সেচসংকট ও পোকার আক্রমণে ফটিকছড়ির বাগানগুলোতে মরে যাচ্ছে চা-গাছ। তাই এ বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় দেখা দিয়েছে। উপজেলায় গত বছর চা উৎপাদিত হয়েছিল ৬৫ লাখ কেজি। চলতি বছরের লক্ষ্যমাত্রা ৭৫ লাখ কেজি। বাগানমালিকদের ধারণা, এবার লক্ষ্যমাত্রার চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ চা উৎপাদন কম হতে পারে।বাগান ব্যবস্থাপকদের সঙ্গে আলাপে জানা গেছে, ১৭টি বাগানের মধ্যে নিজস্ব সেচ ব্যবস্থাপনা আছে হালদা ভ্যালি, রামগড় ও কর্ণফুলী চা-বাগানে।সেচসুবিধা থাকা তিনটি বাগানে ইতিমধ্যে চা-পাতা উৎপাদন শুরু হয়েছে। কিন্তু প্রকৃতির দয়ার ওপর নির্ভরশীল বাকি ১৪টি বাগানে এখনো চা-গাছের কুঁড়ি বের হচ্ছে না। আর এর সঙ্গে যোগ হয়েছে পোকার আক্রমণ। অথচ এসব বাগানে ফেব্রুয়ারি থেকে চা-পাতা উৎপাদনে যাওয়ার কথা।নেপচুন চা-বাগানের ব্যবস্থাপক কাজী ইরফান উল্লাহ বলেন, চা-গাছগুলো খরায় মরে যাচ্ছে। বাগানে দ্রুত সেচ ব্যবস্থাপনা না করলে অনেক গাছ মরে যাবে।তা ছাড়া এ সময়ে উৎপাদনে যাওয়ার কথা। কিন্তু এখনো অনেক গাছে কুঁড়িই বের হয়নি। এসব কারণে এবার ১০ থেকে ১৫ শতাংশ চা উৎপাদন কমার আশঙ্কা রয়েছে।বারমাসিয়া চা-বাগানের ব্যবস্থাপক নিয়াজুর রহমান জানান, বাগান কর্তৃপক্ষের নিজস্ব সেচব্যবস্থা থাকলে সমস্যা হতো না। প্রকৃতিনির্ভর হওয়ায় সঠিক সময় উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না। চা-সংসদ সূত্র জানায়, ২০১২ সালে সারা দেশে ছয় কোটি ২৭ লাখ কেজি চা-পাতা উৎপাদিত হয়েছে। এর মধ্যে ১২ শতাংশ পাতা ফটিকছড়ির বাগানগুলো থেকে জোগান দেওয়া হয়। আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ নিলুফার জাহান জানান, গত অক্টোবর থেকেই চট্টগ্রামে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। এ অবস্থা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।বাংলাদেশ চা-সংসদ সূত্র জানায়, চায়ের উৎপাদন কমে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান কারণ অতিরিক্ত খরায় চা-গাছে মড়ক, দিনে গরম রাতে ঘন কুয়াশা, চারা গাছে পোকার আক্রমণ ও পর্যাপ্ত সেচ না পাওয়া। বাংলাদেশ চা-সংসদ চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজুল হাসান বলেন, চা-পাতা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে জরুরি ভিত্তিতে বাগানগুলোয় সেচের ব্যবস্থা করতে হবে। অন্যথায় এবার লক্ষ্যমাত্রা অর্জন হবে না।