ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অর্থে নির্মিত বাঘাইছড়ির পাঁচটি সেতু সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না। গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়নে ২০১১ সালের ৩০ এপ্রিল এই সেতুগুলো নির্মিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারেরা বলছেন, প্রকল্পে সেতু নির্মাণের কথা থাকলেও সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি ছিল না।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মারিস্যা ইউনিয়নের বঘাইছড়ি ছড়া, বাঘাইছড়ি ইউনিয়নের জীবতলী ছড়া, সাজেক ইউনিয়নের ভাইবা ছড়া, রুপকারি ইউনিয়নের রুপকারি-করেঙ্গাতলী সড়ক ও খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকায় এই পাঁচটি সেতু নির্মিত হয়েছে। প্রমা এন্টারপ্রাইজ, সুমিতা চাকমা এন্টারপ্রাইজ ও নিশীতবরণ তালুকদার এন্টারপ্রাইজ নামের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সেতুগুলোর নির্মাণকাজ করেছে।সরেজমিনে দেখা গেছে, মারিস্যা ইউনিয়নের বাঘাইছড়ি ছড়ার ওপর নির্মিত সেতুটিতে কোনো রকম হেঁটে যাওয়ার রাস্তা আছে। দূরছড়ি বাজার এলাকায় নির্মিত সেতুটি বছরের ছয় মাস পানির নিচে থাকে। বাকি তিনটি সেতু নির্মিত হয়েছে ধানি জমির মাঝখানে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে এই পাঁচটি সেতু নির্মাণের জন্য ব্যয় ধরা হয় এক কোটি ১১ লাখ ৯৫ হাজার ১৪৬ টাকা। এসব সেতু নির্মাণের এক বছর পরেও কোনো সংযোগ সড়ক হয়নি। এলাকাবাসীর অভিযোগ, সেতু নির্মাণে অনিয়ম হয়েছে। সেতুগুলো এমনসব স্থানে নির্মাণ করা হয়েছে, যেসব স্থানে সংযোগ সড়ক নির্মাণ করা কঠিন। তাই দীর্ঘকাল পরেও এসব সেতু চালু হবে কি না এ নিয়ে তাঁরা সন্দিহান। খেদারমারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অমলেন্দু চাকমা বলেন, ‘একটি সেতু নির্মাণ করা হয়েছে আমার ইউনিয়নে। সেতুটি ধানি জমির মাঝখানে হওয়ায় এবং সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না। আমার আগে যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি সেতু নির্মাণের জন্য এমন স্থান নির্বাচন করেছেন।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল আলিম এ বিষয়ে বলেন, ‘ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে সেতু নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। আগামী সময়ে বরাদ্দ পেলে সংযোগ সড়কও নির্মাণ করা হবে।’ বাঘাইছড়ি ছড়ার ওপর নির্মিত সেতুটির ঠিকাদার প্রমা এন্টারপ্রইজের স্বত্বাধিকারী মো. বেলাল হোসেনও সংযোগ সড়কের জন্য বরাদ্দ ছিল না বলে জানান। তিনি বলেন, ‘কার্যাদেশে সংযোগ সড়কের কোনো উল্লেখ ছিল না। তবু আমি নিজের টাকায় সেতুর দুই পাশের রাস্তায় মাটি ফেলেছি।’ বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘সামনে বরাদ্দ এলে সংযোগ সড়কের জন্য প্রকল্প হাতে নেওয়া হবে।’