সেচের অভাবে ১৮০০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচের অভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় এ বছরও প্রায় এক হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। এতে হতাশ হয়ে পড়েছেন এলাকার প্রায় পাঁচ হাজার কৃষক। এদের অধিকাংশই এসব জমিতে উৎপাদিত ধানের ওপর নির্ভরশীল। সংশ্লিষ্ট কৃষকেরা জানান, এভাবে প্রতিবছরই পানির অভাবে পৌর এলাকাসহ উপজেলার সাত ইউনিয়নের ২৫টি বিলে বোরো মৌসুমে চাষ হয় না। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালীতে বর্ষা মৌসুমে আমন চাষ হয় প্রায় নয় হাজার হেক্টর জমিতে। কিন্তু বোরো মৌসুমে চাষ হয় প্রায় সাত হাজার ২০০ হেক্টর জমিতে। এ বছরও পানির সমস্যার কারণে শুকনা মৌসুমে প্রায় এক হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ফলন হচ্ছে না। এ কারণে সংশ্লিষ্ট এলাকার প্রায় পাঁচ হাজার কৃষক অভাবে পড়ার আশঙ্কা রয়েছে । সরেজমিনে দেখা যায়, উপজেলার মাতারবাড়ি, শাপলাপুর ও বড় মহেশখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে বিস্তীর্ণ জমি অনাবাদি পড়ে আছে। কুতুবজোম ইউনিয়নের খোন্দাকারপাড়ার বাসিন্দা কৃষক রহিম উল্লাহ, ফরিদ কামাল ও মোহাম্মদ ছমি উল্লাহ জানান, পানির অভাবে তাঁদের চাষযোগ্য জমিতে বোরো চাষ করা সম্ভব হচ্ছে না। ফলে তাঁদের অর্থকষ্টে পড়তে হবে। প্রতিবছর এ রকম অবস্থা দেখা গেলেও সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না। মহেশখালী উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমদ জানান, এ বছর বোরো মৌসুমে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এসব জমিতে সেচের মাধ্যমে বোরো চাষ করা গেলে এলাকায় আরও সাত হাজার মেট্রিক টন ধান বেশি উৎপাদন করা সম্ভব হতো। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর আবাদযোগ্য জমি অনাবাদি অবস্থায় পড়ে আছে। এসব জমিতে পানি সেচের ব্যবস্থা করে বোরো চাষ করা সম্ভব হলে এলাকায় বেকারত্ব অনেক কমতো। কৃষকদের অভাবও অনেকটা দূর হতো।’