সেচের অভাবে তামাক চাষে ঝুঁকছেন চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় এবার সেচসংকটের আশঙ্কা করছেন কৃষকেরা। এ কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অনেক কৃষকই এবার বোরো ধানের খেতে তামাক চাষ করেছেন। তামাকের চাষ বেড়ে যাওয়ায় উপজেলায় খাদ্য উৎপাদন কমার ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদেরা।

উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের অন্তত পাঁচ মাস হ্রদের পানিতে ডুবে থাকে এমন জমিতে বোরো ধান চাষ করেন তাঁরা। এবার হ্রাদের পানি কমে যাওয়ায় বেশির ভাগ জমি পানিতে ডোবেনি। ফলে ওসব জমিতে বোরো ধানের চাষ করেননি অনেক কৃষক।

লাল্যাঘোনা গ্রামের বিনয় রতন চাকমা বলেন, প্রতিবছর কাপ্তাই হ্রদের পানিতে বোরো ধানের জমি পাঁচ মাস ডুবে থাকে। এতে জমি পলি পেয়ে উর্বর হয়। কোনো সার কিংবা সেচ দেওয়ার প্রয়োজন হয় না। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকেরা ধান রোপণ করেন। এ বছর পানি কম হওয়ায় অধিকাংশ কৃষক তামাক চাষ করেছেন বলে তিনি জানান।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা মোট আট হাজার ৬৪৫ একর জমিতে বোরো ধান ও ৬০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়। প্রতিবছর তামাকের কারণে কমছে বোরো ধান ও সবজির চাষ।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার তুলাবান, মাস্টারপাড়া, লাল্যাঘোনা উলুছড়ি ও শিজক এলাকায় বোরো ধানের জমিতে ব্যাপক হারে তামাকের চাষ করা হয়েছে। ওই সব এলাকায় শত শত শ্রমিক তামাকখেতে কাজ করছেন।

কৃষক এবং তামাক উৎপাদনকারী কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় নভেম্বরের মাঝামাঝি তামাক চাষ শুরু হয়। খেদারমারা, সারোয়াতলী, বাঘাইছড়ি, মারিশ্যা, রূপকারী ইউনিয়ন ও পৌরসভায় দুই হাজার একরের বেশি জমিতে তামাক চাষ হয়েছে। অথচ গত বছর দেড় হাজার একর জমিতে তামাক চাষ হয়েছিল।

শিজক এলাকার কৃষক কালাচান চাকমা বলেন, এখন বোরো ধান চাষ করলে খরচও উঠছে না। তাই বোরো চাষিরা তামাকের দিকে ঝুঁকছেন। এক কানি জমিতে তামাক চাষ করলে ৪০ হাজার টাকা পাওয়া যায়। কিন্তু ধান চাষ করলে ১০ থেকে ১৩ হাজার টাকা পাওয়া যায়।

বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির সদস্য মো. আবুল ফজল বলেন, তামাক চাষ বেড়ে যাওয়ার কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। প্রতিবছর তামাকের চুল্লিতে বনের গাছ পুড়ছে। স্থানীয় প্রশাসন ও বন বিভাগ চাইলে এটা বন্ধ করতে পারে।

বন বিভাগের মারিশ্যা বিট কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, তামাক চাষের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রতিবছর হাজার হাজার গাছ কাটা পড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘সরকারিভাবে তামাক চাষে কোনো নিষেধাজ্ঞা নেই। সে কারণে আমরা কৃষকদের জোর করে কোনো কিছু বলতে পারি না। কৌশলে তামাক চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। আমরা বিভিন্ন সময়ে অনেক প্রচারপত্র বিলি করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। সার বিক্রির ওপর কঠিনভাবে নিয়ন্ত্রণ আরোপ করেছি। কিন্তু এরপরও তামাক চাষ বাড়ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধরী বলেন, ‘তামাক চাষ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি কিছুদিন আগে কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। চুল্লিতে তামাকপাতা শুকানোর সময় অভিযান চালানো হবে। কারণ বনের আইনে কাঠ পোড়ানোর বিধান নেই।’