সেচের অভাবে অনাবাদি ৫ হাজার একর জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচের অভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্নস্থানে প্রায় পাঁচ হাজার একর জমিতে বোরোর আবাদ হচ্ছে না। উপজেলার একটি পৌরসভার ও সাতটি ইউনিয়নের ২৫টি বিলের জমি এবার অনাবাদি থেকে যাবে। এতে হতাশ হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে মহেশখালী উপজেলার ৪৫টি বিলের প্রায় সাত হাজার ২০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হচ্ছে। গত বর্ষা মৌসুমে আমন চাষ হয় প্রায় নয় হাজার হেক্টর জমিতে। কিন্তু শুষ্ক মৌসুমে পানির অভাবে প্রায় পাঁচ হাজার একর জমিতে বোরোর ফলন হচ্ছে না।জানা গেছে সেচের অভাবে, মাতারবাড়িতে ৩০০ একর, কালারমারছড়ায় ৭০০ একর, শাপলাপুর ইউনিয়নে ৭৫০ একর, হোয়ানক ইউনিয়নে ৩৫০ একর, বড় মহেশখালীতে এক হাজার ৩০০ একর, ছোট মহেশখালী ইউনিয়নে ৫০০ একর, কুতুবজোম ইউনিয়নে ৫০০ একর ও মহেশখালী পৌর এলাকায় ৬৫০ একর জমিতে বোরো আবাদ হচ্ছে না। এ কারণে এসব এলাকার প্রায় পাঁচ হাজার কৃষক বেকার হয়ে পড়েছেন। সরেজমিনে দেখা যায়, উপজেলার মাতারবাড়ি, শাপলাপুর ও বড় মহেশখালী ইউনিয়নের বিভিন্নস্থানের জমিতে চাষ হচ্ছে না। পানির অভাবে এসব জমিতে চাষ করতে পারছেন না কৃষকেরা।কুতুবজোম ইউনিয়নের বটতলী এলাকার বাসিন্দা কৃষক আমান উল্লাহ, ফরিদ আহমদ ও কলিম উল্লাহ জানান, সেচের অভাবে জমিতে বোরো চাষ করতে পারেননি তাঁরা।মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, সেচের অভাবে বোরো মৌসুমে জমিতে চাষ করতে পারছেন না কৃষকেরা। এ কারণে তাঁদের পরিবার পরিজন নিয়ে অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন।মহেশখালী উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমদ প্রথম আলোকে জানান, এবার বোরো মৌসুমে প্রায় ৪৩ হাজার মেট্রিকটন ধান উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। তবে সেচ সমস্যা না থাকলে উৎপাদন বাড়ত। শুষ্ক মৌসুমে লোনাপানির কারণেও বোরোর আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, ‘আবাদযোগ্য সব জমিকে সেচের আওতায় আনা গেলে প্রায় আট হাজার মেট্রিকটন ধান বেশি উৎপাদিত হতো। গভীর নলকূপ বসালে এই সমস্যা সমাধান হবে। গত জানুয়ারি মাসে গভীর নলকূপ বসানোর জন্য কৃষি মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।’এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কাউসার হোসেন বলেন, ‘পানির অভাবে উপজেলার বিভিন্ন এলাকায় জমি অনাবাদি অবস্থায় পড়ে আছে। তবে এসব জমিতে পানির ব্যবস্থা করে বোরো চাষ করা সম্ভব। এ ব্যাপারে সরকারের সহায়তা চাওয়া হয়েছে।’