সেচ নিয়ে দুর্ভাবনা কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীতে লোনাপানি ঢোকার আশঙ্কা কম থাকায় চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোয়ালখালীতে। এক হাজার ৪৫০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে দুহাজার ৩০০ হেক্টর। এর মধ্যে দুহাজার ১৭৫ হেক্টরে উচ্চফলনশীল জাতের ধান লাগানো হয়েছে। অবশ্য বিদ্যুৎ নিয়ে বিপদের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ‘জোয়ারের সময় বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ থাকলে জোয়ার থাকে না। এতে জমিতে সেচ দিতে সমস্যা হচ্ছে। তবে এখনো বিদ্যুতের বড় সংকট হয়নি।’ কথাগুলো বললেন, করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সেচ প্রকল্পের ব্যবস্থাপক কুমকুম দাশ।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, লোনাপানির কারণে গত কয়েক বছরে বোরো চাষ কমছে। ২০০৬ সালে তিন হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। পাঁচ বছর পর চলতি মৌসুমে এক হাজার ৬০০ হেক্টর অনাবাদি রয়ে গেছে। অথচ উপজেলায় চাষযোগ্য জমির পরিমাণ ছয় হাজার ৮০০ হেক্টর। জানা যায়, ২০০৬ সালে কর্ণফুলীর পানিতে লবণাক্ততা বেড়ে গেছে। শাখা নদী বোয়ালখালী, নব্বইখালী ও রায়খালী খাল দিয়ে বিভিন্ন এলকার ধানি জমিতে লোনাপানি ছড়িয়ে পড়ে। ফলে ১২৩ দশমিক ৭০ হেক্টরের ফসল নষ্ট হয়। ২০০৮ সালে ক্ষতি হয় এক হাজার ৫০০ হেক্টর এবং ২০০৯ সালে ১৪১ হেক্টর।কৃষি বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এবার কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি মজুদ রয়েছে। কর্ণফুলীতে পানি ছাড়া হলে সাগরের লোনাপানি উজানের দিকে ওঠার সম্ভাবনা কম থাকে। নিরাপদে বোরো আবাদ করতে পারবেন। এ নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, লোনাপানির কারণে গত কয়েক বছর মার খেয়েছেন কৃষকেরা। ভয়ে বোরো চাষ করেননি তাঁরা। গত বর্ষায় বৃষ্টিপাত ভালো হওয়ায় কর্ণফুলী নদীতে লোনাপানি ঢোকার সম্ভাবনা কম ছিল। কৃষকদের বোরো চাষে উদ্বুদ্ধ করতে পাড়ায় পাড়ায় মাইকিং ও সভা করা হয়। তখন চাষে এগিয়ে আসেন চাষিরা। এরই ধারাবাহিকতায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তবে, জোয়ারের সময় বিদ্যুৎ সমস্যা থাকতে পারে বলে জানালেন তিনি। বলেন, ‘চারা বেড়ে ওঠা ও থোর আসার সময় জমিতে সেচ দিতে হবে। সেচযন্ত্র চালাতে বিদ্যুৎ লাগবে। কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে বিদ্যুৎ কতটা পাওয়া যাবে তা নিয়ে সংশয় আছে।’ চালের দাম বাড়ায় কৃষকেরা এবার বোরো চাষে মনোযোগী হয়েছেন বলে জানান উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইউনুছ চৌধুরী। তিনি বলেন, ‘লোডশেডিং বাড়লে ফসলের ক্ষতি হতে পারে।’ করলডেঙ্গা ইউনিয়নের চাষি আবদুর রহমান বলেন, হারগেজী নয়া খাল ভরাট হয়ে যাওয়ায় দক্ষিণ করলডেঙ্গার শতাধিক একর জমিতে বোরো চাষ হয় না। কধুরখীল মৌসুমি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর সেলিম বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমরা এবার ডিজেলচালিত সেচযন্ত্র স্থাপন করেছি।’পল্লী বিদ্যুতের বোয়ালখালী উপজেলা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী প্রথম আলোকে বলেন, চলতি মৌসুমে ৭৯টি সেচযন্ত্র চালু রয়েছে। গত বছর ছিল ৬৮টি। বর্তমানে ভালো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তবে আগামী দিনে চাহিদা বাড়ার কারণে লোডশেডিংও বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।