সেচ নেই জমি ফেটে চৌচির
‘পাঁচ-ছয় দিন পর কিছু সময়ের জন্য পানি পাই। সেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জমি খেয়ে ফেলে। তারপর আবার অপেক্ষায় থাকতে হয় কখন পানি আসবে। দিনের পর দিন সেচ না পেয়ে জমি ফেটে চৌচির হয়ে গেছে। জানি না বোরোর ফলন কী হবে।’ হতাশ কণ্ঠে কথাগুলো বলেন, ফটিকছড়ির সুয়াবিল গ্রামের কৃষক নুরুল আলম।পল্লী বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে ফটিকছড়িতে বিদ্যুতচালিত সেচযন্ত্রগুলো অলস বসে আছে। সেচ না পেয়ে ইতিমধ্যে কিছু কিছু এলাকায় নষ্ট হয়ে গেছে বোরোর খেত। অবশ্য পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিড থেকে পাওয়া বিদ্যুৎ দিয়ে সেচযন্ত্রগুলো সাধ্যমতো চালানোর চেষ্টা চলছে।পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, ফটিকছড়িতে তাদের তিন স্তরের ২১৬টি সেচযন্ত্র রয়েছে। দুটি উপকেন্দ্রের মাধ্যমে সাতটি ফিডারে ভাগ করে এসব সেচযন্ত্রে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ১৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যায় চার থেকে পাঁচ মেগাওয়াট এবং বাকি সময় ১৪ মেগাওয়াটের বিপরীতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়।সুয়াবিল গ্রামের সেচযন্ত্র চালক মো. মাহাবুবুল আলম জানান, এখানে পল্লী বিদ্যুতের আওতাধীন ১১টি ছোট-বড় সেচযন্ত্র আছে। প্রায় সব সেচযন্ত্রের একই অবস্থা। তিনি বলেন, ‘পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় তাঁরা সেচ দিতে পারছেন না।’আরেকটি সেচযন্ত্রের মালিক শোভনছড়ি গ্রামের মো. লতিফ মিয়া বলেন, ‘পানি না পেয়ে কৃষকেরা আমাকে মারধর পর্যন্ত করেছেন। যেভাবে লোডশেডিং হচ্ছে তাতে সারা দিনে ১০ থেকে ১৫ একর জমিতেও পানি দিতে পারছি না।’ তিনি জানান, ওই এলাকায় মোট ৬৫ একর জমিতে ধান চাষ হয়েছে।সেচ না পেয়ে পশ্চিম ভুজপুর এলাকার কৃষক মুজিবুর রহমান ও বাদশা সওদাগর তাঁদের ৩৪ শতক জমি পরিত্যক্ত ঘোষণা করেছেন। বাদশা সওদাগর বলেন, ‘জমির ধান বাঁচানো আর সম্ভব হচ্ছে না। তাই এখন চাষ বন্ধ করে দিয়েছি। অথচ ইতিমধ্যে এই জমির পেছনে প্রায় দুই হাজার টাকা খরচ করেছি।’লেলাং গ্রামের গভীর সেচযন্ত্রের বর্গাচাষি ওমর ফারুক বলেন, ‘আমার দুই কানি (৮০ শতক) জমি ফেটে চৌচির হয়ে গেছে। তিনি আরও বলেন, গত বছর প্রতি কানিতে ১০০ আড়ি করে ধান পেয়েছিলাম। এবার ৪০ আড়ি ধানও হবে কি না, সন্দেহ। জমির মালিককে ৫০ আড়ি করে ধান দিতেই হবে।’এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, ‘বিদ্যুৎ যন্ত্রণার প্রভাব বোরোর চাষে পড়েছে। কিছু এলাকায় জমি দ্রুত শুকিয়ে যাচ্ছে। একদিকে উপজেলার খাল-নদীগুলো ক্রমাগত পানিশূন্য, অন্যদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রভাবে বোরোর ফলনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।’পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) শংকর দাশ বলেন, ‘সেচের ব্যাপারে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ নজরদারি রয়েছে। তা ছাড়া আগে বসানো সেচযন্ত্রগুলোতে এখন আর ভালোমতো পানি ওঠে না। তাই সেচে একটু সমস্যা হচ্ছে, তবে মাটি ফেটে যাওয়ার কথা নয়।’