সেচসুবিধা বাড়ার পরও কৃষি উপকরণের মূল্য বেড়ে যাওয়ায় চাষের খরচ উঠে আসবে না বলে আশঙ্কা করে রাউজানের অনেক কৃষক বোরো চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এদিকে রাউজানের বিভিন্ন স্থানে কৃষিজমিতে সেচসুবিধা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন বিভাগ খাল খনন করছে। উপজেলার যেসব খাল এত দিন ভরাট ছিল, সেসব খাল খনন হওয়ায় সেচসংকট কেটে গেছে। সব কটি খালে পানির প্রবাহ স্বাভাবিক আছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে প্রায় এক যুগ ধরে ভরাট ছিল যুগিখালী ও তাইক্ক্যাখালী নামের দুটি খাল। দুটি খালের পানিপ্রবাহ না থাকায় সেচসংকটের কারণে এখানে বোরো চাষ কম হতো। গত মাসে পানি উন্নয়ন বোর্ড খাল দুটি খনন করেছে। খননকাজে ব্যয় করেছে প্রায় ২৫ লাখ টাকা। দেখা যায়, সেচসংকট কেটে গেলেও বোরো চাষাবাদের এই মৌসুমে প্রায় ২০০ হেক্টর জমি এখনো খালি পড়ে আছে। স্থানীয় কৃষকেরা জানান, সেচসংকট কেটে গেলেও কৃষকেরা চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলেছেন।কথা বলে জানা যায়, পশ্চিম গুজরার কৃষক বাবুল দে গত বছর বোরো চাষ করেছিলেন এক একর জমিতে। এবার চাষ কমিয়ে এনেছেন অর্ধেকে। উৎপাদিত ফসলের মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান। সরকার পাড়ার কৃষক মিলন চৌধুরী গত বছর বোরো চাষ করেছিলেন ১০ একর জমিতে। তিনি এবার চাষ করছেন মাত্র দুই একর জমি। এই কৃষক জানান, প্রতি একর জমিতে সেচসুবিধা পেতে দিতে হয় সাড়ে চার হাজার টাকা। যান্ত্রিক লাঙলে জমি চাষে লাগে আরও সাড়ে চার হাজার টাকা। চারা রোপণ থেকে ধান কাটা পর্যন্ত জমিতে সার, কীটনাশকসহ কৃষি শ্রমিক নিয়োগ করতে লাগে আরও প্রায় আট হাজার টাকার মতো। রাউজান ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা সিকু বড়ুয়া জানিয়েছেন, কৃষিজীবীদের এ রকম মনোভাবের কারণে তাঁর এলাকায় এবার প্রায় ৩০হেক্টর জমি অনাবাদি থাকবে। কদলপুর ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মইনুদ্দীনও বলেছেন, তাঁর এলাকায়ও প্রায় ১০ হেক্টর জমি অনাবাদি থাকবে।অপর দিকে, উপজেলার অনেক এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বেড়ে যাওয়ায় সেচযন্ত্র পরিচালকেরা সেচযন্ত্র পরিচালনা করছেন না। উরকিরচর ইউনিয়নের হাজি আবদুল মান্নান (সেচ যন্ত্র পরিচালক) অভিযোগ করে জানান, তাঁর সেচযন্ত্রের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। নতুন ট্রান্সফরমার বসাতে পল্লী বিদ্যুৎকে দিতে হবে ৫৪ হাজার টাকা। এত টাকা বিনিয়োগ করে জমিতে সেচসুবিধা দেওয়ার মতো সামর্থ্য তাঁর নেই। পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাসান মজুদার ট্রান্সফরমার চুরির ঘটনা ও নতুন ট্রান্সফরমারের মূল্য আদায়ের কথা স্বীকার করেছেন।উপজেলা কৃষি বিভাগের সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান বিভিন্ন কারণে কৃষকেরা বোরো চাষাবাদ করতে আগ্রহ হারোনোর কথা স্বীকার করে বলেছেন, চাষাবাদ কমে যাওয়ায় গত জানুয়ারিতে স্থানীয় সার ডিলাররা ৫০ টন ইউরিয়া গুদাম থেকে ওঠাননি। এই কর্মকর্তা বলেন, এ বছর রাউজানে বোরো লক্ষ্যমাত্রা প্রায় পৌনে ছয় হাজার হেক্টর। বোরো চাষাবাদ সামান্য কমলেও কৃষিজমিগুলোতে বিভিন্ন রকম সবজি চাষাবাদে কৃষকেরা মনোযোগী হয়েছেন।