কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের খাইম্যারঘোনা পঞ্চেয়াবিলে চলতি বোরো মৌসুমে সেচের অভাবে প্রায় ২০০ একর জমিতে চাষাবাদ হচ্ছে না। ফলে দরিদ্র কৃষকদের প্রায় ৩০০ মণ বীজ নষ্ট হয়ে গেছে। বেকার হয়ে পড়েছেন প্রায় ৫০০ দরিদ্র কৃষক। কৃষকদের অভিযোগ, খাইম্যারঘোনা, কাটাখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে স্লুইসগেটের বাঁধ ভেঙে মজুদ করা পানি চলে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ২ মার্চ এলাকার শতাধিক কৃষক সই করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়েছে, পানি ব্যবস্থাপনা সমিতির অবহেলা এবং অব্যবস্থাপনার কারণে স্লুইসগেটের বাঁধ ভেঙে পানি চলে যায়। স্থানীয় কৃষক মোজাহের (৭৫) জানান, ১০ হাজার টাকা ঋণ করে দুই কানি (এক একরের কিছু কম) জমি বর্গা নেন এবং চাষাবাদের জন্য দুই আড়ি (২০ কেজি) বীজের বীজতলাও করেন। চাষাবাদ করতে না পারায় বর্তমানে তিনি নিঃস্ব। ঋণের বোঝা কীভাবে শোধ করবেন তিনি জানেন না।বর্গাচাষি নূর আহম্মদ জানান, তিন কানি জমির জন্য বীজতলা এবং চাষাবাদের জন্য জমিও কর্ষণ করেন কিন্তু পানির অভাবে চাষ না হওয়ায় বেকায়দায় পড়েন। হাফেজ শফিকুর রহমান জানান, নিজের জমি এবং বর্গা নিয়ে এ বছর আট কানি জমিতে তিনি চাষাবাদের প্রস্তুতি নেন। চাষাবাদ না হওয়ায় তাঁর ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। একইভাবে নুর আহম্মদ, নাছির হোসেন, আবুল কাশেম, ফরিদুল আলমসহ অন্তত ৫০০ দরিদ্র কৃষক পুঁজি হারিয়ে বেকার হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেন জানান, এলাকার বেশির ভাগ কৃষক দরিদ্র এবং বর্গাচাষি। বতর্মানে তাঁরা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁদের জন্য আর্থিক সহায়তা বা কর্মসংস্থানের ব্যবস্থা করা না হলে প্রায় ৫০০ কৃষক পরিবারের অন্তত তিন হাজার মানুষকে না খেয়ে থাকতে হবে। বাঁধ ভাঙার কারণে দরিদ্র কৃষকের এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুছ উদ্দিন জানান, ২০০৬ সালে খাইম্যারঘোনা ও খাইম্যারছড়া এলাকার প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয় করে দুটি স্লুইসগেট নির্মাণ করা হয়। খাইম্যারঘোনার ওই স্লুইসগেটের উচ্চতা চার মিটার। সমিতির লোকজন বেশি পানি মজুদ করায় কাঠের তক্তা লাগিয়ে স্লুইসগেটের উচ্চতা ছয় ফুট বাড়ানোর কারণে পাশের মাটির বাঁধটি ভেঙে গেছে।অভিযোগ অস্বীকার করে সমিতির সাধারণ সম্পাদক মনির আহম্মদ ও সদস্য সিরাজুল হক জানান, স্লুইসগেট হওয়ায় আগে থেকে প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে এখানে মাটির বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করে চাষাবাদ করা হচ্ছে। কোনো দিন বাঁধ ভাঙেনি। শত্রুতামূলকভাবে রাতের আঁধারে বাঁধ কেটে দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ধারণক্ষমতার বেশি পানি মজুদ করার বিষয়টি সত্য নয়। বাঁধ কেটে দেওয়ার পরদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন বলে জানান। রামু কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এম ছরওয়ার উদ্দিন জানান, কৃষকেরা রাজি হলে আগাম আউশ চাষের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। তবে অনাবাদি জমির পরিমাণ ৩০ একরের বেশি নয় বলে তিনি দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক প্রথম আলোকে বলেন, যেহেতু বোরো চাষের সময় চলে গেছে, এ বছর আর কিছুই করার নেই। আগামী দিনে যাতে চাষাবাদে সমস্যা না হয় তাই ওই বাঁধ তৈরির জন্য উপজেলা প্রশাসন থেকে বরাদ্দ দেওয়া হবে। দরিদ্র কৃষকের কর্মসংস্থানের ব্যাপারে তিনি বলেন, এসব কৃষক পরিবারের মহিলা সদস্যদের ৪০ দিনের মাটি কাটার কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য তালিকা তৈরি করা হচ্ছে।