধ দেওয়ার কারণে সেখানে সৃষ্টি হয়েছে ১১ বর্গকিলোমিটার আয়তনের এক বিশাল কৃত্রিম হ্রদ। এই হ্রদ সৃষ্টির জন্য পানি উন্নয়ন বোর্ডের ব্যয় হয়েছে প্রায় ৩২ কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মনে করেন, কাপ্তাই হ্রদের পর এটাই হলো দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। পানি উন্নয়ন বোর্ড ২০০৭-০৮ অর্থবছরে ২৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু করে এবং ২০১০ সালের মাঝামাঝি সময়ে প্রকল্পের কাজ শেষ হয়। মহামায়া ছড়ার ওই প্রকল্প নিয়ে স্থানীয় কৃষকেরা আশায় বুক বাঁধতে শুরু করেছেন। পাশাপাশি প্রকৃতিপ্রিয় মানুষ উৎসুক হয়ে রয়েছেন কখন পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণা পাচ্ছে এই হ্রদ। কারণ ইতিমধ্যে এখানকার নয়নাভিরাম দৃশ্য সবার মন কেড়ে নিয়েছে। প্রতিদিন প্রচুর দর্শক এখানে ঘুরতেও বনভোজন করতে আসছেন। মিরসরাইবাসী চায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যকর এই প্রকল্প এলাকাকে পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণা করবেন।জানা যায়, এই হ্রদের পানি ব্যবহার করে মিরসরাই উপজেলার প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিকে বোরো ধান চাষের আওতায় আনা সম্ভব হবে। পেছনে ফিরে দেখা: পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগের সাংসদ মোশাররফ হোসেন ১৯৭৩ সালে এই এলাকার কয়েক হাজার একর অনাবাদি জমিকে চাষের আওতায় আনতে প্রকল্প আকারে এটি সংসদে প্রস্তাব করেন। পরে সরকার এটি অনুমোদন করে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের পর প্রকল্পের জন্য বরাদ্ধ করা অর্থ ফেরত নেওয়া হয়। পরে ১৯৮৬ এবং আওয়ামী লীগ সরকারের আমলে (১৯৯৬ সালে) কিছু কিছু কাজ হয়। এরপর পুরো কাজটাই বন্ধ হয়ে যায়। এদিকে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালে প্রকল্পের গড়িয়াইশ এলাকায় রাবার ড্যাম নির্মাণকাজ শুরু করে। এটি ছিল পুরো প্রকল্পের একটি খণ্ডাংশ মাত্র। ২০০৪ সালে রাবার ড্যামের নির্মাণকাজ শেষ হয়। তবে এ সময় প্রকল্পের আওতাধীন খালগুলো সংস্কার করা হয়নি। ফলে ড্যামের সুফল থেকে বঞ্চিত হন স্থানীয় কৃষকেরা।এভাবে প্রায় পাঁচ বছর পর প্রকল্পটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর ২০০৭-০৮ অর্থবছরে ৩০ কিলোমিটার মহামায়া ছড়া সংস্কার এবং ১১ বর্গকিলোমিটার মাটির বাঁধ নির্মাণের কাজে হাত দেওয়া হয়। একই সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ শুরু হয়। এ জন্য সরকার নতুন করে ৩২ কোটি টাকা বরাদ্দ দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান (এসএএসআইইই) গত বছর মাটির বাঁধের নির্মাণকাজ শুরু করে এবং এ বছর তা শেষ হয়।প্রকল্পের সুবিধাদি: চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কেও থোয়াই ওয়ে মার্মা জানান, ১১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এখানে বাঁধ, হ্রদ ইত্যাদি তৈরি হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে তিন হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো চাষ সম্ভব হবে। এর ফলে ব্যাপক জমি বন্যার হাত থেকে রক্ষা পাবে। এখানে স্বল্প পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে তিনি জানান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, প্রকল্পের ফলে অতিরিক্ত প্রায় ১০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব হবে। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৭০ লাখ টাকার বেশি। আরও চাষ হবে অতিরিক্ত শাকসবজি। ফলে ওই এলাকার কৃষকের অর্থনৈতিক পরিবর্তন আসবে। মিরসরাইয়ের উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয় সাংসদের নির্দেশে মহামায়া হ্রদ এলাকায় পর্যটনকেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে একটি প্রস্তাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে। এখানে ঝুলন্ত সেতু, কেব্লকার, ওয়াকওয়ে, বাগান, বিশ্রামাগার, জেটি, পিকনিক কর্নার, পার্কিং এরিয়ার কথা প্রস্তাব করা হয়েছে। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামান জানান, এটি কাপ্তাই হ্রদের পর দেশের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। মিরসরাইয়ের সাংসদ ও বিমান, পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, মহামায়া সেচ প্রকল্পকে পূর্ণাঙ্গ একটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় তাঁর নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে এবং ওই এলাকার কৃষক ও কৃষিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনার আর কোনো দাবি আছে কি? প্রশ্নের উত্তরে সাংসদ মোশাররফ হোসেন বলেন, অবশ্যই আছে। মিরসরাইয়ে একটি আধুনিক স্টেডিয়াম তৈরি করা, মিরসরাই সদরে একটি ২০ শয্যার হাসপাতাল করা, মিরসরাইয়ে মেরিন ইকোপার্ক তৈরি করা, জলাবদ্ধতা নিরসনকল্পে মিরসরাইয়ের ১২ মাসি ছড়া বা খালগুলো খনন করা, মিরসরাইয়ের একটি কলেজ, একটি উচ্চবিদ্যালয় সরকারীকরণ করা, একটি কলেজে সম্মান কোর্স চালু করা, মহামায়া প্রকল্প এলাকাকে পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণা করা, ভবিষ্যতের কথা চিন্তা করে মিরসরাইয়ে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন করা, চট্টগ্রামের পতেঙ্গা থেকে মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চল দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি বিকল্প সড়ক তৈরি করা। কারণ ওই বিকল্প সড়ক নির্মিত হলে মিরসরাই উপকূলের হাজার হাজার একর খাসজমি কাজে লাগবে। এসব বিষয় ছাড়া আরও কিছু দাবি উল্লেখ করা হবে জানান তিনি।