সেচ-সংকট, আমনের তিন ভাগের এক ভাগ হয় বোরো
সেচ-সংকটের কারণে ফটিকছড়িতে বোরো আবাদ হচ্ছে আমনের তিন ভাগের এক ভাগ। গত মৌসুমে আমনের চাষ হয়েছে ২১ হাজার ১৫০ হেক্টর জমিতে। আর চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ২৫০ হেক্টর। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
কৃষি কার্যালয়ের কর্মকর্তা ও চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বাগানবাজার, নারায়ণহাট, দাঁতমারা ও ভুজপুর ইউনিয়নের কোনো জমিতেই বোরোর আবাদ হয় না। এসব স্থানে শুধু আমনের চাষ হয়। তাও নির্ভর করে প্রকৃতির ওপর। এ ছাড়া রোসাংগিরি, নাজিরহাট পৌরসভা, দৌলতপুর, রাঙ্গামাটিয়া ও সুয়াবিল ইউনিয়নে সেচের ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত নয়। এখানে স্থাপিত গভীর নলকূপে পানি উঠছে না ঠিকমতো। এ ছাড়া এসব স্থানের পাশ দিয়ে হালদা নদী বয়ে গেলেও নদীর বেশির ভাগ অংশে পানিপ্রবাহ কম। ফলে ব্যাহত হচ্ছে চাষ।
দৌলতপুর ও রাঙ্গামাটিয়ার বিভিন্ন গ্রামে সরেজমিনে দেখা গেছে, নদীতে পানিপ্রবাহ না থাকায় সেচের জন্য চাষিরা গভীর নলকূপ নির্ভর হয়ে পড়েছেন। কিন্তু সেখানেও বিপত্তি। লোডশেডিংয়ের কারণে পাম্প চালাতে হিমশিম খেতে হচ্ছে। তা ছাড়া পানি উঠছে কম। একই অবস্থা সুয়াবিল ও নাজিরহাট পৌর এলাকায়ও।
দৌলতপুর গ্রামের কৃষক সামসুল ইসলাম জানান, ‘শীত মৌসুমেও বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। বোরোর চারা রোপণ করলেও এখন সেচের অভাবে মারা যাচ্ছে।’
সুয়াবিল গ্রামের কৃষক আহমদ ছাফা বলেন, ‘হালদা পলিতে ভরে যাওয়ায় বোরোতে সেচ দেওয়া যাচ্ছে না। পানির অভাবে এখানকার অন্তত ৮০ শতক জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে।’
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপপ্রকৌশলী খোরশেদুল আলম বলেন, সেচকাজ পরিচালনায় ২১টি রেগুলেটরি কমিটি কাজ করছে। শুষ্ক মৌসুমে হালদা, ধুরুং, লেলাং, তেরপারইসহ সবকটি নদী ও খালের পানি শুকিয়ে যাওয়ায় সেচ কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।’
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ি কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নিয়াজ উদ্দিন বলেন, ‘উপজেলায় বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে লোডশেডিং সামাল দেওয়া যাচ্ছে না। তবে উৎপাদন ক্রমাগত বাড়ছে। ফলে বিদ্যুৎ সরবরাহও বাড়বে।’
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ বলেন, ‘পানির উৎসগুলোতে আগের চেয়ে সরবরাহ কমে যাওয়ায় চাষাবাদে কিছুটা প্রভাব পড়ছে।’ তিনি দাবি করেন, সেচের অভাবে অপেক্ষাকৃত উঁচু জমি বোরো চাষাবাদের আওতায় আনা যায় না।