খাগড়াছড়ির দীঘিনালায় সেচসুবিধা না থাকায় চলতি বোরো মৌসুমে চার হাজার ৮৩৫ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। এর ফলে এবার উপজেলার প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন চাল উৎপাদন কম হবে বলে আশঙ্কা করছেন কৃষিবিদেরা।উপজেলার কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণের জন্য সাতটি স্লুইস গেট তৈরি করে। এর মধ্যে ছয়টিই অকেজো হয়ে পড়ে। এ ছাড়া জমিতে সেচের নালাও নেই। এর ফলে শুষ্ক মৌসুমে সেচসংকট দেখা দিচ্ছে। সরেজমিন ঘুরে ও কৃষি বিভাগের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন মৌসুমে পানির সমস্যা না থাকায় উপজেলায় এবার ১১ হাজার ৫০৫ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছিল। কিন্তু চলতি বোরো মৌসুমে সেচসুবিধা না থাকায় চার হাজার ৮৩৫ হেক্টর জমিতে চাষ করা সম্ভব হচ্ছে না। উপজেলার ২২টি কৃষি ব্লকের মধ্যে ছয়টি বড় ব্লকের বেশির ভাগ জমিই অনাবাদি থেকে যাচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে দীঘিনালার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘আমরা মাসিক সভায় সেচসংকটের বিষয় নিয়ে আলোচনা করেছি। সেচ-নালা নির্মাণসহ অবকাঠামো গড়ে তুলতে কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।’