সেচসুবিধা নেই, বোরো চাষ হয় না ১৩ হাজার হেক্টর জমিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির রোসাংগি​ির বিলের বেশির ভাগ জমিতে সেচের অভাবে এ বছর বোরো চাষ হয়নি l প্রথম আলো
ফটিকছড়ির রোসাংগি​ির বিলের বেশির ভাগ জমিতে সেচের অভাবে এ বছর বোরো চাষ হয়নি l প্রথম আলো

সেচসুবিধা না থাকায় ফটিকছড়ি উপজেলার দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে ১৩ হাজার হেক্টর জমিতে বোরো চাষা হয় না। বেকার সময় কাটে চাষিদের। সেচসুবিধা নিশ্চিত করা গেলে মৌসুমে অন্তত ৪০ হাজার মেট্রিক টন বেশি চাল উৎপাদন সম্ভব হবে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সরেজমিনে দেখা গেছে, রোসাংগিরি ইউনিয়নের রোসাংগিরি বিলে খালি পড়ে আছে বিস্তীর্ণ জমি। একই অবস্থা পাশের হারুয়ালছড়ি ইউনিয়নেরও। এখানে হারুয়ালছড়ি ও ফটিকছড়ি বিলে এই মৌসুমে চাষাবাদ বন্ধ। এ ছাড়া আবদুল্লাহপুর, জাফতনগর, ধর্মপুর, বক্তপুর, নানুপুর, লেলাং, দৌলতপুর, সুয়াবিল, ধুরুং, রাঙামাটিয়া, ভূজপুর, সুন্দরপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো, বাগানবাজার ইউনিয়নেও অনাবাদি পড়ে আছে বিলের পর বিল খাঁ খাঁ করছে।
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহীদুল আজম জানান, সেচের অভাবে এই ইউনিয়নে বোরো মৌসুমে ৬৫০ হেক্টর জমি অনাবািদ থাকে। সেচসুবিধা পেলে এসব জমি দুই ফসলি হতে পারত।
লেলাং গ্রামের কৃষক মান্নান ফারুক বলেন, সেচসুবিধা না থাকায় তাঁর তিন একর জমি পতিত পড়ে আছে। একই এলাকার জলিল হোসেন সাড়ে তিন একর জমিতে চাষ করতে পারছেন। ফলে তাঁরা শুধু আমন চাষ করেন। তাঁরা সেচের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফটিকছড়িতে চাষযোগ্য জমির পরিমাণ ২৫ হাজার ৪২৫ হেক্টর। এর মধ্যে আমনে ২১ হাজার ৩২৫ হেক্টরে চাষাবাদ হয়। চলতি মৌসুমে বোরো চাষের আওতায় আনা হয় ৮ হাজার ২৫০ হেক্টর। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার মেট্রিক টন চাল। সেচসুিবধা না থাকায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয় না।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ বলেন, চলতি বোরো মৌসুমে আমনের এক–তৃতীয়াংশ চাষ হচ্ছে। অনাবািদ ১৩ হাজার হেক্টর জমি সেচের আওতায় আনা গেলে ৪০ হাজার মেট্রিক টন চাল বেশি উৎপাদন করা সম্ভব।
সেচ–সংকটের সমাধান প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী আবদুস সাত্তার বলেন, উপজেলার হালদা, ফটিকছড়ি, তেলপারই ও ধুরুং খালে রাবার ড্যাম নির্মাণ এবং বিভিন্ন উৎস থেকে পানি সরবরাহের জন্য নালা তৈরি করা গেলে বিপুল পরিমাণ জমি সেচের আওতায় আনা সম্ভব হবে। এতে কৃষকেরা সহজেই বোরো আবাদ করতে পারবেন।