সেচের অভাবে ফটিকছড়ি ও সীতাকুণ্ডে বোরো চাষ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচের অভাবে ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলার বিস্তীর্ণ এলাকায় বোরো চাষ ব্যাহত হচ্ছে। চলতি শুষ্ক মৌসুমে এসব এলাকার বেশির ভাগ খাল শুকিয়ে যাওয়ায় সেচের পানির সংকট দেখা দিয়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলোতেও পানি উঠছে না। পাশাপাশি লোডশেডিংয়ের কারণে নিয়মিত সেচযন্ত্রগুলো সচল না থাকায় সমস্যা আরও প্রকট হয়েছে। সীতাকুণ্ড থেকে লিটন কুমার চৌধুরী ও ফটিকছড়ি থেকে এএসএম আক্কাছ উদ্দিনের পাঠানো খবর: সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের ডোমখালী গ্রামের কৃষক মোশাররফ হোসেন (৪৩)। তাঁর জমিতে বোরো চাষের প্রয়োজনীয় পানি নেই। কারণ, জমির আশপাশের শাখা খালগুলো মরে গেছে। তবে কাছাকাছি একটি বড় খালের পানি ওই এলাকার ইরি ব্লকের সেচকাজে ব্যবহূত হয়। সেই ব্লক থেকে নালার মাধ্যমে জমিতে পানি আনতে খরচ পড়ে অনেক বেশি। তাই ইচ্ছা থাকলেও তিনি বোরো আবাদ করতে পারেন না। মোশাররফ হোসেনের মতো সীতাকুণ্ডে এমন অনেক কৃষক আছেন, বোরো মৌসুমে পানির অভাবে যাঁদের জমি অনাবাদি পড়ে থাকে। উপজেলা কৃষি কার্যালয়, কৃষক ও সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিদের মতে, খননের অভাব এবং অপরিকল্পিতভাবে নির্মিত স্লুইসগেটের কারণে এ উপজেলার গুরুত্বপূর্ণ ১০টি খাল মরে গেছে। এগুলো খনন করা গেলে আরও প্রায় ৭০০ হেক্টর জমি বোরো চাষের আওতায় আনা সম্ভব বলে তাঁরা মনে করেন। সরেজমিনে দেখা গেছে, উপজেলার সবচেয়ে বেশি বোরো আবাদ হয় বারৈয়াঢালা, সৈয়দপুর, মুরাদপুর ও বাড়বকুণ্ড ইউনিয়নে। এই চার ইউনিয়নে রয়েছে ১০টি বড় খাল। এগুলো হলো—ডোমখালী, বদর, মহালঙ্গা, বাঁকখালী, অন্তর, গুপ্তা, মান্দারীটোলা, কামানীয়া, উলানিয়া ও গুলিয়া খাল। প্রতিটি খালের সঙ্গে রয়েছে অনেক শাখা খাল। পাশেই রয়েছে মহালঙ্গা, লালানগর, বগাচতর, বাঁকখালী, অলিনগর, হাতীলোটা, নডালিয়া, গোপ্তাখালী, ভাটেরখীল, গুলিয়াখালী ও লক্ষ্মণের বিল। বড় বড় খালগুলোতে জোয়ারের সময় পানি থাকলেও শাখা খালগুলোতে থাকে না।বারৈয়াঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামের কৃষক আব্দুল আউয়াল শরীফ জানান, তাঁর জমিতে সেচের জন্য খাল থেকে পানি তুলতে জোয়ারের অপেক্ষায় থাকতে হয়। এতে সেচকাজ মারাত্মক ব্যাহত হয়। তিনি বলেন, ‘শাখা খালগুলো খনন করতে পারলে এ অঞ্চলে বোরো ধান আরও ভালো হবে। সরকার যদি এদিকে একটু নজর দেয়, তাহলে চাষবাদেও অনেক সুবিধা হবে।’ ডোমখালী ও বদরখালী খাল সংস্কার আন্দোলনের সভাপতি ননী গোপাল সাহা প্রথম আলোকে জানান, ‘বিভিন্ন জায়গায় দেনদরবার করে ডোমখালী ও বদর খালের কিছু অংশ সংস্কার করা হয়েছে। এতে এই বছর আমন ধানের ফলন ভালো হয়েছে। পুরোপুরি খনন করা গেলে শুষ্ক মৌসুমে চাষাবাদে স্থানীয় কৃষকেরা কোনো সমস্যায় পড়বেন না।’ বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন জানান, তাঁর ইউনিয়নের পাঁচটি খাল খননের অভাবে মাটি ও পলি জমে ভরাট হয়ে গেছে। তিনি শুষ্ক মৌসুমে খালগুলো খননের উদ্যোগ নেওয়ার দাবি জানান। বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান মহসীন জাহাঙ্গীর জানান, ‘শুধু বড় বড় খাল খনন করলে হবে না। শাখা খালগুলো জরুরি ভিত্তিতে খনন করা প্রয়োজন।’ কেবল এ চার ইউনিয়নেই নয়, উপজেলার নয়টি ইউনিয়নেই খননের অভাব এবং অপরিকল্পিতভাবে স্লুইসগেট তৈরির কারণে গুরুত্বপূর্ণ অনেক খাল মরে গেছে। ফলে ব্যাহত হচ্ছে চাষাবাদ। এসব খালের পাশাপাশি শাখাখালগুলো খনন করা গেলে এ অঞ্চলে সবুজ বিপ্লব ঘটানো সম্ভব বলে ইউনিয়নের চেয়ারম্যানেরা দাবি করেন। উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম নাঈম আল সাকিব জানান, সীতাকুণ্ডে প্রায় ৬০০ হেক্টর জমিতে বর্তমানে বোরো চাষ হয়। উপজেলার প্রতিটি খাল খনন করা গেলে আরও অন্তত ৭০০ হেক্টর জমি বোরো চাষের আওতায় আনা সম্ভব। এতে অন্য ফসলের চাষও সহজ হবে। পাশাপাশি যেসব জায়গায় বর্তমানে বোরো চাষ হচ্ছে, সেখানে উত্পাদন আরও বাড়বে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, ‘দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে আছে। বারৈয়াঢালার মহালঙ্গা ও ডোমখালী খাল খনন করা হয়েছে। এ ছাড়া সরকারের ১০০ দিনের কর্মসূচির মাধ্যমে কয়েকটি শাখা খালও খনন করা হয়েছে।’ফটিকছড়ি: সেচের অভাবে ফটিকছড়ির দেড় হাজার একর বোরো জমিতে চাষাবাদ করা যাচ্ছে না। অধিকাংশ খাল পলি ও বালু জমে ভরাট হয়ে যাওয়ায় এবং লোডশেডিংয়ের কারণে সেচকাজে বিঘ্ন ঘটছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এলাকার নলকূপগুলোতেও পানি উঠছে না। জাফতনগর গ্রামের আহামদ ছাফা বলেন, দীর্ঘ দিনের পুরোনো তেলপারই খালে চর জেগে উঠেছে। রোসাংগিরী গ্রামের কৃষক ছালে আহমদ জানান, পানির অভাবে অন্তত দুই কানি জমিতে চাষাবাদ করা সম্ভব হয়নি। খিরাম গ্রামের বর্গাচাষি জহুরুল হক বলেন, এখানকার গভীর নলকূপগুলোতে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। তাঁর পাঁচ কানি বোরো জমিতে সেচের অভাবে মড়ক লেগেছে। পানি উন্নয়ন বোর্ডের ফটিকছড়ি কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এসব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নিয়মানুযায়ী সেচকার্য পরিচালনায় ১৪টি রেগুলেটরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি শুষ্ক মৌসুমে হালদা, ধুরুং, লেলাং, তেরপারইসহ সব নদী ও খালের পানি সমবণ্টন করে সেচকাজে সরবরাহ করছে ।এ ব্যাপারে ফটিকছড়ি পল্লিবিদ্যুত্ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সরওয়ার জাহান বলেন, সেচের জন্য এখন প্রতিদিনই বিদ্যুতের চাহিদা বাড়ছে কিন্তু বাড়তি সরবরাহ নেই। ফলে লোডশেডিং করা ছাড়া উপায় নেই। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, উপজেলার কোথাও সেচের অভাবে নতুন কোনো জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে বলে জানা নেই। তবে আমনের তুলনায় এক-তৃতীয়াংশ বোরো চাষ এমনিতেই হয় না। এ ছাড়াও তুলনামূলকভাবে উঁচু জমিতে সেচের অভাবে চাষাবাদ করা যায় না।উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রাহেনা আকতার বলেন, উপজেলার ইরি-বোরো প্রকল্পে সেচকাজে পর্যাপ্ত বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত এবং পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা চলছে।