পটিয়া উপজেলার পারিগ্রামের কৃষক জ্যোতি দে (৫৫)। আমনের মৌসুমে দম ফেলার ফুরসত পান না। আর বোরোতে এক মৌসুমে চাষ করেন তো আরেক মৌসুমে অলস সময় কাটান। কারণ, বোরো মৌসুমে প্রতিবছর সেচের পানি পান না তিনি।জ্যোতি দে জানান, আশপাশের কয়েক গ্রামের বাসিন্দারা মিলে স্থানীয় শ্রীমতী খালে বাঁধ দিয়ে সেচের ব্যবস্থা করে। এতে একরপ্রতি খরচ হয় ৭০০ টাকা। এবার খালের পূর্ব পারের লোকজন সেচ পাবে আর আগামী বছর পাবে পশ্চিম পারের গ্রামবাসী। সেচ বাবদ বাড়তি খরচ হওয়ায় অনেকেই বোরো আবাদ করেন না। শুধু পটিয়া নয়, সেচের অভাবে বোরো চাষ করেন না জেলার অনেক কৃষক।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চট্টগ্রাম জেলায় চলতি বছর প্রায় ৬৫ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা আমনের লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশের চেয়ে কিছু বেশি। ইতিমধ্যে প্রায় ৩৯ হাজার হেক্টর জমিতে চারা রোপণের কাজও শেষ হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে ধান উৎপাদিত হবে প্রায় দুই লাখ ৫২ হাজার ৪৮৩ মেট্রিক টন। তবে সেচ-সুবিধা বাড়ানো গেলে বর্তমানের চেয়ে দ্বিগুণ উৎপাদন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জানা গেছে, সেচ-সুবিধা না থাকায় আমনের চেয়ে প্রায় এক লাখ ১৯ হাজার হেক্টর কম জমিতে বোরোর আবাদ হচ্ছে। গত আমন মৌসুমে জেলার মোট এক লাখ ৮৩ হাজার ৬৬৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল। বোরো আবাদের লক্ষ্যমাত্রার অর্ধেক জমি সরকারি সেচ প্রকল্পের সুবিধা পাবে। বাকি প্রায় অর্ধেক জমি নির্ভরশীল বেসরকারি সেচ প্রকল্পের ওপর।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুল হুদা প্রথম আলোকে বলেন, আমন বৃষ্টিনির্ভর হলেও বোরো আবাদ মূলত সেচনির্ভর। এ কারণে যেখানেই জমি আছে, সেখানেই আমনের চাষ হয়। কিন্তু সেচের পানি সহজলভ্য না হলে কৃষক বোরো আবাদে আগ্রহী হন না। বোরোকে ধান চাষের সবচেয়ে নিরাপদ মৌসুম উল্লেখ করে শামসুল হুদা বলেন, ‘বছরের এ সময়ে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ধানগাছের কোনো ক্ষতি হয় না। সূর্যের আলো পাওয়া যায় সবচেয়ে বেশি, তাই ফলনও হয় ভালো। শুধু সেচের আওতা বাড়ানো গেলে জেলায় বর্তমানের চেয়ে দ্বিগুণ বোরো উৎপাদন করা সম্ভব।’জানা যায়, আনোয়ারা, বাঁশখালী ও পটিয়ার কিছু অংশে লবণাক্ততার কারণে বোরো আবাদ হয় খুব কম। পাশাপাশি বছরের এ সময়ে ফটিকছড়ি ও রাউজানের কোনো কোনো স্থানে ভূ-গর্ভস্থ পানির স্তর থাকে অনেক নিচে। এদিকে সন্দ্বীপে সেচ সুবিধা না থাকায় বোরো চাষ হয় না। অধিদপ্তরের তথ্যমতে, গত আমন মৌসুমে সন্দ্বীপের ২১ হাজার ৭০০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল। কিন্তু সেচ-সুবিধা না থাকায় এ জেলায় বোরো চাষ হচ্ছে না। আমন মৌসুমে জেলার মধ্যে সর্বোচ্চ ফটিকছড়ি উপজেলায় ২২ হাজার ৪৭০ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। বিপরীতে বোরো চাষের লক্ষ্যমাত্রা মাত্র সাত হাজার ৪২০ হেক্টর জমিতে। সীতাকুণ্ড উপজেলায় ছয় হাজার ৭০০ হেক্টর জমিতে আমন চাষের বিপরীতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র ৭৫ হেক্টর। চলতি বোরো মৌসুমে বাঁশখালী উপজেলায় সর্বোচ্চ সাত হাজার ৫৬০ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সরকারি সেচ প্রকল্পের আওতায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে একরপ্রতি সেচ বাবদ ৬৫০ টাকা খরচ পড়ে কৃষকের। তবে ছোট সেচযন্ত্রের আওতায় (এলএলপি) একরপ্রতি খরচ হয় ১০০ টাকা। জেলার সেচ সুবিধার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের অধীনে চট্টগ্রামে ছোট-বড় মিলিয়ে মোট ১৬টি সেচ প্রকল্প আছে। এবার বোরোতে ২৯ হাজার ৪৩৫ হেক্টর জমিতে সেচ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ১৯ হাজার ২০০ হেক্টর জমি সেচের আওতায় এসেছে।’